আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ভয় জিনিসটা আপনা থেকে আসে, আর সাহসকে টেনে এনে সঞ্চয় করতে হয়। মেষ রাশিগতভাবেই নির্ভীক। তবুও তাঁকে অনুরোধ করি, চলতি সপ্তাহে তিনি যেন তাঁর ভয় ও সাহসকে বিশ্লেষণ করে দেখেন। এই বিশ্লেষণের মাধ্যমেই তাঁর মনে আসবে নতুন সাহসের বার্তা।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমার ছেলের বন্ধু মাহবুব চমৎকার কবিতা ও গান লেখে। সেদিন সে কয়েকটি লাইন আমাকে মোবাইল বার্তায় জানিয়েছে: ভালোবাসা একটি সাদা গোলাপ, কিন্তু হৃদয়ে প্রবেশ করলেই সে রক্তাত্ত হয়ে যায় (অর্থাৎ লাল গোলাপ)। যাঁরা কবিতা ও গান ভালোবাসেন, আমার মতে তাঁরা দীর্ঘজীবী হন।... প্রিয় বৃষ, আপনাকে কিছু চিন্তার খোরাক দিলাম।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আজকাল আমার গান লেখা কম হয়। তবু মাঝে মাঝে লিখি। সম্প্রতি লিখলাম: তখন সামনে ছিল অনন্ত সময়, হৃদয়ের মাঝে ছিল ভালোবাসা; তখন পৃথিবী ছিল বড়ই আপন, এই মনজুড়ে ছিল গভীর আশা। পড়ে দেখুন, চলতি সপ্তাহে এ রকম কোনো কথা মনে আসে কি না!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কোন কথাটা এখন বলতে হবে, আর কোনটা পরে বললেও চলে ভালো করে ভেবে দেখুন। একটা শক্ত কথা তাৎক্ষণিকভাবে উচ্চারণ করে ফেললে অনেক সময় তা বিপত্তির কারণ হতে পারে। পরে আপনি ভাবতে পারেন: আহ্, এই কথাটা এখন না বললেও তো চলত। চলতি সপ্তাহে প্রিয় কর্কট, আমার বার্তাটি সম্পর্কে ভেবে দেখবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আজ থেকে আগামী সাত দিন আপনার নীতি ও কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রকৃষ্ট সময়। এখন একটু ধীরে চলাই ভালো। তা যদি হয়, তাহলে আপনি নির্ভুলভাবে এগিয়ে যেতে পারবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
পুনরাবৃত্তি করে বলি, নিজের জন্য একটু চোখের জল ফেলার অধিকার সবারই আছে। তবে এখানে আত্মকরুণার কোনো প্রশ্ন ওঠে না। আর আমি মনে করি, ভোররাতের দুফোঁটা অশ্রুর চেয়ে পবিত্র আর কিছু নেই। এভাবে আমার কথার সঙ্গে আপনার চিন্তা মেলানো যায় কি না, দেখুন। সপ্তাহ শুভ!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
মানুষ যখন স্থির বিশ্বাস নিয়ে একটা আদর্শকে সামনে রেখে অগ্রসর হয়, তখন তার মধ্যে ক্লান্তি বলে আর কিছু থাকে না। নির্দিষ্ট সময়ে সে তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। চলতি সপ্তাহে তুলা নারী-পুরুষের জন্য কথাটি সত্য হয়ে উঠবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
কাজ করুন, নিজেকে বিশ্রাম ও বিনোদন লাভের সুযোগও দিন। এর ভেতর দিয়ে আপনি মসৃণভাবে আপনার সাপ্তাহিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। জয় হোক আপনার।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার চলতি সপ্তাহটা প্রধানত প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠে আলো খুঁজে নেওয়ার সাতটি দিন। আপনি রাশিগতভাবেই সাহসী। এ সাহসটাকে নতুন করে কাজে লাগান।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
নিয়মিত গান শোনার চেষ্টা করুন। আপনি তো জানেন, সংগীত মানুষের মনকে শুদ্ধ, সুন্দর ও পবিত্র করে। টিকে থাকার শক্তি দেয়।... পাঠক, এই কথাটির বৈজ্ঞানিক ভিত্তি আছে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
জীবন ও শিল্প থেকে রুচির বিয়োগ ঘটলে তা মর্মান্তিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কুম্ভ সুরুচির জন্য খ্যাত। তবুও চলতি সপ্তাহে ওপরের কথাটি তাঁকে ভেবে দেখতে বলি।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহে আর যা-ই করুন, দুশ্চিন্তা ম্যানুফ্যাকচার করতে যাবেন না। অযথা দুশ্চিন্তা করলে শুধু মনের শক্তিক্ষয়ই সার হবে। আর পেছনে তাকিয়ে দেখুন এ পর্যন্ত যত দুশ্চিন্তা আপনি করেছেন তার ৯০ শতাংশই বাস্তবে সত্য হয়নি। কথাটা যেকোনো রাশির নারী ও পুরুষের জন্যই প্রযোজ্য। শুভ হোক সবার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী