আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে আপনি আছেন টায় টায় আপনার রাশির ভর অর্থাৎ সংখ্যা ৬-এর ঘরে। এ সপ্তাহে আপনার ঘুমগুলো হবে গাঢ়। ফলে, আপনি স্বপ্নে কিছু দেখলেও তা মনে করতে পারবেন না। নিজেকে তাজা মনে হবে। কর্মস্পৃহা বা কাজ করার ইচ্ছা প্রবল হয়ে উঠবে আপনার মধ্যে। সুখনিদ্রা!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
কলকাতার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া একটি মর্মস্পর্শী গান আছে, শুনে দেখবেন: ‘ভুলে গেছি কবে/ এই পথে যেতে তুমি ছিলে মোর কাছে/ মাধবীর শাখা নতুন কুঁড়িতে ভরা ছিল মনে আছে।’ গানের এই লাইনগুলো সপ্তাহজুড়ে আপনার আপন হয়ে থাকবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
টাকার অনুবাদ করা খুবই সহজ। মানুষের সাফল্য-ব্যর্থতা টাকার অঙ্কে পরিমাপ করা যায়। বিল গেটস বছরে এত হাজার কোটি বিলিয়ন ডলার উপার্জন করেন। এই টাকাটা অর্জনের সুবাদে বিশ্বব্যাপী তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। তাহলে দেখা যাচ্ছে, টাকাই হচ্ছে মানুষের সাফল্যের সূচক। প্রিয় মিথুন, চলতি সপ্তাহে আর যা-ই হোক অর্থকষ্ট আপনার হবে না।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
ভাগ্য জানার উপায় নামে আমার লেখা একটি বই আছে। কর্কট রাশির জাতক সম্পর্কে এতে বলা হয়েছে: এমনিতে এঁরা বেশ ভদ্র, মার্জিত; কিন্তু খেপে গেলে এঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে উদারমনা হওয়া সত্ত্বেও প্রায়ই এঁরা ভুল–বোঝাবুঝির শিকার হন।...আপন বিশ্বাস থেকে এঁদের টলানো খুবই মুশকিল। কর্কটের এই বৈশিষ্ট্য চলতি সপ্তাহে বিশেষভাবে প্রতিভাত হবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ এ সপ্তাহে সাময়িক কষ্টের মধ্য দিয়ে দিন কাটাবেন। একটু ধৈর্য ধরতে পারলে তিনি তাঁর মানসিক এবং দৈহিক আরাম ফিরে পাবেন। শুভ হোক আপনার, প্রিয় সিংহ!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা হিসেবে আপনি প্রবল উচ্চাকাঙ্ক্ষী হলেও অন্যের ক্ষতি করে সামনে এগিয়ে যেতে আপনি চান না। চলতি সপ্তাহে আপনার শ্রমের সঙ্গে যুক্ত হবে এক পরম সৌভাগ্য। এই সাফল্য ধরে রাখার দায়িত্ব আপনার এবং শুধু আপনারই।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বিজয়ের মালা গলায় পরতে হলে মাথাটা সামনে একটু নত করতেই হয়। বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা/ বইল প্রাণে দক্ষিণ হাওয়া/ আগুন জ্বালা...(রবীন্দ্রনাথ)। প্রিয় তুলা, চলতি সপ্তাহে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আপনি চিন্তা ও কাজে বিনয় বজায় রেখে চলুন। জয় হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
প্রিয় ও অপ্রিয় বৃশ্চিক, নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আনন্দে রাখুন—তাহলেই আপনি আপনার চারপাশের মানুষের কল্যাণ সাধন করতে পারবেন। আপনার প্রতি এই আমার দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রাশিবার্তা।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
নিঃসঙ্গ ধনু, তুমি এক সুদূরের অভিযাত্রী। এখনো বহুদূর পাড়ি দিতে হবে তোমাকে। সাফল্য অর্জন ছাড়া তোমার বিকল্প কোনো লক্ষ্য থাকলে চলবে না, ‘ওঠো! জাগ্রত হও! সিদ্ধি অর্জনের পূর্ব অবধি ক্ষান্ত হয়ো না!’
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এত চুপচাপ থাকা মকরকে মানায় না। স্বভাবের বাইরে গিয়ে এতটা নীরব থাকলে তিনি ভুল বোঝার শিকার হতে পারেন। চলতি সপ্তাহে মকরের সৌভাগ্য-দুর্ভাগ্যের অনুপাত হবে ৬০: ৪০।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনি একজন স্বাভাবিক নেতা। বিশাল আত্মবিশ্বাস নিয়ে আপনার যাত্রা। কোনো পদক্ষেপই আপনার ভুল ঘটলে চলবে না। কেননা, আপনার সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অন্য অনেকের সাফল্য-ব্যর্থতা।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহে আপনার মৃদু প্রতারিত হওয়ার যোগ রয়েছে। তবে, চোখ-কান খোলা রাখলে ক্ষতি এড়িয়ে চলতে পারবেন আপনি। আপনার জন্য রইল আমার শুভ কামনা।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী