আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
একজন জ্যোতিষীকে আপনি সমাজের কোন শ্রেণিতে ফেলবেন? তিনি না শিল্পী, না বিজ্ঞানী, না জাদুকরের মতো কোনো বিনোদন সরবরাহকারী। আমি নিজে একটু বেঁচে যাই যেহেতু আমি গান-কবিতা-নাটক লিখি, ছবি আঁকি। প্রিয় মেষ, আপনি ও রকম পরিচয়-সংকটে ভুগবেন বলে আমি মনে করি না। নিজের একটি বা দুটি পরিচয়েই আপনি উজ্জ্বল হয়ে থাকবেন সারা জীবন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
‘ও সজনী হায়, তোমার মতো সুজন কজন আছে…/…যাও বা এক মন ছিল—তোমার দয়ায় তাও রইল না (জটিলেশ্বর মুখোপাধ্যায়)’। প্রিয় এবং অপ্রিয় বৃষ, চলতি সপ্তাহে এই গানটি আপনাকে শুনে দেখতে বলি। দেখুন তো, আপনার বর্তমান মনের অবস্থা এই গানটির সঙ্গে যায় কি না।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সংগীতজ্ঞ লাকী আখান্দ্ একজন আন্তর্জাতিক শিল্পী। আমার লেখায় তাঁর একটি অবিস্মরণীয় গান আছে। গানটি আজও প্রচারিত হতে পারেনি: বিশ শতকের যন্ত্রণা ভরা মন, কোন গান শুনে জুড়াবে তোমার জ্বালা, আজ আকাশের নীল রং গেছে ঢেকে, শুরু হয়ে গেছে বিয়োগান্তক পালা।...এই গানটির সঙ্গে প্রিয় বৃষ, আপনি মিলিয়ে নিন আপনার চিন্তা, চেতনা ও ভাবনাকে। শুভ হোক!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আমার নতুন লেখা একটি সাধারণ গানের কয়েকটি লাইন আপনাকে নিবেদন করি: সারাটা আকাশ জুড়ে/এখনো কিছুটা কালো,/আর/আমার দুচোখ দেখি/অসময়ে দুই ফোঁটা/অশ্রুতে টলোমলো। আপনারও অবস্থা আমার মতো হবে বলে মনে হয় না। তাহলেও নিজের সঙ্গে মিলিয়ে নেবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
খেলাঘর বাঁধতে লেগেছি/আমার মনের ভিতরে।...(রবীন্দ্রসংগীত) এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রতি আমার সাপ্তাহিক বার্তা। খুঁজে নিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আকাশের সময়টা এখন ভালো নয়, যখন তখন মেঘ করে, বৃষ্টি হয়...এই আকাশটি আপনার মনের আকাশও হতে পারে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আই ক্যান ফরগিভ বাট হাও ক্যান আই ফরগেট? ফরগেটিং ইজ নট ইন মাই হ্যান্ডস। অন্যায়কারীকে ক্ষমা হয়তো করে দেওয়া যায়, কিন্তু তার অপরাধ ভুলে যাব কেমন করে? ভুলে যাওয়াটা তো আমার হাতে নেই। অপস্মৃতি আপনা থেকে চলে গেলে যাবে, না গেলে কার কী করার আছে?
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বাঙালি সহজেই উত্তেজিত, সহজেই ক্ষিপ্ত; নিমেষে জ্বলে উঠে নিমেষেই পুড়ে ছাই। আমি বাঙালি কাজেই আমিও এই নিয়মের বাইরে নই। প্রিয় পাঠক, আপনার নিজের সঙ্গে ওপরের কথাগুলো মিলিয়ে নিন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
যদি জানতেম/আমার কিসের ব্যথা/তোমায় জানাতাম…/কে যে আমায় কাঁদায়/কে যে আমায় কাঁদায়/আমি কি জানি তার নাম…
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আদিকালে লেখা আমার একটা গানের কটি লাইন আপনাকে উপহার করি: ঘুমিয়ে পড় সাথি আমার, ব্যথা মুছে নাও, আসবে ফিরে সুখের দিন, নীরবে ঘুমাও।…(সৈয়দ আবদুল হাদী/লাকী আখান্দ্)। প্রিয় এবং অপ্রিয় মকর, চলতি সপ্তাহে আমার গানের এই লাইনগুলো বোধ হয় আপনার সঙ্গে মিলে যাবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কেউ যখন তার নিজের চিন্তা দ্বারা পদদলিত হয়...তখনই তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলা যায়। প্রিয় পাঠক আপনি জানেন, আমাদের মস্তিষ্ক মাত্রার অতিরিক্ত চিন্তার ভার বহন করতে অক্ষম। নিয়মিত যোগাসন ও মেডিটেশন বা ধ্যানচর্চা করলে যেকোনো মানুষ সহজেই তার নিজের চিন্তার স্রোতকে নিয়ন্ত্রণ করতে পারে। এ সপ্তাহে আপনাকে এ নিয়ে ভাবার সুযোগ দিলাম। আপনার জন্য নিশ্চয় এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আমি এক জ্যোতিহীন দরিদ্র জ্যোতিষী, ধরে আছি ঘন কুয়াশায় তোমার দক্ষিণ হাত; ভয় নেই, তুমি পার হয়ে যাবে এই তুফানি ঝড়ের রাত। এখন তোমার জেগে ওঠার অন্যতম দিন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী