আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
জন্মের দিনটা মনে রাখুন, সালটা ভুলে যান। বয়স গুনে লাভ কী? বয়স মানে হচ্ছে স্বাস্থ্যের একটা বিশেষ অবস্থা। আমি তো কুড়ি বছর বয়সের অকালবৃদ্ধও দেখি। আবার আশি বছরের তরুণও কম নেই। মেষ তারুণ্যের প্রতীক। সে চিরতরুণই থাকুক। (আমাদের মাশরাফি মুর্তজাকে আমি বলি মাশরাফি ‘তরতাজা’)।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমরা যখন অন্যের ভালো-মন্দ নিয়ে ভাবনার গভীরে প্রবেশ করি...তখন নিজের কষ্টগুলো আপনা থেকেই মিলিয়ে যায়। কাজটা সহজ না হলেও এর চর্চা আমাদের মনকে মুক্ত করতে পারে। কাজেই সচেতনভাবে মানুষের প্রতি সহমর্মিতা বাড়ান এবং খুব খুব আনন্দে থাকুন। আর শুনুন, বৃষ হিসেবে আপনার গলার আওয়াজ ভালো হলেও এ সপ্তাহে আপনি আওয়াজদূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
রাশিফলের মধ্যে প্রায়ই আমি কবিতা ও গানের লাইন উদ্ধৃত করি। কারও কারও কাছে সেগুলো দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু আমি কী করব, আমি যে পাঠকের মেধাকে খাটো করে দেখতে শিখিনি! চলতি সপ্তাহে আপনার ভাবনার সঙ্গী হোক রবীন্দ্রনাথের এই গানটি: জীবনে পরম লগন কোরো না হেলা/কোরো না হেলা হে গরবিনী।/বৃথাই কাটিবে বেলা, সাঙ্গ হবে যে খেলা...
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মানুষের অন্তঃকরণ বা অন্তরের চেহারা প্রতিফলিত হয় তার বাইরের চেহারায়। এরই জন্য একজন মন্দ মনের অধিকারী সুদর্শন নারী কিংবা পুরুষও আমাদের শ্রদ্ধা-ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারেন। চলতি সপ্তাহে প্রিয় কর্কট, কারও কথায় ও কাজে সহজে প্রভাবিত হওয়া আপনার উচিত হবে না। নিজের তীক্ষ্ণ বিবেক-বুদ্ধিটা প্রয়োগ করুন, সুফল পাবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
যদি প্রাণী হিসেবে বিচার করি...তো তথাকথিত ‘পশুরাজ’ পুরুষ সিংহের চাইতে কাপুরুষ ও স্বার্থপর দ্বিতীয়টি নেই (দ্রষ্টব্য: অ্যানিম্যাল প্ল্যানেট/ডিসকাভারি)। তবে সিংহ রাশির মানব-মানবীর ব্যাপারটা আলাদা। সিংহ জাতক-জাতিকা আত্মকেন্দ্রিক হলেও স্বার্থপর নন। নিজ স্বার্থ ত্যাগ করে সিংহ এ সপ্তাহে সবার কাছে এক বিশাল কেন্দ্রীয় চরিত্রে পরিণত হবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে সংগীত হোক আপনার প্রধান সঙ্গী। কোন ধরনের সংগীতের মধ্যে এখন থাকবেন, সে আপনার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। আমি গান লিখি, কিন্তু আমার লেখা এমন কোনো গান নেই, যা এ মুহূর্তে আপনার জন্য সুপারিশ করতে পারি। তাই নিজের পছন্দের তালিকা থেকে উৎকৃষ্ট এবং উপযুক্ত গানগুলো বেছে নিন। আপনার মনে শান্তি আসুক, শক্তি আসুক।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
দিগ্বিজয়ী তুলা তোমার তুলনা তো নাই/তোমার আলোয় আমি যে আজ পথের দিশা পাই।...প্রিয় তুলা, বর্তমান সময়ে সামনে চলতে গিয়ে পুরোনো কোনো ভুলের ফাঁদে পা দেবেন না। তাহলেই আপনি বাড়তি ঝামেলা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে চলতে পারবেন। জয় হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সাধারণকে ছাড়িয়ে যায় বৃশ্চিকের উপমাহীন শক্তি ও সৌকর্য। খাঁটি বৃশ্চিক কখনোই অন্যের চোখে কিছু দেখেন না। তাঁর রয়েছে সত্য-মিথ্যা যাচাই করতে পারার অসম দক্ষতা। চলতি সপ্তাহে বৃশ্চিক তার বৈশিষ্ট্যের প্রতি সুবিচার করে চলতে পারবেন এবং টাকা ও হাততালি...দুটোই কুড়াবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এ কথা সবাইকে স্বীকার করতেই হবে যে বিবাহ একটি ঝুঁকিপূর্ণ কারবার। কিন্তু তাই বলে কি মানুষ বিয়ে করে না, করবে না? এক অর্থনীতিবিদ একবার বলেছিলেন: আমের দাম বেড়েছে, আমে ফরমালিন থাকতে পারে, তাই বলে কি আম না খেয়ে থাকব! আমি উৎসাহ পেয়ে বলি: আগে তো আম খাই, অন্য সব পরে দেখা যাবে। হলিউডের অভিনেতা ওমর শরিফকে উদ্ধৃত করে বলি: আসলে প্রেম ও বিয়ে মানুষ একবারই করে। কথাটা বুঝে দেখা দরকার।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
জনৈক উল্লেখযোগ্য মকর যুবকের প্রতি আমার একটা ছড়া নিবেদন করি: প্রেম করতে মন চায়, বিয়ে করতে না/এই কথাটার মানে আমার/মাথায় ঢোকে না! পাঠক মকর, আমার সঙ্গে একমত হলে ডান হাত তুলুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
শাস্ত্রে আছে, কুম্ভ নারী-পুরুষ যেকোনো ক্ষেত্রে খুব সহজে নেতৃত্বের অবস্থানে চলে আসেন এবং তাঁর চারপাশের মানুষকে প্রভাবিত ও আন্দোলিত করেন। এ সপ্তাহে কুম্ভ এই কথাটার একটা প্রদর্শনযোগ্য প্রমাণ পাবেন আশা রাখি।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সব মানুষ এক রকম হবে না, হয় না; তারপরও বলা যায়, মীন নারী-পুরুষ ভালোবাসার ক্ষেত্রে গড়পড়তায় একটু বেশি আকর্ষক হয়ে থাকেন। কোনো মীন কষ্ট পেলেও অন্যরা সহজেই তার জন্য কাঁদে। এ সপ্তাহে ব্যাপারটা একটু ভিন্ন হবে: এক মীন হাসবেন, অন্যরা সবাই তাঁর হাসি দেখে কাঁদবে। বিশ্বাস হলো না? দাঁড়ান, চলতি সাতটা দিন যাক।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী