আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
শিল্পী তো আগে আগে যায়, সুরকার হাঁটে ধীর পায়; গীতিকার গুঁতো খেয়ে/ ধুলিতে লুটায়। গীতিকার যে স্বেচ্ছায় নিজের গলায় চাপাতি চালায়...সে ব্যাপারে চিল্লাচিল্লি করলেও করা যেতে পারে, তবে তাতে কোনো লাভ নেই। এ সপ্তাহে কোনো গান শুনলে লেখকের নাম সম্পর্কে দয়া করে একটু কৌতূহলী হবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চুল ছেঁড়ো, মাথা কোটো/ কোনো লাভ নেই, কপালে যা আছে তা/ ঘটে যাবেই। এই কথাগুলো আমি কিন্তু আপনাকে বলছি না। আপনার জানা উচিত, আমি ওই ভাবে ভাগ্যে বিশ্বাসী নই। ক্রমিক চেষ্টা চালিয়ে গেলে আপনি যেকোনো কাজেই সফল হবেন...এই কথা প্রায় নিশ্চিতভাবে বলা যায়।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কেউ কেউ বলেন: স্যার, আপনি এমন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন কেমন করে? আমার উত্তর: নিঃসঙ্গ কোথায় দেখলেন আমাকে! আমার একটি সুবর্ণ সন্তান আছে। সে আমাকে তার বুকে ধরে আছে। আর আছে আপনার মতো আমার অজস্র পাঠক নিয়ে গড়ে ওঠা এক নিঃশব্দ কোলাহলে মুখর পৃথিবী। প্রিয় মিথুন, নিজেকে কখনোই একা ভাববেন না। আপনার সব আছে, সবাই আছে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আপনি জানেন, ইংরেজরা মূলত একটি কৃপণ জাতি। মন খুলে কারও প্রশংসা করলেও যেন তাদের পয়সা খরচ হয়ে যায়। আপনি চমৎকারভাবে একটা কাজ করলেও তা দেখে একজন ইংরেজ অতি সংক্ষেপে বলবে: নট ব্যাড। যার অর্থ মন্দ নহে। স্কুলজীবনে নরেশ বাবু স্যার আমাদের হোমওয়ার্ক খাতায় ওই দুটি শব্দ লিখতেন। প্রিয় পাঠক, চলতি সপ্তাহে কেউ আপনাকে এভাবে ঘুরিয়ে প্রশংসা করলে আপনার মন যেন দমে না যায়।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ নারী ও পুরুষ এখন অন্য একটি শুভ পরিবর্তনের বৃত্তে প্রবেশ করেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শুনবেন: দূরের মানুষ কাছে এসো, শুনবে যদি আমার গান...। এগিয়ে চলার দিন এসেছে তাই এত সংঘাত। বার্তাটি পড়ে বুঝে নিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
দুনিয়াতে ভালো মনের মানুষ যেমন আছেন, তেমনই আমার মতো ফরসা কাপড় পরা ময়লা মনের মানুষও কম নেই। তাই বলে কি আপনি আমাকে দেখে নাক সিটকাবেন, চোখ ফিরিয়ে নেবেন? আরে বোন অ্যান্ড ভাই, শতভাগ বলে তো কিছু নেই। ভালোমন্দ মিলিয়েই মানুষ। কাজেই প্লিজ অ্যাপ্লাই ইওর বুদ্ধি। তা না হলে ধোঁকা খাবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ঘ্যাট ঘ্যাট ঘ্যাট ঘ্যাট/ ওই আসে ভ্যাট। কেউ বলে ভেরি গুড/ কেউ ভেরি ব্যাড। প্রিয় অ্যান্ড অপ্রিয় তুলা, বুঝে বুঝে পা ফেলুন, ঘাবড়ানোর কিছু নেই। বৈতরণি পার হয়ে যাবেন ইনশা আল্লাহ।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বিভিন্ন সময়ে কিছু তরুণ-তরুণী আমার কাজে সাহায্য করেছে। এদেরই একজন ছিল রোগা পটকা চেহারার অতি ভদ্র কিশোর বাবলু। একদিন রাস্তায় বের হয়ে বললাম: বাবলু, একটা ট্যাক্সি ধর তো। ও অমনি একটা চলন্ত ট্যাক্সির দিকে ওর রোগা হাতটা নেড়ে চেঁচিয়ে বলল: অ্যাই খালি! নিন, বুঝুন অবস্থাটা। ট্যাক্সিচালক চোখ লাল করে তাকিয়ে চলে গেলেন। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে উল্টোপাল্টা কিছু ঘটলে মাইন্ড ব্যাড করবেন না।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সে যুগের চলচ্চিত্র নির্মাতাদের নিশ্চয়ই কল্পনাশক্তির ঘাটতি ছিল। আর, সে জন্যই তাঁরা কাঠখোট্টা বাস্তবকে অনুসরণ করে ছবি করতেন। এঁরা রং ছড়াবেন কোথা থেকে, মাথার ভেতর রং থাকলে তো ! পরবর্তীকালের ঘটনা ভিন্ন। এখন নায়কেরা মাটি ফুঁড়ে রকেটের মতো ওপরের দিকে চলে যান। নায়িকারা নীল সমুদ্রে স্পিডবোটের ওপর দাঁড়িয়ে ধেই ধেই করে নাচেন। জোর কল্পনাশক্তির বহিঃপ্রকাশ। চলচ্চিত্র নির্মাণ করব এমন স্বপ্ন ছেলেবেলা থেকেই ছিল। আর এখন? এখন আমি ওসব চিন্তা বাদ দিয়েছি। ধনু, আপনাকে কোনো কাজে নিরুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয়। যেটা আপনার মন চায়, সেটাই করুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
ছোটবেলায় শোনা শ্যামল মিত্রের ভারি সুন্দর একটা গান আছে: সেদিনের সোনাঝরা সন্ধ্যা/ আর এমনি মায়াবী রাত মিলে/ দুজনে শুধাই যদি তোমারে কী দিয়েছি/ আমারেই তুমি কী বা দিলে।... প্রিয় মকর, গানটা শুনুন, একটানে মন চলে যাবে বহু বহু দূরে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চোখের আড়াল হলেই যে মনের আড়াল হবে...এ কথা আমি মানি না। আমি বলি, কেবল সময় হারানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস দূরে সরে যেতে পারে...মানুষ, স্মৃতি...ইত্যাদি এবং ইত্যাদি। প্রিয় কুম্ভ, আপনি আমার সঙ্গে নাও যদি একমত হন, তাহলেও আমার কথাটা ভেবে দেখবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
শুধু মীন বলে কথা নয়, এমন অনেকেই আছেন...যাঁরা নিজ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলেন। নিজেকে প্রকৃত আকারের চাইতে ওপরে দেখাতে চান। এটা করতে গিয়ে তাঁরা অনেক সময় অন্যের আবেগকে আহত করেন। আবার বলি, সব মীন একরকম হন না, হবেন না।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী