আপনার রাশি

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
একজন আমাকে বার্তা পাঠিয়ে জানতে চান, আমার মনের আকাশে কিছু মেঘ জমেছে কি না। আমি জবাব দিই: মনের আকাশ থাকলে তো মেঘ জমার প্রশ্ন। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনি যদি আমার মতো এ ধরনের প্রশ্নের সম্মুখীন হন, তাহলে একটা কিছু উত্তর দিয়ে দেবেন। দ্রুত এবং লাগসই উত্তর দেওয়ায় মেষ-এর সুনাম আছে।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমার মতো আপনারও দৈনিক পানি পানের মাত্রা ঠিক করে দেওয়া আছে কি না জানি না ! পুষ্টিবিজ্ঞানী মাহফুজা আফরোজ সাথীকে আমি বার্তা পাঠালাম: প্রাণভরে পানি পান হয়েছে বারণ, ডাক্তার জানে তার আসল কারণ। খাদ্য বিষয়ে ডাক্তারদের নিষেধাজ্ঞা আমার কাছে খুব নিষ্ঠুর লাগছে, যদিও জানি নিষেধাজ্ঞা পালন করলে আমার লাভ ছাড়া ক্ষতি নেই। আপনিও কথাটা ভাবুন।
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
আমার কল লিস্টে কিছু ভালো ভালো পুষ্টি ও চিকিৎসাবিজ্ঞানীর নাম আছে। এঁরা খুব ভালো মানুষও বটে। প্রয়োজনীয় জবাব দিয়ে এঁরা আমাকে উপকৃত করেন। যেমন, একজন দাঁত-ব্যথার চমৎকার একটি টোটকা দিয়েছেন—পেয়ারাগাছের পাতা পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচা করা। এতে ব্যথার উপশম হয়। প্রিয় মিথুন, আশা তো করি আপনার দাঁতের সমস্যা নেই; তবুও জ্ঞানটা আপনার প্রতি ফরোয়ার্ড করলাম। কাজে লাগলেও লাগতে পারে।
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
একজন আমাকে বার্তা পাঠিয়েছেন: জীবনের কাছে মানুষ কী আশা করে ? আমার উত্তর : জীবনের কাছে মানুষ আসলে যা চায় তার নাম হচ্ছে আনন্দ। প্রিয় কর্কট, ভেবে দেখুন আপনি আমার সঙ্গে একমত হতে পারেন কি না। একমত হয়ে থাকলে আমি হব আনন্দিত।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আমি মনে করি, প্রতিটি মানুষের জন্য কিছুটা হলেও বিজ্ঞান শেখাটা বাধ্যতামূলক করা উচিত। বিজ্ঞান জানলে জীবনের প্রতি আমাদের দৃষ্টি স্বচ্ছ হয়। লেখক হিসেবে আমার দুর্ভাগ্য, আমি বেশি বিজ্ঞান জানি না। সিংহ নারী-পুরুষের আছে একটি সহজাত বিজ্ঞানপ্রিয় মন। তাঁরা যা কিছু গ্রহণ করেন, বিজ্ঞানের আলোয় যাচাই করে নেন। এ জন্যই বোধ হয় হন সিংহ উৎকৃষ্ট নেতা। বৈজ্ঞানিক দৃষ্টি থাকার ফলে সিংহের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
পুনরাবৃত্তি করে বলি: আই ক্যান ফরগিভ বাট হাউ ক্যান আই ফরগেট ? চিন্তাভাবনা করে দোষীকে ক্ষমা করে দেওয়া হয়তো যায়, কিন্তু তার অপরাধটা ভুলে যাওয়া তো কারও নিজের ইচ্ছার ওপর নির্ভর করে না। প্রিয় কন্যা, কারও অপরাধ আপনি ক্ষমা করে দিলেন, তবে ভুলতে পারলেন না, এতে দোষের কিছু নেই। চলতি সপ্তাহে আপনি নিজের মতো করে চলুন।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
মনে রাখবেন, অতীত যে স্মরণে আসে সেটা খুব স্বাভাবিক। তবে, অতীতের মধ্যে বসবাস করাটা সবার জন্যই ক্ষতিকর। বর্তমানের মধ্যে থাকুন এবং ভবিষ্যতের কথা ভাবুন।
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আমার কিশোর বয়সে শোনা গীতা দত্তর গাওয়া অসাধারণ সেই গানটি খুঁজে নিয়ে শুনবেন: ভুলিতে যে পারি না/ এভাবে আসা-যাওয়া/ মনে হয় কাছে রাখি/ যদি না যায় পাওয়া।।
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আনন্দে থাকুন, আনন্দ দিয়ে কষ্টকে ক্রমাগত মুছতে থাকুন। তাহলে দেখবেন, কষ্ট আপনার মনের স্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না। আমার কাছে আনন্দ মানেই একখানা শাণিত অস্ত্র।
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মহৎ লোকেদের জীবনী আমাদের জন্য সাহস, উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হতে পারে। যাঁরা জীবনীগ্রন্থের নাম শুনলে নাক সিঁটকান, তাঁরা খাঁটি আনন্দ লাভ করা থেকে নিজেকে বঞ্চিত করেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
বুদ্ধদেব বসু (বুদ্ধদেব গুহ নন) ছেলেবেলা থেকেই আমার খুব প্রিয় একজন লেখক। তিনি ভালো কবিও ছিলেন। তাঁর তিথিডোর উপন্যাসটি আমার সারা জীবনের সঙ্গী। এ বইটি পড়া না থাকলে যত দ্রুত সম্ভব পড়ে নিন। এটা পড়া হয়ে গেলে আপনার সঙ্গে আমার অনেক কথা হবে। শুভ হোক !
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কিছু আত্মকেন্দ্রিক মানুষ আছেন, যাঁদের সারা জীবন কাটে আমি-আমি করে। রবিঠাকুরের কথায়: আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। প্রিয় মীন, আপনাকে আমি আত্মকেন্দ্রিক মানুষ হিসেবে চিহ্নিত করতে চাই না। আপনি নিজের এবং অন্যের বিকাশের ব্যাপারে অবদান রাখুন—এই আমার আহ্বান।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী