আপনার রাশি

মেষ
২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
প্রিয় মেষ, আপনার আজকের রাশিফলে প্রথমেই একটা বাংলা অনুবাদসহ উর্দু শের নিবেদন করি (প্রেমিকা প্রেমিকের উদ্দেশে বলছে): আব মুঝে ইজাজাত দিজিয়ে/ মাহালতে হ্যাঁয় বিছাড়নেকি দার্দ/ মিলনে কি উম্মিদসে বরাবার। এখন আমাকে বিদায়ের অনুমতি দিন, প্রতিবার বিচ্ছেদের জ্বালা সয়ে যাই, পুনর্বার মিলনের আশায়। ঘাবড়ানোর কিছু নেই, এই কাব্যটির সঙ্গে আপনার চলতি সপ্তাহের রাশিফলের কোনো যোগ নেই। শুধু কবিতার সৌন্দর্য ভাগ করে নেওয়ার জন্যই এটি আপনাকে উপহার দেওয়া। চলতি সপ্তাহে আপনার ৮০ ভাগ শুভ দেখতে পাই।
বৃষ
২১ এপ্রিল-২১ মে। ভর # ১
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আমার লেখা ভাগ্য জানার উপায় বইটি আপনার সংগ্রহে আছে কি না, জানি না। এতে আপনি মজাদার কিছু বিষয়ে লিখিত ছোট ছোট অধ্যায় পাবেন। একটি হচ্ছে, ফিজিওনমি বা চেহারা দেখে মানুষ চেনার উপায়। অন্য একটি অধ্যায়ে আছে, ভাগ্যের ওপর খাদ্যের প্রভাব। এমনই বিচিত্র আরও কিছু বিষয় আপনি খুঁজে পাবেন বইটিতে। এখানে এই সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত লেখার অবকাশ নেই। আগ্রহ থাকলে আপনি খুঁজে নিয়ে পড়ে দেখবেন। বাকি কথা পরে হবে।
মিথুন
২২ মে-২১ জুন। ভর # ৬
হয়তো লক্ষ করেছেন, মাঝে মাঝে আমি লিখি: পৃথিবীতে কোনো দুজন মানুষ এক নয়, এমনকি একই রাশিভুক্ত যমজ ভাইবোন হলেও না। কাজেই ভেবে দেখুন, রাশি এক হলেই কি তেমন কিছু যায় আসে? আপনি আপনার ইতিপূর্বের জ্ঞানকে সংশোধন করে নিন। আপনার রাশিতে যদি শত শত মানুষও থাকেন, তাঁরা কিন্তু একে অপরের চেয়ে ভিন্ন। ভাবুন, আমার কথাগুলো যাচাই করে নিন।
কর্কট
২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট রাশির এক মহান পুরুষ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেলসন ম্যান্ডেলা। গত ১৮ জুলাই পার হলো তাঁর শততম জন্মবার্ষিকী। এই ব্যক্তি সম্পর্কে জানলে আপনি নিজের সম্পর্কেও জানতে পারবেন। পড়ুন এবং জানুন।
সিংহ
২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ছোটবেলায় আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জনৈক অকালপ্রয়াত ছাত্রের ডায়েরি থেকে সংকলিত একটি বাক্য পড়েছিলাম: বন্ধুত্বে স্বার্থপরতার স্থান নেই। আমি সারা জীবন এই কথাটিতে বিশ্বাস করে চলেছি। সিংহ আত্মকেন্দ্রিক হলেও স্বার্থপর মোটেও নন। অন্যের ব্যাপারে তিনি নাক গলাতে যান না। তবে স্বার্থহীনভাবে মানুষকে তিনি সাহায্য করেন। প্রিয় সিংহ, নিজের সঙ্গে আমার এই কথা মিলিয়ে নিন।
কন্যা
২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সবাই বলছে, আমিও ভাবছি, নতুন কিছু গান লিখব। সেই গানগুলো কে সুর করবে, কে গাইবে—সেসব চিন্তা পরে। প্রিয়, সংগীতপ্রিয় কন্যা, আমার নতুন গানের অপেক্ষা করার দরকার নেই। নতুন সৃজনশীল ভাবনায় নিজেকে সিক্ত করুন।
তুলা
২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার ভার্টিগো কিংবা মাথা ঘোরার উপসর্গ থাক বা না থাক, এর জন্য একটা টোটকা আপনাকে জানিয়ে দিই: গভীর ঘুম, পেটে গ্যাস না থাকা, নিজে করার দু-একটি ফিজিওথেরাপি এবং এর সঙ্গে ডাক্তার যদি কোনো ওষুধ দেন তো সেই ওষুধ খাওয়া। এতে মাথা ঘোরার উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রিত হবে। পরীক্ষা প্রার্থনীয়। চলতি সপ্তাহ আপনার বেশ ভালো কাটবে।
বৃশ্চিক
২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক রাশির দুটি মেয়েকে আমি জানি, একজনের নাম জেইন গুলশান, অন্যজনের নাম অধরা মাধুরী পাল। এঁদের সঙ্গে আমার মুখোমুখি পরিচয় নেই। তবু এই দুজনের নামে বর্তমান রাশিফলটি লিখছি। চলতি সপ্তাহে আপনি দারুণ সাফল্য ও আনন্দ পাবেন। মিলিয়ে নিন।
ধনু
২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ছাদ কেড়ে নিয়ে আকাশ করেছ দান, তোমার জন্য লিখে যাই আমি/ ধন্যবাদের গান। আপনার জীবনের সঙ্গে এর কোনো মিল থাক বা না থাক, আমার লেখা লাইন কটি মন দিয়ে পড়বেন, এই আমার অনুরোধ।
মকর
২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া পুরোনো একটি গান আমার মনকে দোলা দেয়: এমন আপন কেউ হবে/ এ কথা কখনো ভাবিনি তো… আকাশে ঘনালে অমানিশা/ তারা হয়ে কেউ দেবে দিশা…এ কথা কখনো ভাবিনি তো।… দেখুন তো, এই গানটির সঙ্গে আপনার নিজের কোনো মিল খুঁজে পান কি না !
কুম্ভ
২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আমার প্রিয় গানের তালিকায় আছে ফিরোজা বেগমের গাওয়া নজরুলের একটি গান: দূর দ্বীপবাসিনী/ চিনি তোমারে চিনি…আগে শুনে থাকলেও এই গানটি আপনাকে আবার শুনতে অনুরোধ জানাই।
মীন
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মহান শিল্পী মান্না দের বিখ্যাত একটি গানের মাঝখানে আছে, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল/ তুমি ছিলে শুধু রং করা পুতুল। গানের প্রথম লাইন, তুমি নিজের মুখে বললে যেদিন। গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়। ভাবুন তো, কী অসাধারণ এসব গানের বাণী। শুনে দেখুন, মন আন্দোলিত হয় কি না।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী