আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

মেষ, সিংহ এবং ধনু যেন একই ক্লাসের ছাত্রছাত্রী। তারা একই লম্বা বেঞ্চে বসে। তবে তাদের চেহারা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য এক নয়। ধনুর দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে বলছি প্রিয় মেষ, চলতি সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এ সময়ে সিংহ ও ধনুর সঙ্গে আপনার জরুরি কিছু ইন্টারঅ্যাকশন ঘটবে। এ থেকে তিনজনই কম-বেশি লাভবান হবেন। তাহলেও আপনার জন্য সতর্কবাণী এই যে, চলতি সাত দিনে কারও সঙ্গে আপনি প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত হবেন না।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

চলতি সপ্তাহ থেকে সৃজনশীল বৃষ-র মাথায় নতুন কিছু ভাবনা এসে উঁকি মারবে। এই ভাবনাগুলো তার পেশাগত জীবনের যেকোনো দিক থেকে হতে পারে—শিল্পচর্চা, ব্যবসায়, চাকরিক্ষেত্র ইত্যাদি। বিশেষত শিল্প ও কৃষি ব্যবসায় নিয়োজিত বৃষ নারী-পুরুষ এ সপ্তাহে তাঁদের ভাবনা ও পরিকল্পনায় নিখুঁত হয়ে উঠতে পারে। তাহলে প্রিয় বৃষ, বসে পড়ুন নোটপ্যাড ও কলম নিয়ে। লিখতে থাকুন আপনার জরুরি পয়েন্টগুলো। জয় হোক!

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

২০ ভাগ ব্যথা এবং বাকিটা আনন্দে কাটবে আপনার চলতি সাতটি দিন। আনন্দের অংশে বেশির ভাগটাই থাকবে পয়সাঘটিত। এ রকম হলে আর তো বাড়তি কিছুই চাওয়া আপনার জন্য উচিত হবে না। শুনে লজ্জিত হওয়ার কিছু নেই। টাকাপয়সা আমিও ভালোবাসি। লোকে বলে, টাকা দিয়ে সুখ কেনা গেলেও শান্তি কেনা যায় না। আমি বলি, টাকা থাকলে শান্তি স্টোরসে শান্তিও কিনতে পাওয়া যায়।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

চন্দ্রের সঙ্গে কর্কটের রয়েছে নিবিড় সংযোগ। সম্পর্কটা বুঝতে হলে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ভাগ্য জানার উপায় বইটি হাতে নিয়ে পৃষ্ঠা ওলটাতে থাকুন। চলতি সপ্তাহে কর্কট শিল্পী, শিল্পপতি/ব্যবসায়ী ও ক্রীড়াবিদের জন্য বিশেষভাবে শুভ। অবশিষ্ট কর্কট নারী-পুরুষও কম-বেশি লাভবান হবেন।…সময়  থাকতে সঞ্চয়ের দিকে মন দিন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিংহের দেহমনে এ সপ্তাহে একটা ক্লান্তির ভাব দেখা দিতে পারে। তবে ওটা তেমন কিছু নয়। আপনি জানেন, পশুরাজ সিংহ (সিংহী) ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ভেঙে ২০ ঘণ্টাই ঘুমিয়ে কাটায়। কিন্তু শিকার দেখামাত্র নিমেষে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আপাতদৃষ্টিতে সিংহকে অলস মনে হলেও সেটা একটা বিরাট ভুল।...প্রিয় সিংহ, চলতি সাত দিনে আরও খানিকটা শক্তি সঞ্চয় করে নিন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

ভোর রাতের দুফোঁটা নিঃশব্দ অশ্রুর চেয়ে পবিত্র আর কিছু নেই। নিজের জন্য একটু কাঁদবার অধিকার সবারই আছে। আপনারও আছে। কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী লাকী আখান্দের সুরে টিভিতে আমার লেখা একটি গান গেয়েছিলেন: রবিঠাকুরের গান গাই প্রাণভরে, প্রাণভরে। সেই গানে যদি সান্ত্বনা কিছু আনে/ আমার বেদনা মুছে যাবে নিঃশেষে।…নিজের পছন্দ অনুযায়ী গান বেছে নিয়ে মন দিয়ে শুনতে থাকুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, দিগন্তে মেঘ, বিদ্যুতের চ্ছটা। প্রিয় অপ্রিয় জনপ্রিয় তুলা, সামনেই আপনি দেখতে পাবেন আপনার আকাশ পুনরায় নীল হয়ে উঠেছে। তাহলে আর এত ভাবনার কী আছে? কল্যাণ হোক আপনার!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

মেঘ ও রৌদ্র আপনার আকাশে এ সপ্তাহে লুকোচুরি খেলবে। কাভি খুশি, কাভি গাম। খানিকটা বেদনা, খানিকটা হাসি। হাসি এসে আপনার বেদনাকে মুছে দিক।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

দেশে দেশে মোর দেশ আছে/ আমি সেই দেশ লব খুঁজিয়া… (রবীন্দ্রনাথ)। পরের জায়গা পরের জমিন/ ঘর বানাইয়া আমি রই/ আমি তো সেই ঘরের মালিক নই…(কথা ও সুর: আবদুল লতিফ, শিল্পী: আবদুল আলীম)।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

প্রয়াত ভারতীয় সংগিতজ্ঞ আনন্দশংকর একবার বলেছিলেন, বাঙালি এতই কৃপণ যে তার হাততালি দিতেও কার্পণ্য। কথাটার সঙ্গে আমি একমত নই। একে তো ক্লাসিক্যাল মিউজিকের শ্রোতা এমনিতেই কম, তার ওপর সমঝদারেরা সুরের ভেতর ডুবে গিয়ে হয়তো হাততালি দেওয়ার কথাই ভুলে যান। প্রিয় মকর, চলতি সপ্তাহে আপনি মানুষকে প্রচুর আনন্দ দিতে পারবেন, তাদের কাছ থেকে আনন্দ নিতেও পারবেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

তরুণ প্রজন্মের মধ্যে আমাদের দেশে বেশ কয়েকজন শিল্পী আছেন, শিল্পের সব কটি শাখায়ই যাঁদের সমান দক্ষতা রয়েছে। তালিকাটা আমার মতে বেশি দীর্ঘ নয়, এটাই দুঃখের কথা। আমি গান লিখি এবং এই তরুণ কণ্ঠশিল্পীদের মুখ চেয়ে থাকি। নাম ও চেহারা সব সময় মেলাতে পারি না। তা ছাড়া আজকাল আমার গীতিকার পরিচয়টা বেশ খানিকটা আড়ালে চলে গেছে। যাই হোক প্রিয় কুম্ভ, বর্তমান সময়টা বিশেষত কুম্ভ শিল্পীদের জন্য আশার খোলা হাওয়া বয়ে আনবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

এ মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন রাস্তার চৌমাথায়। কোন পথে পা বাড়াবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। ভাবতে সময় নিন, সিদ্ধান্ত ও পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর সামনে পা ফেলুন। ভুল করলে সাফল্য হয়তোবা পরে একটু দূরে সরে যাবে। শুভ হোক!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী