আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।


মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

অতীত যখন মনে পড়ে তখন তা একটা বর্তমানের মতো হয়ে দাঁড়ায়। অতীতের সব স্মৃতি সব সময় মনে পড়ে না, মাঝেমধ্যে নিশ্চয়ই পড়ে। অতীতকে মনে রাখুন। তবে অতীতের মধ্যে বাস করবেন না। বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের পথে চলুন। আজ আপনার জীবনে কিছু জটিলতা আছে, কাল তা থাকবে না। কল্যাণ হোক!

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

সংগীত মানুষকে আনন্দ দেয়, একই সঙ্গে শক্তিও দেয়। সংগীতের সংস্পর্শে থাকার চর্চা করুন। কিছু না হলেও সংগীতের ভালো শ্রোতা হোন। এর সুফল পাবেন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা চেয়েছিলেন, ছেলে প্রকৌশলী হবেন। হেমন্তের জন্মের পর তাঁর মা কিন্তু ডায়েরিতে লিখেছিলেন: আমার ছেলে বড় হয়ে সংগীতশিল্পী হবে। পঙ্কজ মল্লিক ও কে এল সায়গলের চেয়েও বেশি খ্যাতি হবে তার। উত্তর জীবনে এর চেয়েও বেশি কিছু হয়েছিল। হেমন্ত হয়ে উঠেছিলেন ভারতীয় সংগীতের সম্রাট। মায়ের ইচ্ছার সঙ্গে হেমন্তের অন্তরের ইচ্ছা মিলে গিয়েছিল। প্রিয় মিথুন, মায়ের ইচ্ছাকে সম্মান করে চলুন। এতে আপনার লাভ হবে।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

কর্কটের এখন ভালো সময় হওয়ার কথা। মনে কোনো দুশ্চিন্তা থাকলে সেটাকে আমল দেবেন না। উৎসাহ নিয়ে কাজ করে যান। সফল হবেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আপনার জীবনে এখন নতুন গতি আসবে। পেছনের ব্যর্থতাকে ফেলে আপনি এগিয়ে যেতে পারবেন। কাজেই নিজের সাহস ও দৃঢ়তাকে অক্ষুণ্ণ রাখুন। কল্যাণ হোক আপনার।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

এ সপ্তাহে কেউ আপনার মনে আঘাত দিতে চাইলে তা উপেক্ষা করুন। কারও আঘাত যেন আপনার মনকে ভেঙে দিতে না পারে। হাসিমুখে পথ চলুন। শুভ হোক আপনার।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আপনার জয়যাত্রা অব্যাহত থাকবে। সর্ব অবস্থায়ই আপনি সংগ্রাম করে যেতে সক্ষম। নিজের এই সংগ্রামী চেতনাকে বজায় রাখুন। কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না। জয় হোক আপনার।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আমার হিসাবে আপনার এখন দারুণ সুসময়। আপনি তা অনুভব করতে পারবেন। নিজের সুসময়টাকে ভালো করে কাজে লাগান। আমরা আপনার সাফল্য ও কল্যাণ কামনা করি।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

বর্তমানে আপনি সামনের পথের পথিক। অতীতের ব্যর্থতা ভুলে যান। সামনে কী করণীয় আছে, সেটাই বিবেচনা করুন। আপনার অগ্রযাত্রায় আমাদের শুভকামনা রইল।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

সদ্য প্রয়াত সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন মকর রাশির জাতক। একটা সময়ে তিনি আমার বাসায় খুব আসতেন, আড্ডা-গান হতো। একসঙ্গে ঘুরতামও। অবশ্য তাঁর সুরে আমার লেখা কোনো গান নেই। বুলবুলের অনেক মানবিক গুণ ছিল। তাঁর সংগীত প্রতিভার তো তুলনাই ছিল না। বুলবুলকে মনে রেখে বলি: সাফল্য মকর নারী–পুরুষের জন্য একটা স্বাভাবিক ব্যাপার। তাঁরা যেন কথাটি মনে রাখেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে আপনাকে সব রকম জড়তা কাটিয়ে উঠতে হবে। আপনার সামনে এখন অনেক কাজ। এসব কাজের মধ্য দিয়ে আপনি সাফল্য ও প্রতিষ্ঠা পাবেন। এগিয়ে চলুন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

সাদমান সাকিব নামে আমার পরিচিত একটি ছেলে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছেলেটি অত্যন্ত মেধাবী এবং নানা বিষয়ে জ্ঞান রাখে। আমার কাছে আসে প্রায়ই। তার বিনয়টাও চোখে পড়ার মতো। আমার বিশ্বাস, সাকিব জীবনে বহুদূর অবধি যাবে। চলতি সপ্তাহটি মীন নারী–পুরুষের জন্য অত্যন্ত শুভ।