আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
নিজের কথা বলছি। তখন আমাদের ঘরে কোনো টেলিভিশন সেট ছিল না। আমাদের একমাত্র সন্তানটিকে আমরা আমাদের টিভি বলতাম। ওকে নিয়েই কেটে যেত আমাদের সময়। যখন ও খাটের ওপর হামাগুড়ি দিয়ে বলত: ভউ! ভউ! আমি কুত্তা হইচি, তখন আমাদের হাসি ও আনন্দের সীমা থাকত না। প্রিয় মেষ, আনন্দ আমাদের জীবনের চারপাশে ছড়িয়ে রয়েছে। অনেক সময় ওগুলোও খুঁজে নিতে হয়। আনন্দে থাকুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
নজরুল, রবীন্দ্রনাথ—সবাই নারী জাগরণের পক্ষে কাজ করে গেছেন। আজ যখন এই লেখা লিখছি তখন আমরা যাচ্ছি বিশ্ব নারী দিবস পার হয়ে। নারী শব্দটির সঙ্গে নির্যাতন কথাটি যেন আপনা থেকেই চলে আসে। আমার ভাবনা অনুযায়ী, পুরুষ নারীর ওপর নির্যাতন করে এ জন্য যে, অবচেতন মনে সে জানে—নারীর জঠরে তার জন্ম এবং তার অবস্থান নারীর নিচে। এই হীনম্মন্যতা তাকে নারীর প্রতি নিষ্ঠুর আচরণ করতে উদ্বুদ্ধ করে। তবে, চেতনার উন্মেষ ঘটালে পুরুষের মধ্য থেকে নারীর প্রতি অমানবিক ক্রিয়া মুছে ফেলা সম্ভব। অনুরোধ, বিষয়টি ভেবে দেখবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
প্রিয় মিথুন, বর্তমান সময়ে একটা কথা ভালোভাবে মনে রাখবেন—সম্পর্ক ভাঙার চেয়ে সম্পর্ক গড়া এবং বজায় রাখাটাই শ্রেয়। এই দিকটির প্রতি সজাগ থাকতে পারলে আপনার জীবন সফল ও সুন্দর হয়ে উঠবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
অনেক সময়ই ভালোবাসার কোনো সংজ্ঞা থাকে না। রবীন্দ্রসংগীত আমি একভাবে ভালোবাসি, নজরুল অন্যভাবে। এখানে ভালোবাসার কোনো পরিমাপ নেই। নেই কোনো কম অথবা বেশি। প্রিয় কর্কট, আপনার সপ্তাহ সফল হবে—সেটা ঠিক আছে। তবে চলতি সাত দিন আপনি সংগীতের প্রভাবে থাকার চেষ্টা করুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ফারসিতে একটি প্রবাদ আছে: কম খাবে, কম পরবে, বেশি ভাববে। খুবই জরুরি একটি বার্তা। অনেকে তো খাওয়াটাকে একটা কাজ মনে করেন। যেন ওই কাজটা সেরে ফেললেই ঝামেলা চুকে গেল। তবে আমি বলি, খাওয়া-দাওয়ার ব্যাপারে উদাসীন হবেন না। যথেষ্ট খাবেন, যথেষ্ট পরবেন আর বেশি চিন্তাশীল যে হবেন—সে তো বলাই বাহুল্য। সপ্তাহ আপনার ভালো যাবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
লাগাতার ১৪ ধরনের কাজের চর্চা নিয়ে ছুটবেন না। ছুটলে আপনার অবস্থা হবে আমার মতোই করুণ—কোনো কাজেই শীর্ষ সাফল্য আসবে না। কন্যা একটি শক্তিশালী রাশি।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর, আমি আজ বলছি—আমাদের দেশে হবে/ সেই মেয়ে কবে/ রূপে না বড় হয়ে/ গুণে বড় হবে।...নারী ও পুরুষের অন্তরের গুণ তার বাইরের চেহারাটাকে সৌন্দর্যে ভরে দেয়। কথাটা ভেবে দেখার যোগ্য।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক রাশিগতভাবেই কষ্টসহিষ্ণু। কষ্ট করে ওপরে উঠতে তিনি পারদর্শী। চলতি সপ্তাহে বৃশ্চিক পারিবারিক, সামাজিক ও পেশাগত দিকে কমপক্ষে একটি বাধা টপকে যাবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আমি ধনু। সারা জীবনে আমাকে যাঁরা মুক্তি দেয়, দিয়েছে—তাঁদের প্রতি আমার চোখ-ছলছল কৃতজ্ঞতা। এঁরা কোন রাশির জাতক সেটা মুখ্য বিষয় নয়। প্রিয় ধনু, চলতি সপ্তাহে নিজের স্বাধীনতা ভোগ করবেন, সেই সঙ্গে অন্যকেও মুক্তি দেবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে প্রিয় মকর, আপনি কারও কানকথায় প্রভাবিত হবেন না। বন্ধু এবং শত্রুকে চিনতে শিখুন। যারা আপনাকে অতি মাত্রায় প্রশংসা করে—তাদের প্রতি সন্দেহের চোখ খোলা রাখুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার নিজের কোনো কাজের জন্য কাউকে গায়ে পড়ে কৈফিয়ত দেবেন না—কিশোর বয়সে কথাটি আমি পাই জনৈক সেনাপ্রধানের আত্মজীবনীতে। তিনি হচ্ছেন জেনারেল কারিআপ্পা। আমি এর সঙ্গে আরেকটি কথা যোগ করতে চাই যে আপনি জিজ্ঞাসিত হয়ে তাকেই কৈফিয়ত দেবেন, যার কৈফিয়ত চাওয়ার যোগ্যতা আছে। এই দর্শনটি মেনে চললে আপনি সাফল্যের দিকে যাবেন, ব্যর্থতার দিকে নয়।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
প্রিয় মীন, চলতি সপ্তাহে যদি নিজেকে আপনার খুব নিঃসঙ্গ মনে হয়—তাহলে ঘাবড়ে যাবেন না। নিঃসঙ্গ অবস্থায় থেকে আপনি এগিয়ে যাওয়ার জন্য নতুন পথ খুঁজে নেবেন। শুভ হোক!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী