আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাস্তায় নামলেই গাড়ির হর্নের আওয়াজে কান ঝালাপালা। শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানের সবিনয় আবেদন-নিবেদন ওই গাড়ির হর্নের তলায় চাপা পড়ে যায়। জনৈক গাড়িচালক মহোদয়কে প্রশ্ন করা হয়: ভাইজান, কেন এভাবে পাবলিকের জানটা খতম করছেন? চালক উত্তর দেন, ‘কী যে বলেন স্যার, হরন তো দিসেই বাজাইবার লাইগা।’ প্রিয় মেষ আপনি বলুন, গাড়িচালকের ওই জবাবের সঙ্গে আপনি কুলিয়ে উঠতে পারেন কি না। তবু তো আপনাকে কিছু একটা করে যেতেই হবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
দৈহিক ফিটনেস সার্টিফিকেট নিয়ে রাখাটা শুধু আপনার জন্য নয়, সবার জন্যই জরুরি। মোটামুটি গ্যারান্টি দিয়েই বলছি, এ সপ্তাহে আপনার স্বাস্থ্য চমৎকার অবস্থায় বিরাজ করবে। একটু-আধটু সমস্যাকে পাত্তা দেবেন না।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
একদা একটি গান লিখেছিলাম, শিল্পীর নামটা ভুলে গেছি; সুরকার ছিলেন সম্ভবত শেখ সাদী খান। গানের কথাগুলো ছিল এই রকম: এখানে প্রবেশ নিষেধ, লেখা আছে হৃদয়ে তোমার...প্রিয় অপ্রিয় জনপ্রিয় মিথুন, চলতি সপ্তাহে মনের প্রবেশদ্বার যদি খুলতে না চান তো ঠিক আছে, তবে মনের জানালাটা অন্তত খুলে রাখুন। লাভ (ভালোবাসা) বা মুনাফা আসুক বা না আসুক, ক্ষতি কিছু হবে না। আর লাভালাভ হয়ে গেলে তো গেলই।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আজ যখন এই রাশিফল লেখা হচ্ছে, তখন আষাঢ়ের প্রথম দিবস। আগের কয়েক দিন থেকে মিডিয়াজুড়ে করুণ কান্না...চট্টগ্রামে পাহাড়ি ধস। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পাহাড়ি এবং বাঙালির মধ্যে এই ধস কোনো পক্ষপাতিত্ব করেনি। প্রকৃতির চোখে সবাই সমান। সে সম্পর্ক ভাঙতে পারে, গড়তেও পারে। প্রিয় কর্কট, কোনো ব্যাপারে মন খারাপ করে থাকলে আমাদের চলে না। জীবন জীবনের পথে যায়, আলো যায় আলোর পথে। তাই বলছি, মনের ছোট ছোট কষ্ট সরিয়ে রেখে সামনের দিকে চলুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
যেকোনো রাশির এক ভদ্রলোক একবার তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছিলেন, তিনি নাকি ছবি ও লেখার একটি প্রদর্শনীর মন্তব্য বইতে লিখে দিয়েছিলেন, ‘বূল বানান অ্যান্ড বূল উসসারনের চড়াচড়ি দেখিয়ে মুগ্ধ হৈলাম!...’ সম্রাট সিংহ, চলতি সপ্তাহে অনেক নির্বোধ মানুষ আপনার মেজাজ খারাপ করে দিতে অবদান রাখবে। মনটার মালিক যখন আপনি নিজে, তখন তাকে কড়া শাসনের মধ্যে রাখবেন। অর্থাৎ মন খারাপ হতে দেবেন না।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
রোজ শনিবারে আমি/ উঁকি দিই তোমার ঘরে/ রাশিফল দিয়ে যাই, তোমাদের দুই হাত ভরে।...অতিপ্রিয় জনপ্রিয় কন্যা, আমি এসে গেছি, কাজেই এ সপ্তাহে আপনার হাসিমুখ ছাড়া অন্য কিছু দেখতে চাই না।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
অদেখা-অজানা ছোট-বড় ‘এসেমেস’ তুলা বন্ধুরা, এ সপ্তাহে আপনাদের ‘বহুত মজা আয়ে গা’। সপ্তাহটা সামনের দিকে যাক, আমার এই ভবিষ্যদ্বাণীর সত্যতা দেখতে পাবেন। বহুত মজা আয়ে গা কথাটা উর্দু, হিন্দি যা-ই হোক না কেন, বাংলায় অর্থটা হচ্ছে ভারি মজা হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
প্রিয় সাপ্তাহিক বৃশ্চিক, এ সপ্তাহে আপনি একটু চিপা-খাওয়া অবস্থার মধ্য দিয়ে দিন কাটাবেন। কথাটা শুনেই মুখ কালা করার কোনো কারণ দেখি না। এক-আধবার হালকা চিপা খাওয়া দেহ ও মনের স্বাস্থ্যের জন্য উপকারী। না রে, ঠাট্টা করলাম। সপ্তাহ আপনার ভালোই যাবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সব ধনু একই রকম হবেন, তা নয়। নিজের কথাই বলছি, খুব সহজে আমার কান্না পায় না। ব্যাপারটা হয়তো জেনেটিক্যাল। আমার মতন অবস্থা যাঁদের, তাঁরা বুঝবেন এই না কাঁদতে পারার কষ্টটা কী। আবার দেখুন, জাতীয় সংগীত যখন শুনি বা একটি দেশের গান যখন বাজে, তখন আমার চোখ ফেটে কান্না আসে। নির্লজ্জের মতো একা একা কাঁদি। কার জন্য, কিসের জন্য কাঁদি, জানি না। রবীন্দ্রনাথের গান মনে পড়ে: যদি জানতেম আমার কিসের ব্যথা/ তোমায় জানাতাম...সব মানুষই কিছুটা নিষ্ঠুর, কিছুটা কোমল। ধনু, আপনিও তাই। চলতি সপ্তাহ আপনার ভালোয়-মন্দয় মিশ্রভাবে কাটবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কী খাচ্ছেন, কীভাবে চলছেন, খেয়াল রাখুন। নিজের দেহ-মনকে ভালো রাখুন, তাহলে আপনি অন্যকেও ভালো রাখতে পারবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সপ্তাহ আপনার ৪০: ৬০ অনুপাতে শুভ হিসেবে কাটবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীনকে এ সপ্তাহে আমরা মাঝারি আকারের একটি ঝুড়ি উপহার হিসেবে দিতে চাই। ঝুড়িটার তলা কাটা থাকবে, এমন কথা কিছুতেই বলা যায় না। মীনের ঝুড়ি ফরমালিনমুক্ত পাকা আমে বোঝাই থাকবে। মজা করে খাবেন, স্বাস্থ্যও ভালো থাকবে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী