আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

আমি বহু কষ্টে দেশ এবং বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে ভিডিও, টিভি নাটক ইত্যাদির স্ক্রিপ্ট লিখতে শিখেছি। পদ্ধতিগত শিক্ষার সঙ্গে নিজের সামান্য কল্পনা ও পর্যবেক্ষণ যোগ করে আমি কিছু টিভি নাটক, চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছিলাম। এখনো যে লিখি না...তা নয়। নাটক ও চলচ্চিত্রের ধারা আজ অনেকটাই বদলে গেছে। এই বিবর্তন মাথায় রেখে আমি একটি নাটক লিখছি। আশা, শিগগিরই সেটা সম্পূর্ণ করব। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনার হাতে নতুন কাজ আসার সম্ভাবনা প্রবল। সুস্থ থাকুন, কাজে সাফল্য অর্জন করুন!

বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

যার নতুন কিছু শেখার তীব্র নেশা রয়েছে—সে তার শত্রু বা প্রতিপক্ষের কাছ থেকেও ভালো কিছু শেখার মানসিকতা রাখে। বৃষ, দেখুন তো ওপরের কথাগুলো আপনার মনের সঙ্গে যায় কি না।

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

কলকাতার সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া প্রাচীন অথচ আধুনিক একটি গান আছে: আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম/ বিদায়ের আগে শুধু ওগো এই মিনতি করে গেলাম/...সারাটি জীবন চেয়েছি কেবল, কারো নয়নের একফোঁটা জল/ একটি দীর্ঘ নিশ্বাস আমার সকল গানের দাম/ আমি চলে গেলে...। শাস্ত্র বলে মিথুন রাশির নারী-পুরুষ ব্যক্তিত্বে দারুণ স্মার্ট (কি, শুনেই আহ্লাদে গদগদ হয়ে গেলেন?)। প্রিয় অপ্রিয় জনপ্রিয় মিথুন, চলতি সপ্তাহে আপনার পকেটে, পার্সে, ব্যাংকে বেশ কিছু ক্যাশ জমা পড়বে। কানে কানে বলি চলতি সাত দিনে ভবিষ্যদ্বাণী সঠিক হলে আমি যেন আমার ফি-টা পাই।

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

পিথাগোরাসের নিউমারলজি অনুযায়ী মানুষসহ সমগ্র বিশ্বসংসার সংখ্যা ১ থেকে ৯-এর আওতায় বাঁধা রয়েছে। আপনাদের সেবক এবং রাশি লেখককে যদি আপনি আপনার জন্মতারিখটি জানান—তাহলে সেখান থেকে বের করা যাবে আপনার শুভ জন্মসংখ্যা। প্রিয় কর্কট, চলতি সপ্তাহটি আপনার ৮০ ভাগই দুর্দান্ত রকমের সাফল্য ও আনন্দের মধ্য দিয়ে কাটবে। আমি আজ আপনার ফোলানো গাল দেখতে রাজি নই। দেয়ারফোর, এক চিমটি হলেও সুন্দর একটা মুচকি হাসি মেরে দিন।

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আমার অন্যতম প্রিয়তম সিংহ অ্যান্ড সিংহী, যদি রাগ না করেন তো, আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনাই। দুজন লোকের মধ্যে সংঘটিত গরম সংলাপ: মাইরা তরে অক্কারে কুইল্লার চর পাঠায়া দিয়াম! প্রতিপক্ষের উত্তর: আরে, ওইখানেই তো আমার বাড়ি। বিনা টিকিটে বাড়ি যাইতে পারলে তো ব্যাটা আমারই লাভ! নে, কী দিয়া মারবি, মার! খালি জুতা দিয়ে মারিস না। সিংহ, ঘরে বসে আপনার লাল চোখ জোড়া পরিষ্কার দেখতে পাচ্ছি। খুব ডরাইছি...সপ্তাহ আপনার ৬০: ৪০ অনুপাতে শুভ হবে।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

প্রিয় অপ্রিয় জনপ্রিয় কন্যা, ছোটবেলা থেকে আমি কবিতা ও গানের প্যারোডি ভালোবাসি। আপনি তো জানেন, প্যারোডি মানে হচ্ছে ব্যঙ্গ কবিতা বা গান। আমি এখনো প্যারোডি তৈরি করি। নমুনা: পুলিশের ‘মৃদু’ লাঠিচার্জ আমি খাইয়াছি/ তাই আমি যাই না কো মিছিলের ভিড়ে। (বাংলার ‘মুখ আমি দেখিয়াছি’)—জীবনানন্দ দাশ। না, আপনাকে ভয় দেখানোর মতলবে এই প্যারোডিটা নিবেদন করিনি। ঘটনাটা আমার একান্ত ব্যক্তিগত গোপন ইয়ে...চলতি সপ্তাহে আপনি কমপক্ষে একটি সুন্দর ঘটনা দ্বারা যথেষ্ট আনন্দ লাভ করবেন—সে টাকাপয়সাই হোক কিংবা অন্য কিছু। শুভ হোক!

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

প্রিয় তুলা, আপনার ভবিষ্যৎ বলতেই বসেছি। বলব। তার আগে ভেবে দেখুন, বৈশ্বিক উষ্ণতা আজ শুধু এক প্রাকৃতিক পরিবেশগত সংকট নয়, অন্যান্য অনেক দিক দিয়েও বিশ্বের প্রাণী ও মানুষ আজ অস্বাভাবিক উষ্ণতার সম্মুখীন। মানুষের মাথা অবধি গরম হয়ে উঠেছে আজ। প্রচণ্ড গরম! টিভির পর্দায় চোখ রাখলেই ভয়াবহ দৃশ্যাবলি, খবরের কাগজ—সে-ও যেন দাউ দাউ করে জ্বলে উঠছে। যুদ্ধ-সন্ত্রাস-রক্ত-আগুন! সংবেদনশীল তুলা, আপনিও আজ নানাভাবে নানা আঘাতে জর্জরিত। আর কটা দিন ধৈর্য ধরুন, সামনেই শান্তি পারাবার। জয় হোক!

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আচ্ছা, ‘দৃষ্টিদূষণ’ বলেও কি কিছু থাকতে পারে না? কেন, আমরা তো সব ধরনের দূষণের মধ্যেই জীবন কাটাচ্ছি—বায়ুদূষণ, শব্দদূষণ, পরিবেশদূষণ, পানিদূষণ ইত্যাদি ইত্যাদি। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে দৃষ্টির মাধ্যমে আপনার মন খানিকটা দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভবত কোনো ব্যক্তি আপনার যথেষ্ট বিরক্তির কারণ হয়ে উঠবেন। মনের ভাব লুকিয়ে রেখে আপনি পরিস্থিতি স্বাভাবিক করে তুলুন। দরকার হলে হাসি মুখে সহ্য করুন চাবুকের আঘাত।আপনি শক্তিশালী। আঘাত সয়ে নেওয়ার ক্ষমতা আপনার আছে। কাজেই আপনাকে বলি: ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বাঁধো বাঁধো বুক/ চারদিকে শত দুঃখ আসিবে আসুক...।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

নিজের ঢোল নিজে পেটানো একটা অশ্লীল কাজ। তবুও স্বীকার্য, নির্লজ্জের মতো আমি সুযোগ পেলেই নিজের ঢোলখানা বাজিয়ে নিতে ছাড়ি না। তার কারণ, নিজের কাজ সম্পর্কে আমি নিজে যতটা জানি, অন্যে ততটা জানবে না। প্রিয় ধনু, আপনার এই অধম জইতিশি আপনারই রাশির জাতক। চলতি সপ্তাহে প্রয়োজন হলে নিজের ঢোল নিজে বাজান, তবে একটু আস্তে। আপনার অর্জন এবং কীর্তিকলাপ এমনিতেই লোকের মুখে মুখে ছড়াবে। ঝড়-তুফান পার হয়ে আপনার জাহাজ গন্তব্যে পৌঁছাবে। নির্ভয়ে থাকুন!

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

গলার রগ ফুলিয়ে থুতু ছিটিয়ে চিৎকার করলেই কি তর্কে জয়ী হওয়া যায়? আপনি কী বলেন? চলতি সপ্তাহে কোনো বাজে অবস্থার সম্মুখীন হলে আপনি নিজের চড়া রগটার মাথায় ফ্রিজের পানি ঢেলে দেবেন। তর্ক-বিতর্ক আপনার সহজাত এবং প্রিয় একটি বিষয়। এই গুণটি আপনাকে জীবনে বহুদূর নিয়ে যাবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

অভিনয়ের সংজ্ঞা আপনার জানা আছে। তবুও বলি, অভিনয়ের মানেই হচ্ছে অনুকরণ। অন্যকে অনুকরণ করে একজন অভিনেতা তাঁর শিল্পচর্চায় নিজের সাফল্য দেখান এবং অগণিত মানুষের মনে দাগ কাটেন। প্রিয় নেতা, অভিনেতা ও অন্যান্য কুম্ভ ম্যাডাম অ্যান্ড মহোদয়গণ, সপ্তাহ আপনার সফল হবে।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

হেঁড়ে গলায় চিৎকার আর সুরে ভরা গান—এই দুইয়ের মধ্যে যথেষ্টই তফাত রয়েছে, এ কথা বোঝার ক্ষমতা আপনার নিশ্চয় আছে। মোদ্দা কথা, গান গাওয়া ও চিল্লাপাল্লা করা দুটি ভিন্ন বস্তু। প্রিয় রুচিশীল মীন, চলতি সপ্তাহে আপনি শ্রবণদূষণে আক্রান্ত হতে পারেন। কানের পর্দা ফেটে যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়ুন। সফল হোক আত্মরক্ষার্থে আপনার লেজ গুটিয়ে পালানোর কৌশল! আপনার ও আপনাদের শুভকামনা করি।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী