আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মা পশু তার একাধিক শিশুর মধ্যে সবচেয়ে রুগ্ণ ও দুর্বলটিকে আলাদা চোখে দেখে, আলাদা স্নেহ-যত্ন-পরিচর্যা দিয়ে বড় করে। হ্যাঁ, ঠিক মানুষের মতোই। অনেক ক্ষেত্রে তারা নিজেদের অসুখ-বিসুক নিজেরাই সারিয়ে নেয়। যেমন পেটের অসুখে কুকুর-বিড়াল দূর্বা ঘাস চিবিয়ে খায়। প্রকৃতিই তাকে এই নিরাময়ের বিধান শিখিয়ে দিয়েছে। প্রিয় মেষ, নিজের স্বাস্থ্যের সঠিক যত্ন নিন, তাহলে আপনি অন্যের সমস্যাও সমাধান করতে পারবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ তাঁর রুচির জন্য বিশেষভাবে খ্যাত। সবার সামনে তিনি যেন রুচির এক উঁচু মান তুলে ধরেন। চলতি সপ্তাহে কেউ একজন তাঁর রুচিবোধকে আঘাত করতে পারে। প্রিয় বৃষ, ওই আঘাতে আহত না হয়ে নিজের ভাব ও বাক্যকে নিয়ন্ত্রণ করুন। আপনার রুচি আপনারই কাছে বড় হয়ে থাক।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
নিজের উচ্চাকাঙ্ক্ষার দৌড় বোঝাতে অনেকে বলেন, দ্য স্কাই ইজ মাই লিমিট...আকাশের সমান আমার ইচ্ছার সীমানা। কথাটা একই সঙ্গে সুন্দর এবং সঠিক। আপনি যদি বহুদূর যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনি নিশ্চয়ই প্রতিটি ক্ষেত্রে নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন। প্রিয় মিথুন, এখন থেকে তাহলে এই আকাঙ্ক্ষাটাই মনের মধ্যে লালন করুন। দেখা যাক আপনি কত দূর যেতে পারেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
বাঙালি গৃহবধূ সম্পর্কে রবীন্দ্রনাথ যথার্থ লিখেছেন: রাঁধার পরে খাওয়া/ আর খাওয়ার পরে রাঁধা/ বাইশ বছর এক চাকাতেই বাঁধা। তবে কথা থাকে এই যে, আজকের বাংলাদেশে ঘটেছে এক প্রবল নারী জাগরণ। এখনো বাঙালি নারীর জীবন থেকে আঁধার সম্পূর্ণ যায়নি, কিন্তু যাওয়ার পথে। প্রিয় কর্কট, আপনি আমার সঙ্গে একমত না হলেও আমি আমার বক্তব্য থেকে সরে আসব না।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আপনার এখন সুসময়। অনর্থক দুশ্চিন্তা ম্যানুফ্যাকচার করে শুভ ক্ষণটাকে নষ্ট করবেন না। মাথা ঠান্ডা রেখে কাজে নামুন, ইনশা আল্লাহ সফল হবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
প্রবাদ আছে: ইফ ইউ স্টপ এভরিটাইম এ ডগ বার্কস...ইওর রোড উইল নেভার কাম টু এন এন্ড...প্রতিবার কুকুর ঘেউ করলেই যদি আপনি থেমে যান, তাহলে আপনার যাত্রা আর শেষ হবে না। প্রিয় কন্যা, জীবনের পথে চলতে গিয়ে ছোটখাটো বাধাকে তুচ্ছ মনে করুন। আপনি নিশ্চয়ই সফল হবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ভারসাম্যই হচ্ছে তুলার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রধান দিক। চলতি সপ্তাহে নিজের কথা, কাজ ও চিন্তায় এই চারিত্রিক বৈশিষ্ট্য শতভাগ বজায় রেখে চলাই হবে তুলার জন্য বিশেষ জরুরি। ছোট্ট এই বার্তার মাধ্যমে আপনাকে একটি দীর্ঘ ভবিষ্যদ্বাণী করা হলো।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
গত বছর ১৪ সেপ্টেম্বর আমার বৃশ্চিক বড় বোনের বাসায় বসে একটি ছড়া লিখেছিলাম। ছড়াটা আজ ছড়িয়ে দিই: পূবাইল থেকে মুবাইল ফোনে/ কথা বলে তারা,/ উত্তরাতে সামিয়া বিবি/ রেগে দিশাহারা। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে কোনো অবস্থাতেই রেগে দিশাহারা হবেন না। শুভ হোক আপনার আগামী সাতটি দিন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আমার লেখা প্রাচীন একটি গানের কয়েকটি লাইন আপনাকে নিবেদন করি: দেয়ালঘড়িতে এগারোটা বেজে কুড়ি/ জানালার কাছে রাত জাগে একা/ উর্মিলা চৌধুরী। উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি/ তখন আমার বয়স হয়তো উনিশ কিংবা কুড়ি।...চলতি সপ্তাহে প্রিয় ধনু, আপনার মন পেছনের দিকে উধাও হয়ে যাবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
যারা আগে আপনার নিন্দা করত, এ সপ্তাহে তাদের প্রশংসার জোয়ার এসে আপনাকে চমকে দেবে। শুভ হোক!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এ সপ্তাহে আপনার অন্য অনেক কষ্ট থাকতে পারে, অর্থকষ্ট থাকবে না। আবার অর্থ এসে আপনার অনেক কষ্ট দূরও করে দিতে পারে। সব মিলিয়ে চমৎকার কাটবে আপনার চলতি সাত দিন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
দুর্যোগের ঘনঘটার মাঝখানেও আপনি স্থির থাকতে পারবেন। এটাই আপনার সাফল্য।...সুসংবাদ শুনতে চাই!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী