আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মনকে সব সময় সক্রিয় রাখুন, দেখবেন মনের আবর্জনা সব চলে গেছে। চলতি সপ্তাহে প্রিয় মেষ, আপনার দায়িত্ব বাড়লেও টেনশন কমবে। শুভ হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহটি আমি উপহার দিতে চাই তরুণ বয়সী বৃষদের। তবে তার মানে এই নয় যে অন্য বয়সী বৃষরা আমার ভাবনার মধ্যে নেই। বৃষদের জন্য আমার বার্তা: আনন্দ উপভোগ করুন, মানুষকেও আনন্দ দিন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের আনন্দ-উৎসব সামনেই। এই উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত হোন। বার্তাটি সংক্ষিপ্ত হলেও এটি বিশ্লেষণ করলে অনেক কিছুই পাবেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
ব্যর্থ দিনগুলোকে আপনি সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে পারবেন। বিশ্বাস রাখুন, নিশ্চিন্ত থাকুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
পশু সিংহের মতোই সিংহ রাশির জাতক-জাতিকা বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটান, অর্থাৎ চুপচাপ থাকেন। কিন্তু প্রয়োজনে তাঁরা দেহে তীব্র গতি সঞ্চার করতে পারেন। এ সপ্তাহে সিংহ এই কথার প্রমাণ দেবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
মান্না দের একটি গানের অনুরণন আপনার মধ্যে ঘুরেফিরে চলতে থাকবে। গানটি হচ্ছে: আমি আজ আকাশের মতো একেলা।...শোনা না থাকলে এই গানটা একবার শুনে নিন, ভালো লাগবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা বর্তমান কিছুদিন একটা শক্ত সময় পার করবেন। প্রস্তুতি নিন, কোনো সমস্যাই সমস্যা থাকবে না। ভয় পাওয়া তুলাকে একদমই মানায় না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
রাশিয়ানদের সম্পর্কে বলা হয়, ওরা খায় বেশি এবং পড়ে বেশি। আর আমি বাঙালিদের সম্পর্কে বলি, বাঙালি খায় বেশি, কথা বলে বেশি। স্বীকার করি, বাঙালি হিসেবে আমিও এই শ্রেণিতে পড়ি। অবশ্য এরপরও বলতে হয়-বাঙালি একটি মেধাবী জাতি।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ভূপিন্দরের গাওয়া একটা গান আছে: যারা ডাকে তারা ভুলে যায়/ আমি নেই তো এখানে আর/ যেখানে ঠিকানা ছিল সেখানে।...আপনার জীবনটা এ রকম না হলেও এই গানটা শুনতে আপনার ভালো লাগবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনার জন্য চলতি সপ্তাহে আমার প্রেসক্রিপশন-সংগীত দিনে তিনবার, খাওয়ার আগে ও পরে। সংগীত যে একটা খাদ্য ও ওষুধ-এ কথা বিজ্ঞানে প্রমাণিত।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বসে থাকবেন না। ভাগ্যকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন। সৌভাগ্য আসবে না, যাবে কোথায়!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনি মীন, শুধু ক্লান্তি ও বিষণ্ণতার মধ্যে ডুবে থাকা আপনাকে মানায় না। নিজের মনের বারান্দায় আনন্দকে ডেকে আনুন। আনন্দকে দেখলে নিরানন্দ ছুটে পালাবে। শুভ হোক!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী