আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আনন্দ ভাগাভাগি করলে বাড়ে। আমার একমাত্র সন্তানের ছোটবেলাকার স্মৃতিতে ফিরে যাই। ওর মা ওকে নিয়ে গেছেন বাজারে। একটা দোকানের কাউন্টারে ওকে বসিয়ে রেখে তিনি কাজ সারতে গেলেন। দোকানদার বলল, ‘বাবু গান গাও, চকলেট দেব।’ আমার ছেলে অমনি গান ধরল: হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তারপর, আমার মায়ের কান্না আমি সইতে পারি না ইত্যাদি। এতে শিল্পী এবং শ্রোতা দুপক্ষই খুশি। কারণ ওই চকলেট। প্রিয় মেষ, চলতি সপ্তাহে নিজের মনের কষ্টগুলোর দিকে বেশি নজর দেবেন না। শুধু আনন্দগুলো নিয়েই থাকবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রাশি তার উন্নত রুচিবোধের জন্য খ্যাত। চলতি সপ্তাহে প্রিয় বৃষ, আপনি নিজে থেকে অন্যের রুচিকে আহত করবেন না। এতে আপনার নিজের রুচিও সুরক্ষিত থাকবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এক জায়গায় বসে একমনে কোনো একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করার নামই হচ্ছে ধ্যান। এ নিয়মে আমরা একটা কঠিন সমস্যারও সমাধান সূত্র পেয়ে যাই। কথাটা ভালোভাবে বুঝে নিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
হালকা বিষণ্নতা সব কর্কটের মধ্যেই থাকে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। পৃথিবীতে এমন মানুষ নেই যিনি জীবনে কখনো অল্প সময়ের জন্যেও বিষণ্ন হন না। কাজেই বোঝা যায়, বিষণ্নতা জিনিসটা শুধু কর্কটের একার নয়। প্রিয় কর্কট, চলতি সপ্তাহে বিষণ্নতা কাটিয়ে প্রসন্নতার পথে চলুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বাতাস মৃদুমন্দ হলে সেটা খুব উপভোগের ব্যাপার। এই বাতাসই যখন প্রবলভাবে বয়ে যায়, তখন তা ঝড়ের রূপ নেয়। এ সপ্তাহে হালকা আনন্দগুলো উপভোগ করুন এবং ঝড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা রাশির নারী ও পুরুষ এ সপ্তাহে কম করেও একটি ভ্রমণ করবেন...যা তাঁকে অন্ততপক্ষে কিছু আনন্দ তো দেবেই। কথাটা শুনে খুশি হওয়ার চেষ্টা করুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলাকে এ সপ্তাহে ঘর সামলাতে হবে, বাইরের ঝড়ও সামলাতে হবে। তবে আশ্বস্ত হওয়ার কথা এই যে, তিনি শেষ পর্যন্ত দুটি কাজই সুসম্পন্ন করতে পারবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আপনি নিজে নিজেকে আনন্দে রাখুন। তা যদি হয়, তাহলে আপনি অন্যকেও আনন্দে রাখতে পারবেন। তাহলে প্রিয় বৃশ্চিক, আয়নায় নিজের হাসিমুখ দেখার চর্চা করুন। এতেই আপনার সপ্তাহ শুভ হবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ভালোবাসা একটা শক্তি, সাহসও একটা শক্তি। এই দুই শক্তি দিয়ে মানুষ সব বাধা জয় করতে পারে। চলতি সপ্তাহে প্রিয় ধনু, ভালোবাসা ও সাহসের অনুশীলন করুন। এতেই আপনার কাজ হবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকর এত ভালো একটা রাশি যে, তার সম্পর্কে তেমন বেশি কিছু বলার দরকার হয় না। তবুও বলি, এ সপ্তাহে একাধিক সাফল্য এসে তার মনটাকে আপ্লুত করবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকার সৃজনশীলতা ক্রিয়াশীল থাকবে। এর ফল তাঁরা হাতে হাতেই পাবেন। শুভ হোক!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনি একটা বেকায়দা অবস্থা থেকে উঠে আসবেন। আপনার জন্য অগ্রিম অভিনন্দন রইলো। শুভ হোক সবার!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী