আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

পৃথিবীর ‘সবকিছু’ রাশির ফিল্টার দিয়ে দেখা একেবারেই অনুচিত। রাশিশাস্ত্র বলুন আর জ্যোতিষশাস্ত্রই বলুন—এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাহলেও যুগ-যুগান্তরের এই নিয়তি-চর্চা চলে আসছে বিশ্বের ‘প্রায়’ সকল মানবগোষ্ঠীর মধ্যে।...যাক গে এসব। প্রিয় মেষ, ১৯৮০-র দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় ক্যাসেট রেকর্ডে একটি গান প্রচারিত হতো এক তরুণ কণ্ঠে: ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। হাজার মায়ের সন্তান/ ওরা কেউ ঘরে ফিরবে না আর ওরা করে না ঘরের সন্ধান...সম্ভবত ১৯৯০-এর দশকে ওই একই শিল্পীর কণ্ঠে প্রচারিত হয় অন্য একটি গান: আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা/বাজাব বাঁশি সুরে সুরে/তোমাকে আসতেই হবে/যেখানেই থাকো তুমি যত দূরে...গানটির লেখক মাহফুজুর রহমান মাফু; অধুনা আমেরিকাপ্রবাসী, সুরকার—প্রয়াত আবু তাহের।

চলতি সময়ে সর্ব রাশির নারী-পুরুষের মধ্যে ওই দুটি গানের মতো অন্য কিছু গান বারবার হয়তো বেজে উঠবে। মেষ, সপ্তাহ আপনার কাটবে অসম্ভব রকম ব্যস্ততা ও আনন্দের মধ্য দিয়ে।

বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

নিজের রাশিটাকে দয়া করে আজ থেকে আর ‘বৃশ্‌’ উচ্চারণ করবেন না। ওটার সঠিক উচ্চারণ হচ্ছে: বৃষ+অ=বৃষ। বৃষ মানে ষাঁঢ়, ষন্ত, বলদ। ইংরেজিতে ‘বুল’। আপনি এসব জানেন। আপনার জানা জ্ঞানটাই আজ সকালে আপনাকে ফিরিয়ে দিলাম, এই আরকি।...সুরুচি ও সুকণ্ঠের অধিকারী বৃষ, অস্‌সাধারণ আনন্দে কাটবে আপনার চলতি সাত দিনের মধ্যে কমপক্ষে পাঁচটি দিন!

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

মাস ছয়েক আগে লেখা আমার কটি লাইন আজ আপনাকে নিবেদন করি, পড়ে দেখুন তো কেমন লাগে: সন্ধ্যার জ্যোতিষী আমি/জ্যোতিহীন দিনের মানুষ/সন্ধ্যায় মেলে দিও তুমি তোমার দু’হাত/সমুখে আমার/যদি চাও মনের হদিস/পার হয়ে যেতে চাও যদি রাতের আকাশ।...অজস্র মানুষের প্রিয় এবং অপ্রিয় মিথুন, আজ তোমার আকাশে ডানা মেলার দিন। আনন্দের দিন। আজ তোমার পিছু ফিরে তাকানোর সময় কোথায়!

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

সাধারণত বুধ কিংবা বৃহস্পতিবারে লেখা হয় আপনাদের সাপ্তাহিক রাশিফল। শনিবারে তা ছড়িয়ে পড়ে প্রথম আলো ফোটারও আগে। প্রিয় কর্কট, চলতি সাত দিন আপনার কাটবে বিষণ্নতা, সৃজনশীলতা, চিন্তা ও পারিকল্পনার মধ্য দিয়ে। এর সঙ্গে খানিকটা দুশ্চিন্তাও মিশে থাকবে, বলাই বাহুল্য।

আজ শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলবে আপনার প্রেম-ভালোবাসা আবেগ এবং তৎপরতার প্রস্তুতি। এ সময়ে বেশ কাছের কেউ আপনার মনে আঘাত হানতে পারে। এর জন্য তৈরি থাকবেন। তাহলে আর ওই আঘাত আপনাকে কাবু করতে পারবে না।

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থাকেন আমার প্রিয় এক সিংহ রাশির পুরুষ রণজিৎ সিংহ। তিনি স্থানীয় ক্ষুদ্র এক সম্প্রদায়ের নেতা। কোনো সপ্তাহে আমার লেখা রাশিফল না পেলে ভয়ংকর অস্থির হয়ে পড়েন তিনি। টেলিফোনে গম গম করে ওঠে তাঁর সিংহ কণ্ঠ: দাদা, আজকে তো আমার রাশিটা ‘পালাম’ না। ...ভীতিপ্রদ সিংহ, চলতি সাতটি দিন থাকুন না আপনি আপনার নিজের গুহায়। ঘুমিয়ে বিশ্রাম নিন। আমরাও পাই একটু স্বস্তি।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আশপাশের মানুষের নানা বিচিত্র দুঃখ-কষ্ট-ব্যথা দেখি আর আমার বুকে কেবলি রক্ত ঝরে। কাকে বাদ দিয়ে এদের কার কথা বলব! একেক সময় ভাবি, আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে এসব দুঃখী নারী-পুরুষের চোখের জল আমি মুছে দিতাম। হাসিতে ঝলমল করে উঠত তাদের চোখ-মুখ। কলকাতার স্বনামধন্য গীতিকার মোহিনী চৌধুরীর লেখা অসামান্য একটা গানে অসাধারণ সুর সংযোগ করেছিলেন আমাদের প্রয়াত সংগীতজ্ঞ লাকী আখান্দ: শুধু সারি সারি মলিন মুখ দেখে দেখে আমি ক্লান্ত।...কী কারণে আমার হাজার অনুরোধ সত্ত্বেও লাকী আখান্দ নিজে এই গানটি তো গাইলেনই না, কাউকে দিয়ে গাওয়ালেনও না—এর উত্তর আমার কাছে নেই।...প্রিয় কন্যা চোখ মুছে জানালায় তাকান। আকাশ দেখুন।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

কলকাতার অমর শিল্পী সুবীর সেনের কণ্ঠে এই গানটি অনেকেই পছন্দ করেন (কথা-সুর-সংগীত—সলীল চৌধুরী): ঘরোয়া পথ যে এখনো বাকি...আমাদের ঘরোয়া শিল্পী জীবন ভাইয়ের কণ্ঠে এই গানটি শুনতে আমি অসম্ভব ভালোবাসি। সুবীর সেন ছিলেন এক অনন্য শিল্পী অদ্ভুত সুন্দর ছিল তাঁর কণ্ঠ এবং গান গাইবার নিজস্ব স্টাইল।...সেই গানটির কথাই ধরুন: সারা দিন তোমায় ভেবে/হলো না আমার কোনো কাজ। তুলা রাশির জাতক কুমিল্লার ফুয়াদ, থাকে ঢাকায়। বাড়িতে যাওয়া-আসা করে। আসার সময় আমার জন্য নিয়ে আসে খদ্দরের হলুদ পাঞ্জাবি, রসমালাই ইত্যাদি এবং ইত্যাদি। সেদিন তো ১০ কেজি আম্রপালি আম নিয়ে এসে হাজির। বোধগম্য কারণেই আমি তার এসব কীর্তিকলাপে বাধা দিই না। একটু মায়াও হয় ছেলেটার জন্য। বাবা-মা নেই এতিম ছেলে, বাবা ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। ফুয়াদ আজকের রাশিফলটা পড়বে কিনা জানি না; নাইবা পড়ল তুলা রাশি কি অন্য আর কারও হতে পারে না? অন্য কেউ কী আমার জন্য...ভয়ংকর এক ফাঁড়া থেকে বেঁচে গেলেন প্রিয় তুলা। আপনার জন্য রইল আমার শুভকামনা।

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

এমন অনেকে আছেন—এক কাপ চা-কফি খান একটি বার ধূমপানের অজুহাতে। ধিক্কার জানাই এদের, যারা জেনেশুনে বিষপান করে তাদের। শাসন বা ভালোবাসা দিয়েও ধ্বংসের মুখ থেকে ফেরানো যায় না তবুও তো চেষ্টা করতেই হবে। নিজের এবং অন্যের স্বার্থে। শুভ হোক।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

মাঝে মাঝে মনে মনে ধীরে উচ্চারণ করি: তুমি সুস্থ থাক, আনন্দে থাক। নিজের এবং অন্যের জন্যে সুস্থ দেহে দীর্ঘ জীবন পাড়ি দাও। ভালো থাক, ভালো থাক, ভালো থাক। লাকী আখান্দের সুরে ও কণ্ঠে আমার লেখা সেই গানটি যদি পাও তো শোন: পলাতক আমি বহুজনপদ ঘুরে আবার তোমার কাছেই এলাম ফিরে।

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

চেহারা অর্থে রূপ থেকে রুপা হতে পারে। তবে, রূপ থেকে রুপা নয়। শুধু রুপা—রুপালি রুপোলি আসে ধাতু রুপার নাম থেকে। তাহলে ধূপসীকেই আমরা রুপা বলছি, তাই নয় কী? মনে পড়ে লাকী আখান্দের সুরে ও কণ্ঠে আমার লেখা দূর অতীতের একটি গান: রূপা, কেন চোখ দুটি আঁখি জলে/উঠেছে ভরে/ দিয়েছে কে তোমার/ও মনে ব্যথা/কাঁটা বিঁধেছে কি কার কথা? কাছে এসো তুমি মেয়ে/মুছে দেব আঁখি ধারা/ভুলে যাবে তখনই/যত বেদনা। সপ্তাহের তিন দিন ভালো এবং তিন দিন মন্দের ভালো অবস্থায় কাটবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

গুডমর্নিং ডিয়ার ম্যাডাম অ্যান্ড স্যার, আর ইউ কাটিং ভেরি বিজি ডেজ নাউ? আর ইউ ইটিং মেনি মেরেজ এভরি ডে? (আপনি কী ব্যস্ত দিন কাটাচ্ছেন? বিয়ে খেয়ে বেড়াচ্ছেন)।

জারা সামহালকে, তা না হলে তো লোডশেডিং হয়ে যাবে। ফিউজ যাবে উড়ে। চলতি সপ্তাহে নিজের শরীরের যত্ন নিন। প্রাপ্য শুভগুলো গ্রহণ করুন।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আমরা কজনে জানি নজরুলের ‘রমজানের ওই রোজার শেষে’ গানটি প্রথম রেকর্ড হয় কার কণ্ঠে। অবিস্মরণীয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি প্রথম রেকর্ড করা হয়। সামনে আছে পবিত্র ঈদুল আজহা। দূর থেকে শোনা যাচ্ছে খুশির সানাই। তার সঙ্গে শুনতে পাচ্ছি শিশুদের আনন্দধ্বনি। কল্যাণ হোক।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী