আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >২০০৬ বিশ্বকাপ ফুটবল ফাইনাল সম্পর্কে নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলাম। এবার নিশ্চুপ। কেননা, আমি তো আর পোকামাকড় জন্তু-জানোয়ারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারি না।...আট-আটখানা ঠ্যাং থাকতেও পল জীবনে কখনো ফুটবল খেলেছে কি না সন্দেহ, জ্যোতিষশাস্ত্রের বই পড়া তো দূরের কথা। আমি দুটোই করেছি। এখন সে নেমেছে আমার পেটে ফ্রি কিক করতে। পলদের জ্বালায় শেষ পর্যন্ত কি জ্যোতিষচর্চা ছেড়েই দেব? যা-ই হোক মেষ, আপন জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এ সপ্তাহে আপনি একটি বড় সাফল্য পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আশঙ্কা করছি, ভুভুজেলা মহামারিতে আমরাও আক্রান্ত হতে পারি।—ভুভুজেলা ভুভুজেলা, নয় কোনো উপজেলা; কান দুটি ঝালাপালা, দায় হলো খেলাধুলা। বাংলাদেশে এর অফিশিয়াল নাম দেওয়া যেতে পারে ‘ভেঁপু-জ্বালা’। বৃষ, ঝুলন্ত কাজকর্মের একটা তালিকা লিখুন। এবার এক এক করে কাজ করুন। সফল হবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >ফুটবল খেলার বাংলা পরিভাষা নিবেদন করছি—ফুটবল-পদগোলক, কিক-পদাঘাত বা লাথি, ফ্রি কিক-মাগনা লাথি, ফাউল-হিংস্র ধাক্কা কিংবা ‘ধাকাল্বা’, ইত্যাদি। মিথুনের সৃজনশীলতার চমক বাড়বে এ সপ্তাহে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আজকাল খেলার মাঠগুলো সব হয়ে উঠেছে যেন জমজমাট র্যাম্প শো। এবারকার বিং কাং ফুটবলে দেখলাম বাবরি-চুলো বয়াতি মিড-ফিলডার, খোঁপাতুন্নেসা (খোঁপাওয়ালা) সুইপার-ব্যাক, মোরগ-ঝুঁটিওয়ালা ডিফেনডার, চান্দিছিলা স্ট্রাইকার ও রেফারি, টিকিওয়ালা গোলকিপার, আরও কত কী। আমি তো মনে করি, এতে খেলার বৈচিত্র্য বাড়ে। দূর থেকে খেলোয়াড়দের চিনতে সুবিধা হয়। সে যা-ই হোক কর্কট, এ সপ্তাহে আপনি আপনার আশা পূরণের কাছাকাছি চলে আসবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সপ্তাহ কাটবে আনন্দ থেকে সৃষ্ট উত্তেজনায়। পেছনের কোনো ক্ষোভ থেকে থাকলে তা মুছে যাবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আমার মতে, ফুটবলের রীতিনীতিতে যথেষ্ট সংস্কার আনা প্রয়োজন। দশজন গাট্টাগোট্টা খেলোয়াড়ের ব্যর্থতার বোঝা বহন করবে বেচারি একা একজন গোলরক্ষক—এ কেমন অবিচার! এত বড় মুখ হাঁ করা গোলপোস্টখানা পাহারা দেওয়ার জন্য থাকা উচিত অন্তত দুজন গোলরক্ষক (দৃষ্টি আকর্ষণ: সেপ ব্লাটার তথা ফিফা)।...কন্যা, এ সপ্তাহে অসাধারণভাবে একটি সমস্যার সমাধান করবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এ সপ্তাহে আপনাকে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। এসব সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ না রাখাই ভালো। ভয় নেই, এতে আপনার কোনো ক্ষতি হবে না।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনার আবেগই এ সপ্তাহে আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে দেখা দেবে। অর্থাৎ আবেগের বশবর্তী হইয়া এ সপ্তাহে আপনি ভালো কাজ করিবেন, মহৎ কাজ করিবেন। ইহাতে পয়সাকড়ি এবং সম্মান—উভয়ই হস্তগত হইবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >যে একদিন আপনাকে সবার কাছ থেকে বিছিন্ন করে দিয়ে প্রতিশোধের তৃপ্তি পেয়েছিল, আজ সে অনুতাপে ভুগবে। তাকে ক্ষমা করে দিন। আপনি তারার আবছা আলোয় পথ দেখে সামনে চলুন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >শিক্ষা তিন রকমের আছে—বই পড়া শিক্ষা, প্রকৃতি ও জীবন থেকে গৃহীত শিক্ষা এবং হিন্দি টিভি সিরিয়াল থেকে অর্জিত শিক্ষা, যাকে আমরা দূরশিক্ষণও বলতে পারি! ...দুই বছরে ১০৪খানা এপিসোড দেখতে পারলেই পিএইচডি লাভ! বলা বাহুল্য, এই তিন রকম শিক্ষার ফলাফল ভিন্ন। তবে বেছে নেওয়ার অধিকার সম্পূর্ণ আপনার।...সাপ্তাহিক সমস্যা কেটে যাবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >টিভিতে বিশ্বকাপ ফুটবল। খেলোয়াড় বদলের বোর্ডে ‘HUBLOT’ লেখা দেখা ছেলে বাবার কাছে ব্যাপারটা জানতে চায়। বাবা জানান, যে খেলোয়াড় বাজে খেলে খেলাটা গুবলেট করে দেয়, তাকেই ‘হুবলট’ নাম দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। প্রিয় কুম্ভ, সত্যি বলতে কি, ওই কথাটার মানে আমিও জানি না। তবে এ সপ্তাহে যদি আপনি কাজে ভুল করেন, তাহলে আপনিও যে ‘হুবলট’ হয়ে যাবেন, এটা আমি জানি।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মানুষের জীবনের প্রতিটি দিনই এক একটি ফাইনাল খেলা। এ সপ্তাহের বেশির ভাগ দিনই এই ফাইনালে আপনার পারফরম্যান্স ভালো হবে।