আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনি যখন সুন্দরভাবে কাউকে স্মরণ করেন, সেটাই হয় তার জন্য আপনার আশীর্বাদ। এ সপ্তাহে ভেবে দেখুন তো, কারও কথা মনে করতে আপনি ভুলে গেছেন কি না।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
ভেবে দেখুন, যেদিন ‘পে ডে’ হয়, অর্থাৎ মাইনে বা বেতন যেদিন আপনার হাতে আসে, সেদিনের আনন্দটা একেবারে আলাদা কি না। চাকরিজীবী মাত্রেই আমার কথার সঙ্গে একমত হবেন। আমি বলতে পারি, কেননা আমিও একসময় চাকরি করতাম। আনন্দের রকমফের আছে, এ সপ্তাহে আপনার পে ডে হোক বা না হোক, ওই রকমই আনন্দ হবে।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
সারাক্ষণ শুভ একটা কিছুর প্রতীক্ষা করার মধ্যে রয়েছে মানুষের বেঁচে থাকার সবুজ আনন্দ। রবীন্দ্রনাথ সেসব কথা আনেক আগেই বলে চলে গিয়েছেন: আমার এই পথ চলাতেই আনন্দ... এ সপ্তাহে যদি আপনি কোনো কিছুর আশায় থাকেন, তাহলে তা পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
প্রকৃতির আশ্চর্য শৃঙ্খলা লক্ষ করুন: এমনকি বন্যপ্রাণিরাও নিজেদের অঞ্চল, বিচরণক্ষেত্র, যৌনসঙ্গী এবং সন্তান মা ও স্ব- প্রজাতি সম্পর্কে কতটা সচেতন। নিজ চিহ্নিত এলাকায় প্রতিপক্ষ শিকারির অনুপ্রবেশ এরা কিছুতেই বরদাশত করে না। ঘটায় বীভৎস রক্তপাত। কিছুটা একমাত্র ব্যতিক্রম হচ্ছে মানুষ। ভালোবাসায় সে নিঃশেষে আপন স্বার্থ জলাঞ্জলি দিতে প্রস্তুত। তাও, এর উদাহরণ খুব বেশি দেওয়া যাবে না। প্রিয় পাঠক, মনুষ্যত্ব প্রমাণ করার এটাই আপনার শ্রেষ্ঠ সময়।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
আমার পরিচিত এক দম্পতি বাংলাদেশের জনসংখ্য বৃদ্ধির জন্য দায়ী। সিংহ রাশির খোপেই ওই সন্তানের জন্ম। দম্পতিটি শুধু যে একাই দেশের জনসংখ্যা বৃদ্ধি করলেন, তা অবশ্য নয়। এ সময় আরও অনেক দম্পতি সন্তানের বাবা-মা হয়েছেন। আমি গোটা ব্যাপারটাকে অনেক আনন্দের বলে ভাবতে চাই: একটি শিশু শুধু পেট নিয়েই জন্মায় না, দুটি হাত নিয়েও জন্মায়। আসুন, শিশুর অধিকার রক্ষায় আমরা চেষ্টা করি—নিজের কিংবা পরের সন্তান বলে কোনো কথা নেই।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
শাস্ত্রীয় বিধি অনুযায়ী চলতি সপ্তাহটা কন্যার জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে। কিছুটা হবে মন্দ, বাদবাকিটা ভালো। ধরে নিন, ভালোটাই বেশি হবে। আমি বলতে চাই, যেকোনো বিষয়ে পজিটিভ মনোভাব গ্রহণ করলে তাতে সাফল্য বেশি আসে।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
সংগ্রাম তুলার জীবনে একটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সংগ্রামে জয়ী হওয়াটাও তাঁর স্বাভাবিক। চলতি সপ্তাহে তুলা কিছুতেই যেন বিচলিত না হন। সামনের কর্তব্য সাধন করুন, পরেরটা পরে দেখা যাবে। শুভ হোক আপনার।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
পৃথিবীতে যত দুশ্চিন্তা আছে তার মধ্যে সবচেয়ে বাজে হচ্ছে টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা। কাজেই চলতি সপ্তাহে আপনি অর্থ উপার্জনে মন দিন। যাঁদের টাকাপয়সা আছে, তাঁরা চেষ্টা করুন হিসাবটাকে ধরে রাখতে। এটুকু হলেই যথেষ্ট।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার মধ্যে অস্থিরতা থাকলেও কাজের গতি আপনার থামবে না। আপনি পায়ে পায়ে সামনের দিকেই অগ্রসর হবেন। তাহলে মনটাকে একটু চাঙা করে নিন। গা-ঝাড়া দিয়ে উঠে বসুন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
একটু মনমরা দেখা যাচ্ছে আপনাকে। কেন, তা জানি না। তবে আমার মনে হয়, এতটা মন খারাপ হওয়ার মতো কিছু আপনার ঘটবে না। ভালো থাকবেন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনি ওপরের মকর রাশির খোপটা একবার পড়ে আসুন। যদিও আপনার এবং মকরের সাপ্তাহিক ঘটনাবলি এক হবে না। তাহলেও একটা পথনির্দেশনা আপনি পেয়ে যাবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
উড়ু উড়ু মন নিয়ে কোনো কাজে হাত দেবেন না। যা কিছু করবেন মন লাগিয়ে করবেন। সাফল্য আসবে না মানে! আসতেই হবে। আমি আছি না!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।