আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
কাজী নজরুল ইসলাম কাজ তো করেছিলেন ২২-২৩ বছর মাত্র। কিন্তু নজরুল তাঁর প্রতিভার আগুন দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কাজের পরিমাণের চেয়ে কাজের গুণটাই বড় জিনিস—এই কথা মনে রেখে এ সপ্তাহের পথ চলুন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
তিক্ত স্মৃতিগুলো সবচেয়ে দ্রুত ফিরে আসে। তাই বলে যে ভালো লাগার স্মৃতিগুলো একেবারে হারিয়ে যাবে, তা নয়। চলতি সপ্তাহে কোনো তিক্ত স্মৃতি আপনাকে কষ্ট দিলে ওটাকে অতীত বলেই ধরে নেবেন। আর মধুর স্মৃতি কিছু থাকলে সেগুলো নিয়ে ভাববেন। এ সপ্তাহ আপনার ভালো কাটবে।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
লক্ষ করে দেখবেন, তৃণভোজী জন্তু, অর্থাৎ ঘাস, লতা-পাতা যারা খায়, তাদের চোখ হয় টানাটানা, মায়াময়। পক্ষান্তরে, মাংসাশী প্রাণীর চোখ হয় হিংস্র। মানুষের চোখ কিন্তু দুরকমই হতে পারে। মানুষ একই সঙ্গে তৃণ ও মাংসভোজী—এটা একটা কারণ কি না, জানি না। চলতি সপ্তাহে জীব ও প্রকৃতির আচরণ পর্যবেক্ষণ করবেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
কিছু কিছু কষ্ট থাকে, যা সঙ্গে নিয়েই জীবনের শেষ প্রান্ত অবধি চলতে হয়। এর আর অন্যথা হয় না। চলতি সপ্তাহে আপনি আপনার সব কষ্ট মুছে ফেলার চেষ্টা করবেন না। যেটা যেমন আছে, তেমনই থাকুক।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ে শিশুদের চাহনি আমাদের সবচেয়ে বেশি বিচলিত করে। পৃথিবীতে তো শিশুর চেয়ে অসহায় আর কেউ নেই। প্রিয় পাঠক, এ সপ্তাহে নিজের ও অন্যের শিশুদের নিয়ে ভাবুন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমি সারা জীবনেও বুঝে উঠতে পারিনি, আমাদের দেশের সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে একটা তোয়ালে থাকে কেন। তারপর ধরুন, টিভিতে দেখি শিল্পীরা বাক্সের ওপর মূতির মতো বসে কষা মুখে গান করেন। এর অর্থ আমার কাছে সম্পূর্ণ ঘোলাটে। আবার দেখি, আনন্দের গান একজন শিল্পী মহাকষ্ট নিয়ে গাইছেন। যেমন: তিনি যখন গান, ‘আনন্দধারা বহিছে ভুবনে’—এই গান বেশির ভাগ শিল্পীই খুব বিষণ্নভাবে করেন। এসব বিষয় আমাকে ভাবায়। প্রিয় কন্যা, এ সপ্তাহে আপনার দৃষ্টি ও রুচির ক্ষমতা বাড়ান।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
কোথাও যখন আনন্দ থাকে না, তখন একটা নিরানন্দ গান হতে পারে আপনার শ্রেষ্ঠ সঙ্গী। সেই মুহূর্তে আনন্দের গান বরং আপনার বিরক্তি উত্পাদন করতে পারে। কেন এটা হয়, এর ব্যাখ্যা দেবেন কেবল মনোবিজ্ঞানী। আমি শুধু বাস্তব অবস্থাটা বললাম, চলতি সপ্তাহে যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
এক প্রবাসী ভদ্রলোক চিড়িয়াখানায় গিয়ে এক জোড়া শালিক পাখি দেখতে পান। সেই যে তার মন দেশের জন্য উতলা হলো, তিনি আর বিদেশে থাকতে পারলেন না। প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে আপনার মন পিছুটানে ভরে যেতে পারে।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
আগের চেয়ে এখন আপনি অনেক বেশি স্বস্তির মধ্যে দিন কাটাবেন। কিসে আপনার স্বস্তি আসবে, তা আমি বলতে পারি না।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
স্কুলজীবনে আমি নিয়মিত স্কাউটিং করেছি। স্কাউটিং আমার রক্তে মিশে গিয়েছিল। তখনকার দিনে স্কাউটিং শুধু আনুষ্ঠানিকতা ছিল না; রীতিমতো কষ্ট করতে হতো। অথচ, সেই কষ্টের কী যে আনন্দ ছিল, তা বোঝানো যাবে না। প্রিয় মকর, আপনার আশেপাশে তরুণেরা থাকলে তাদের স্কাউটিংয়ে উত্সাহিত করুন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ রাশির কোনো শিল্পী যদি তাঁর কাজ থামিয়ে বসে থাকেন, তবে তাঁকে বলব, কবে উঠবে আবার তোমার হাতে তোমার ওই গিটার/ কবে জাগবে আবার তোমার চোখে ব্যথার সেই উপহার? বক্তব্য এটুকুই।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
যার কথা মনে পড়ছে, তাকে বলুন, তার সাড়াশব্দ পেলে আপনার মনে কত ভালো লাগার স্মৃতি ফিরে আসে। চলতি সপ্তাহে প্রবাস থেকে আপনার আপন কেউ দেশে আসতে পারেন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।