আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
১৯৫০-এর দশকে হলিউডে মার্লোন ব্র্যান্ডো আসেন তাঁর অ্যাকটিং মেথড নিয়ে। বলা হয়, চলচ্চিত্র পর্দাকে তিনি বিদ্যুতায়িত করেন। ভাবতে ভালো লাগে, আজও তাঁর অভিনয়রীতি অনুসরণ করা হয়। অনেক অভিনেতা তো সরাসরি ব্র্যান্ডোর অভিনয় অনুকরণ করেন। মেষ রাশির জাতক ব্র্যান্ডো ছিলেন এক পথিকৃৎ। মেষের এটা একটা বৈশিষ্ট্য। প্রিয় পাঠক, চলতি সপ্তাহে আপনি একটি নতুন অভিযাত্রায় নেতৃত্ব দেবেন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
একটি ছেলে বলে, ঢাকার সিনেমায় মারপিট তো হয় বটেই। তবে, ঘুষি মারে একটা, আওয়াজ হয় দুইটা! বৃষ, চলতি সপ্তাহে আপনার খাজনা থেকে বাজনা যেন বেশি না হয়।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
মনে রাখার ক্ষমতা একটা বিরাট ব্যাপার, যা একজন মানুষের সাফল্যের পেছনে কাজ করতে পারে। আমার স্মৃতিশক্তি ভালো নয়, তাই আমি জীবনে অনেক কাজই করতে পারিনি। মিথুন, আপনার আশা করি এ অবস্থা নয়।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
কারও ওপর জবরদস্তি করে তাকে সাময়িকভাবে দখলে রাখা হয়তো যায়, শেষ পর্যন্ত কিন্তু আর ধরে রাখা যায় না। পাল্টা যদি ভালোবাসা ও মানসিক স্বাধীনতা দেওয়া যায়, তাহলে এমন এক প্রীতিবন্ধন তৈরি হবে, যার শক্তি সীমাহীন। ভাবুন।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
রেডিও-টিভি-সিডি প্লেয়ার আর মোবাইল ফোনই হচ্ছে আমার সর্বমোট ইলেকট্রনিকস উপাদান। আমার অন্যান্য যোগাযোগ হয় হাতের লেখা ও মুদ্রণ মাধ্যমে—যেমন, এই সব রাশিফল লিখছি। প্রিয় সিংহ, আপনি যেন আমার মতো না হন। সব দিকে ছড়িয়ে পড়ুন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
একটা স্থান, পাড়া, রাস্তা, নদী ইত্যাদির নামের সঙ্গে প্রায়ই কিছু না কিছু ইতিহাস জড়িয়ে থাকে। এসব নামকরণের উত্স খুঁজলে জ্ঞান কী হয় জানি না, তবে দারুণ আনন্দ আসে মনে। পরীক্ষা প্রার্থনীয়।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
আপনাদের রাশিফল লিখি শুধুই কি ভবিষ্যৎ বলার জন্য? না, সেই সঙ্গে চেষ্টা করি আপনাদের একটু বাস্তব কাজে আসতে, আপনাদের নিরানন্দ ঘুচিয়ে একটু আনন্দ দিতে। আশা রাখি চলতি সপ্তাহ আপনার সার্থক হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
একা একটি শিশুকে দেখা যায়, নির্জন দুপুরে বারবার মায়ের কাছে এসে প্রশ্ন করে, ‘আমি কী করব মা’?! তাহলেই দেখুন, একটি শিশুর জীবনেও একঘেয়েমির প্রহর থাকে। শিশুর এই চাহিদার প্রতি নজর রাখুন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
সেই প্রাচীনকাল থেকে, বিশেষ করে ফুটবলের ধারাভাষ্যে ‘মুন্সিয়ানা’ কথাটি শুনে আসছি। নাটকের অভিনয় পর্যালোচনা করতে গিয়ে লেখা হয় ‘ওমুকের অভিনয় ছিল সাবলীল, তমুক অভিনয়ে বেশ আড়ষ্ট ছিলেন।’ এ সপ্তাহে কিছু ভালো লাগলে তার বিস্তারিত ব্যাখ্যা করুন। শুধু ভালো লাগল বলাটা যথেষ্ট নয়। কেন ভালো লাগল বুঝতে হবে।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
একজন তাঁর যাত্রা শেষে দেখলেন একটি সাইনবোর্ড। তাতে লেখা আছে, ‘হোটেল মজবুরিয়া আরামিয়া কমদামিয়া।’ বলা বাহুল্য এই হোটেলটিতে তিনি উঠবেন বলে মন স্থির করলেন। আপনি হলেও হয়তো তা-ই করতেন। চলতি সপ্তাহে আপনার ভ্রমণ সম্ভব।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চিকন-সরু গোঁফওয়ালা কলকাতার দাদা, নাকের তলায় যেন প্রজাপতি বাঁধা। ব্যঙ্গ করছি না, বাস্তব চিত্র তুলে ধরলাম। কলকাতার যেকোনো টিভি চ্যানেলে চোখ রাখবেন, আমার কথাগুলো মনে পড়ে আপনার হাসি পাবেই। না যদি পায় অর্থাৎ বিফলে মূল্য ফেরত।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
আপনি তো জানেন, পৃথিবীর খুব কম দেশে এখন রাজতন্ত্র চালু আছে। ভেবে দেখুন কী বন্দিজীবন রাজপরিবারগুলোর! রাজা-রানিরা কি তাঁদের এই বিলাসী স্বেচ্ছাবন্দিত্ব আপনা থেকেই মেনে নিয়েছেন? রাজ্য বা রাষ্ট্রের জনসাধারণ তাঁদের নিয়ে পুতুল খেলা খেলছে। দুপক্ষেই যেন অপার আনন্দ। আপনি বিত্তবান হলে ঠিক আছে, না হলে বিত্তবানদের অবস্থা দেখে ঈর্ষান্বিত হবেন না। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।