আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলচ্চিত্র প্রশিক্ষণ উপলক্ষে দলগতভাবে কিছু দেশ ঘুরেছি। সেখানে শিখেছি, কোনো আলোচনায় সবাই মিলে একসঙ্গে কাউ কাউ করা যায় না। একজনের বক্তব্য শেষ হলে অন্যজনকে বলতে দিতে হয়। আমাদের টিভি ‘টক শো’গুলো দেখে আমাদের তরুণ প্রজন্ম ব্রক্ত (বিরক্ত) হয়। প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার কথাবার্তা গভীর অর্থ বহন করবে। এ কথা জেনে সপ্তাহ শুরু করুন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
এক শিশু অন্য শিশুকে বলছে, তোমরা তো বড়লোক। অন্য শিশু বলে, তোমরা? উত্তর আসে, আমরা ছোটলোক। কেন? তোমাদের বাড়িতে সবাই কি লম্বা লম্বা? প্রিয় বৃষ, এ সপ্তাহে কমিউনিকেট করতে গিয়ে শিশুসুলভ কথাবার্তা বলে বসবেন না যেন। 
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
স্কাউটিং জীবনে প্যারেড চর্চার সময় কেউ যদি বলত, খিদে পেয়েছে—আমাদের নিষ্ঠুর ট্রুপ লিডার রতন ভাই টিউবওয়েলটা দেখিয়ে দিয়ে বলতেন, যাও, পানি খেয়ে পেট ভরে এসো। কেউ গরম লাগছে বললে বলতেন, গরম কি তোমার একার লাগছে? গরমটা কমাতে পারবে? -না। তাহলে কেন বললে? এর জন্য শাস্তি হিসেবে মাঠে তিন চক্কর দিয়ে এসো। ভালো করে গরম লাগুক। প্রিয় মিথুন, চলতি সপ্তাহে কোনো কার্য উদ্ধার করতে গেলে কিছুটা কাঠখড় পোড়াতে হবেই। 
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
রোজরাতে ফাঁকা গলিতে ছড়ছড় করে একটা-দুটা রিকশা বের হয়। আমি চালকদের জীবিকাতাড়িত দেহ ও মুখগুলো স্পষ্ট কল্পনা করি। ভোরের ঢাকা শহরে এদের গ্যারেজ/আস্তানা আমি অনেক ঘুরেছি। রিকশায় ভ্রমণের সময় জেনেছি ওদের জীবনের টুকরো গল্প। কর্কট, এ সপ্তাহে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝে চলুন।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
একবার এক কিশোরী আমাদের বাসায় কাজ করতে আসে। বরাবর যেমন হয় আমরা তার জন্য বর্ণমালা, খাতা, পেনসিল কিনে দিই। জানতে পারি, গ্রামের প্রাইমারি স্কুল থেকে ও মোটামুটি বর্ণজ্ঞান নিয়ে এসেছে। আমি ওকে বলি, এই খাতায় তোমার ইচ্ছামতো কিছু লিখে নিয়ে এসো। দেখি, সে লিখেছে ‘ভাত খাইতে ভালো লাগে’। পড়ে মনে হলো, আমার চোখে জল আসবে। প্রিয় সিংহ, এ সপ্তাহে অন্তত একটি মনের দাগ কাটা দিন আপনার আসবে। 
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
ভালো আছি এবং তুমিও ভালো থেকো—জপতে জপতে আমরা সবাই শেষ পর্যন্ত আসলে কিন্তু বেশ ভালোই থাকি। এটা পরীক্ষা করে দেখবেন। খারাপ আছি বা মন্দ আছি ভাবতে থাকলে আপনার মন ভালো আর কোত্থেকে হবে? মনস্তত্ত্বে একেই বলে অটোসাজেশন বা আত্মসম্মোহন। নিজের ব্যাটারিকে নিজেই চার্জিফাই করা। ফলাফলটা রাংফং বা রাশিফলের চেয়েও শক্তিশালী। 
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
বাবুই পাখি কি তাদের তৈরি বাসা সাবলেট দেয়? ছুটির দিনের কার্যকারণ কলামের লেখক আব্দুল কাইয়ুমের কাছে সবিনয়ে জানতে চাই। অনেক সময় বাবুই পাখিরা নাকি এক বাসায় দুই খোপ বানিয়ে পরিবারের বাড়তি সদস্যদের রাখে। তাই আমার এই ন্যায্য কৌতূহল। প্রিয় তুলা, মোটামুটি বড় ধরনের বাধা থেকে উত্তরণ দেখতে পাই আপনার।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
কথা বলায় রত দুই ভদ্রলোকের কথোপকথন কানে এল। দেখি, দুজনের একই মুদ্রাদোষ। কথার মধ্যে অ্যা অ্যা ব্যা ব্যা করে। দেখে খুব মজা পেলাম। হাত-পা নাড়ার মধ্যেও অনেক মুদ্রাদোষ থাকতে পারে। সেখানে যদি দুজন একই রকম হাত-পা নাড়ানো লোক থাকেন, সেটা আরও মজার বিষয়। বৃশ্চিক রাশিতে যদি কোনো নাট্যকার থাকেন, তো তিনি আমার এই টিপস এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। বৃশ্চিক, সপ্তাহটা একটু সচেতনভাবে পার করবেন। 
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
প্রাচীন যুগে বাহন ছিল ঘোড়া—পৌরুষের প্রতীক। বর্তমান যুগে এসে এটাই হয়েছে মোটরবাইক বা মোটরসাইকেল। আমার কাছে এটা মূলত একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। নারীর নারীত্বের প্রতীক কী হতে পারে ভেবে দেখিনি। এমনিতে চোখ বন্ধ করলে ম্যাডোনা থেকে যামিনী রায় হয়ে জয়নুল, কামরুল হাসানে চলে আসে। নারীর প্রতীক তাহলে মাতৃত্ব? এ সপ্তাহে ধনুর মা-সন্তানের মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি হওয়ার কথা। 
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
কারও আঁচড় না লাগিয়ে কি আদৌ কিছু বলা বা লেখা সম্ভব? যায় না। তবুও কথায় কিংবা লেখায় একটা মাত্রাজ্ঞান অবশ্যই থাকতে হবে। মকর, এই কথাটা সপ্তাহজুড়ে মনে রাখতে বলি। 
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
হড়বড় করে দ্রুত বলে যান টেলিভিশনের বিভিন্ন ধরনের প্রেজেন্টার। ‘কিছু বুঝে ওঠার আগেই বলাবলি শেষ হয়ে যায়।’ এ কী আপদ! 
প্রিয় কুম্ভ, আপনাকে কিন্তু বলছি না, শুধু বলছি চলতি সপ্তাহে যা বলবেন ধীরে-সুস্থে, ঠান্ডাভাবে বলবেন। 
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
একদিন এক চায়ের দোকানে চা খেতে বসেছি। কাছেই দুই প্রবীণ গ্রামীণ ভদ্রলোক চা খাচ্ছেন। আমি গরম চা খাই না, চা-টা ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। উনাদের চা খাওয়া শেষ হতে একজন উঠে আমাকে ধমক দিয়ে বললেন, ‘ওই মিঞা, চা খান না কেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে?’ মীন, এ সপ্তাহে অন্যের তাড়া খেয়ে দ্রুত কিছু করতে যাবেন না। 
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।