আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > সাধারণভাবে বলতে গেলে, একজন আংশিক মনোরোগী তাঁর রোগের গতিপ্রকৃতি কিংবা ওঠানামাটা বুঝে উঠতে পারেন না। অন্যের পর্যবেক্ষণ দরকার হয়। চিকিৎসা এবং পরিচর্যা তো আছেই। অন্যদিকে পূর্ণ রোগীরাও আছেন, চিকিৎসায় যাঁদের কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত হয়তো কোনো আশ্রম হয় তাঁদের স্থায়ী ঠিকানা, আর নয়তো তাঁরা নিজেরাই একদিন কোথাও নিরুদ্দেশ হন। ...ওষুধের বড়ি নীরবে-নিভৃতে কাঁদে। প্রিয় মেষ, আপনার জীবনের আশপাশে কোনো মনোরোগী থেকে থাকলে দিশাহারা হবেন না। চিকিৎসাবিজ্ঞানের দ্রুত অগ্রগতি হচ্ছে। আজ না হোক, কাল হয়তো সূর্য উঠবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > আমার দিকে তাকিয়ে তিনি অনেকটা যেন আপনমনেই গেয়ে উঠলেন—‘ঘর সাজাবার স্বপ্ন দেখ কোথায় আমার গরিব ভাই, হাতা-বেড়ি খুন্তি-কড়াই থালা-বাসন আর কী চাই...নীলামওয়ালা।’ চেয়ে দেখি তাঁর ঠোঁটে হাসি আর চোখে চিকচিক করছে দুফোঁটা জল। ...প্রিয় বৃষ, এ সপ্তাহে আপনার জীবনে শুভ পরিবর্তন আসবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > পাড়ার অবসরপ্রাপ্ত ছড়াকার খগেন্দ্রনাথ কর্মকার। বয়সের কারণে আজকাল আর হাতে লিখতে পারেন না, মুখে মুখেই মেরে দেন। সেদিন চায়ের দোকানে তাঁকে পেয়ে গেলাম। বললাম, ‘খগাদা, একটা হাসির ছড়া শোনান।’ তিনি শোনালেন—‘হাসতে হাসতে আস্তে আস্তে হাসতে গিয়েছি ভুলে/ নড়ে গেছে দাঁত, ধরে গেছে বাত/ পাক ধরে গেছে চুলে।’ কী মিথুন, এমন একখানা ছড়া শুনেও হাসি পেল না? যদি বলি এ সপ্তাহে টাকা পাবেন—তাহলে তো নিশ্চয়ই মুখে হাসি ফুটবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > একসময় সিনেমায় এবং বিশেষ করে বিটিভির প্রায় সব নাটকেই দলগত খাদ্যগ্রহণের একটা অপরিহার্য দৃশ্য থাকত। বাড়ির সবাই মিলে একসঙ্গে ডাইনিং টেবিলে বসেছে, চপার-চপার শব্দে খাচ্ছে আর কথা বলছে। মা সবার প্লেটে জবরদস্তি করে খাবার উঠিয়ে দিচ্ছেন। আশ্চর্য, খাওয়াটাকে অভিনয় বলে মনেই হতো না!...কর্কট, এ সপ্তাহে আপনি খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু উদার হতে পারেন। ...নিজে খান, অন্যকেও খাওয়ান।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> একটা শিকারের সবচেয়ে বড় ভাগটাই যায় সিংহ মহাশয়ের দখলে। এই জন্যই কি বলা হয় ‘The lion’s Share’ বা সিংহভাগ? কথাটাকে ঘুরিয়ে ‘সিংহভাগ্য’ বললেও তো ভুল হয় না। হয় কি? এ সপ্তাহে অধিকাংশ সিংহ জাতক-জাতিকারই ভাগ্যে জুটবে সিংহভাগ সাফল্য। প্রিয় সিংহ, চেষ্টা করবেন তার থেকে আমাদের জন্যও কিছুটা বরাদ্দ রাখতে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > যমজ সন্তানদের একই দিনে জন্ম, কাজেই তাদের রাশিও একই। সে অনুযায়ী যমজদের ভাগ্যটাও তো একই রকম হওয়ারই কথা। তাহলে দেখুন, ‘সগির-মগির যমজ ভাই-একই রাশির জাতক, সগির যায় নিউইয়র্ক মগির থাকে ছাতক!’ শুনে মাইন্ড ব্যাড করবেন না—অর্থাৎ মন খারাপ করবেন না—এ সপ্তাহে একজনকে একটা কথা মানাতে আপনাকে বেশ বেগ পেতে হবে। এটুকু বাদ দিলে চলতি সাতটি দিন আপনার ভালোই কাটবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > এ সপ্তাহে থোড়া কিপটা হো যাও মেরে পেয়ারে তুলা। ...ইয়েস, সারাক্ষণ মুখে একটা ‘নাই নাই’ ভাব ফুটিয়ে রাখুন। কেউ ধার চাইতে এলে তার সাথে অপ্রাসঙ্গিক আলাপ জুড়ে দিন। কানে কানে বলি, এ সপ্তাহে আপনার কাছে ভালো টাকাই থাকবে। তবে হিসাব করে চলুন। আধপেটা খেয়ে হলেও ভরা পকেটে থাকুন। পরবর্তী সময়ে এর সুফল পাবেন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > চলতি সাত দিনের মধ্যে একদিন মৃদু একটা চিপা খাবেন। প্রস্তুতি থাকলে ব্যথাটা কম লাগবে। ব্যক্তিগত পরিকল্পনা ও কার্যপদ্ধতিগুলো ঠিক এই মুহূর্তে যার-তার সাথে শেয়ার না করাই ভালো। সময় এলে প্রকাশ করবেন। অন্তত এই কটা দিন আবেগের মাথায় কাউকে কোনো কড়া কথা বলে বসবেন না। বিরূপ সমালোচনার গন্ধ পেলে বসে বসে তা উপভোগ করুন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ধরে নিন কথাগুলো আমারই: জন্মলগ্নে ঘটেছিল কিছু ভুল, ফুটেছিল বিষ-ফুল/ ক্ষতির কারণ হয়েছি সবার তাই, অভিশাপ থেকে ফেরার উপায় নাই। তাই বলে সব ধনুর জীবন একই রকম হতে পারে না। ...আপনি এ সপ্তাহে অনেক ভালো থাকবেন। মানুষের মনোযোগ পাবেন। কাজের স্বীকৃতি পাবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > ঢাকা সফরে এসে স্মৃতিচারণা প্রসঙ্গে গল্পটা নিজের মুখেই বলেছিলেন দিলীপ কুমার (ইউসুফ খান)। তরুণ দিলীপের মৃত্যুদৃশ্যসংবলিত ছবিগুলো তখন একের পর এক সুপার হিট হচ্ছিল। প্রতি ছবিতেই নায়কের মৃত্যুদৃশ্য—ব্যাপারটা দিলীপের কাছে একঘেয়ে হয়ে দাঁড়ায়। এ অবস্থায় এক নব্য প্রযোজক ওই রকমই একটি ছবির প্রস্তাব নিয়ে দিলীপের কাছে আসেন। দিলীপের সাফ জবাব—‘না, আমার মৃত্যুদৃশ্য আর নয়। চিত্রনাট্য বদলান।’ নাছোড়বান্দা প্রযোজকটি তখন দিলীপের হাত জড়িয়ে ধরে কাকুতি-মিনতি করতে থাকেন—‘প্লিজ ইউসুফ সাহাব, আপ মর যাইয়ে না। প্লিজ!’ রাগে দিলীপের পিত্তি জ্বলে যায়। তিনি মনে মনে বলেন, ‘তু মর যা!’ অর্থাৎ তুই মরে যা। প্রিয় মকর, এ সপ্তাহে আপনি কিন্তু একটু আপসের পথেই চলুন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > মানুষের মনে অনেক কষ্ট জমে থাকে, কিন্তু যখন-তখন তার চোখ থেকে কান্না ঝরে না। সেটা একটা বিচ্ছিরি ব্যাপার হতো। এদিকে দেখুন, হাসিটা কত সহজ, স্বাভাবিক একটা এক্সপ্রেশন। এই জন্যই হয়তো আমরা বেঁচে আছি। প্রিয় কুম্ভ, কান্নাটা আপনার আবেগের অধিকার। তবুও যেখানে-সেখানে যার-তার সামনে কাঁদবেন না। ওটা অশোভন। হাসি না এলে চুপ করে থাকুন—সেও ভালো। ...এ সপ্তাহে আপনি কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। এবার না হয় একটু মুচকি হেসে সৌজন্যটুকু দেখান!মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > আমার গান শোনাটা হচ্ছে উপাসনার মতো। ‘...ঝড়কে যেদিন ধরে-বেঁধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।’ কিংবা ‘যে ব্যথা মহান-তারই পায়ে আমি জানায়ে গেছি প্রণাম...আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম।’ নয়তো রবীন্দ্রসংগীতের সেই একটি লাইন ‘...পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে।’ এসব গান মানুষের মনকে বাঁচায় না মেরে ফেলে—ভেবে দেখিনি। হয়তো দুটোই সত্যি। আপনি যাচাই করে দেখবেন।