আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার বাবা ছিলেন মেষ রাশির এক ভয়ংকর জাতক। একবার ঢাকায় এসেছেন এবং এক বাসায় দাওয়াতে যাবেন। তিনি পরেছেন বুশ-শার্টের সঙ্গে পায়জামা ও জুতা। আমি উসখুস করছি, তাঁকে বলব যে পোশাকটা ঠিক রীতিসিদ্ধ হলো না। কিন্তু আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে কথাটা তাঁকে বলব, তবু আমতা-আমতা করে বলেই ফেললাম। বাবা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বললেন, এটা ফ্যাশন নয়? তাহলে লেট মি ইন্ট্রোডিউস আ নিউ ফ্যাশন: অর্থাৎ আমি একটা নতুন ফ্যাশন চালু করলাম। প্রিয় মেষ, এ সপ্তাহে বেশি জেদাজেদি করবেন না।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
বৃষর রুচি একটা আদর্শ। সমাজে অনেকে তাঁকে দেখে নিজের রুচি গড়েন। বৃষ কারও অশুদ্ধ উচ্চারণেও বিরক্ত হন। যেমন কেউ বলল ইসপিকার (স্পিকার), এসকোয়াড (স্কোয়াড), অসথায়ী (অস্থায়ী) ইত্যাদি। বৃষর কানে এসব অশুদ্ধ উচ্চারণ খট করে লাগে। তাঁর রুচির মান উঁচু-নিচু হয়ে যায়। মনে হয়, বৃষ চলতি সপ্তাহে রুচির ধাক্কা সামলাতে সামলাতে চলবেন। তাঁর জন্য সহানুভূতি রইল।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
আমার পড়াশোনা বেশি নেই। তবু মনে হয়, পৃথিবীতে পুরুষ লেখকই সর্বাধিক এবং লেখাজোকা যা হয়, সবই সেই পুরুষের দৃষ্টিকোণ থেকে। কোনো দেশে, কোনো সমাজেই নারীর অগ্রগতিকে সহজে বাড়তে দেওয়া হয় না। প্রিয় মিথুন, ওপরের কথাগুলো খেয়াল করে পড়বেন, ভাববেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
দাঁত-মুখ খেঁচিয়ে, বাতাসে মাথা কুটে, প্রচণ্ড চিৎকার মারলেই গান হয়, এটা আজকালকার ব্যাপার। চিৎকারটা আবার যত বেসুরো হবে, ততই নাকি হিট বা জনপ্রিয়। হবে না কেন? এসব গানের স্রোতাদের কানেও যে সুর নেই। প্রিয় কর্কট, চলতি সপ্তাহে প্রাণভরে শ্রুতিমধুর গান শুনুন, সাতটি দিন চমৎকারভাবে কাটান।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
প্রকৃতির শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের কথা ভাবলেই সবার আগে আমার মনে আসে জন্মস্থান সিলেট। অথচ পৃথিবীর কিছু দেশ যে একেবারেই আমি ঘুরিনি, এমন নয়। শিকড়ের প্রতি মানুষের মনের টান এ রকমই সম্ভবত হয়। আমি শিকড় থেকে এখন উৎপাটিত। তবু মন পেছনে চলে যায়। প্রিয় সিংহ, চলতি সপ্তাহে আপনারও আমার মতোই অবস্থা হতে পারে।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
দূরের বরিশাল থেকে এক অচেনা যুবক মাঝেমধ্যে ভারি সুন্দর এসএমএস পাঠান! তাঁরই একটা দেখুন: একটু উল্টা হয়ে তাকালে মনে হয় নদীর বুকে আকাশ, আকাশের বুকে নদী। কী সুন্দর দুটি কথা! যুবকটি আমার নাম দিয়েছেন ‘নাগরিক বন্দী’। আমাকে তিনি অনেক আমন্ত্রণ জানান তাঁর গ্রামে যাওয়ার জন্য। ইচ্ছা তো থাকে, জানি না যেতে পারব কি না। প্রিয় কন্যা, এ সপ্তাহে আপনার ভ্রমণ হওয়া সম্ভব।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
কেউ কেউ আছেন, বারবার প্রশ্ন করলেও মুখে তালা লাগিয়ে রাখেন। এঁরা আমার কাছে বিপজ্জনক। তুলা, এ সপ্তাহে জেরা করেও কোনো একজনের পেটের কথা বের করে আনতে পারবেন না।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
উত্তম-সৌমিত্র-অনীল-সুচিত্রা-সুপ্রিয়াদের যুগেও দিলীপ মুখার্জি, সাবিত্রী, তপতী ঘোষ, এঁরাও কলকাতার চিত্রাকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে ছিলেন। প্রতিভায় এঁরা কারও চেয়ে কেউ কম যান না। চলচ্চিত্র যাঁরা বোঝেন, তাঁরা এ কথাও বুঝবেন। কিন্তু নিয়তি এমন যে এসব গুণী শিল্পী সুচিত্রা-উত্তমের আলোর নিচে ম্লান হয়ে গেছেন। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে আপনি অন্য অনেককে ছাড়িয়ে যাবেন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে আপনাকে একটু ভাবনার গভীরে প্রবেশ করতে হবে। এটা করতে গিয়ে জীবনের অনেক রহস্যই আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে। একজন মানুষের আপনি যে ভুল পরিচয় পেয়েছেন, এখন তা বুঝবেন। এতে লাভ ছাড়া ক্ষতি নেই।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
মাটি থেকে উঠে দাঁড়ান। আপনার এমন কিছু হয়নি যে সটান মাটিতে পড়ে থাকবেন। পেছন দিকে তাকিয়ে দেখুন, জীবনের অনেক মহাবিপর্যয়ই আপনি কিন্তু পার হয়ে এসেছেন। এবারেও আমি বলছি, আপনি পারবেন। অবশ্যই পারবেন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আমরা যা করি, তার ফলাফলের নামই কর্মফল। বলা বাহুল্য, ভালো কাজ করলে তার ভালো একটা ফল আশা করা যেতেই পারে। তা-ই যদি হয়, চলতি সপ্তাহে বুঝে-শুনে কিছু ভালো কাজ করুন। ফল দেখে আপনি তৃপ্ত হতে পারবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
কাব্যে আছে, ‘পানি মে মীন পিয়াসী’। অর্থাৎ, পানির মধ্যে থেকেও মাছ তৃষ্ণার্ত। এটাই হয়। আপনার সব আছে, তবু যেন কিছুই নেই। সাতটা দিন ধৈর্য ধরে পার করে দিন। আবার সব ঠিকঠাক হয়ে যাবে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।