আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
‘জায়গা’ শব্দটির ব্যবহার ক্রমেই বাড়ছে। মিডিয়ার দিকে নজর রাখলেই এর প্রমাণ পাবেন। আপনিও জায়গা করে নিন জীবনের বৃহত্তর জায়গায়। বিশেষ করে এ সপ্তাহে এই দিকটির প্রতি আপনাকে দৃষ্টি রাখতেই হবে।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
কারও কারও কাজ দিয়ে আমরা তাকে মনে রাখি। আবার, কোনো কোনো মানুষকে মনে রাখতে হয় তাদের মন দিয়েই। তবে, আপনার মনে রাখারও একটা মন থাকা চাই। যদি তা-ই হয়, তাহলে মনে রাখার মতো একজন মানুষ খুঁজুন অথবা মনে রাখার মতো অন্তত একটি কথা খুঁজুন।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
আমার বিরুদ্ধে অভিযোগ আছে যে আমি না পেঁচিয়ে কিছুই লিখি না। দেখুন প্রিয় মিথুন, পেঁচিয়ে কথা বলাটাই হচ্ছে যাকে আমরা বলি কালচার বা সংস্কৃতি। সহজ কথা সহজে বলে ফেলার মধ্যে কোনো মজা নেই। শুনতেও কি মজা লাগে? তবু, চলতি সপ্তাহে আপনাকে সহজ করে বলছি, সপ্তাহটি আপনার দারুণ কাটবে।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
শুনে ঘাবড়ে যাবেন না। তবে, এ সপ্তাহে আপনার একটুখানি মানসিক হোঁচট খাওয়ার আশঙ্কা আছে। এ ব্যাপারে আপনি যত সাবধান থাকবেন, ততই বেঁচে যাবেন। রাশিশাস্ত্রই আপনাকে সাবধান করে দিচ্ছে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
সপ্তাহের শুরুটা তত ভালো মনে না হলেও সপ্তাহ যত এগিয়ে যাবে, ততই আপনার মন ভালো হওয়ার কারণ ঘটবে। আজ সপ্তাহ শুরু, কাজেই আজ থেকে আমার ওপরের কথাটি মনে রাখুন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি অনেকখানি ফ্রেশ বা তাজা মন নিয়ে কাজকর্ম করে যেতে পারবেন। ফলে, বলা বাহুল্য, চলতি সপ্তাহে আপনার নানা রকম সাফল্য আসবে। অল্প দু-চারটে ব্যর্থতা নিয়ে মাথা ঘামাবেন না।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
এ সপ্তাহে আপনাকে নিজের কল্পনা ও অনুমানশক্তির ওপর বিশেষভাবে নির্ভর করে চলতে হবে। কাজটা সহজে হবে না। তবে, চূড়ান্ত সাফল্য আপনি পাবেন—এ কথা জোর দিয়েই বলা যায়।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
সামনে যেটাই কাজ আসুক, সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। বৃশ্চিক খুব সহজে পরাজিত হয় না, এ কথা শাস্ত্রেই লেখা আছে। সপ্তাহের শুরুতে মনের মধ্যে আমার কথাটি গেঁথে নিন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
যদি বলি কাজ হচ্ছে একটি বিনোদনের নাম, তাহলে চমকে উঠবেন না। কিছু মানুষ আছেন, যাঁরা কাজ না থাকাটাকে একটা ভয়াবহ অবস্থা মনে করেন। আপনিও সেই দলে। বিশেষত চলতি সপ্তাহে আপনার প্রচুর কাজ চাই এবং তা আপনি পাবেনও। দশটা কাজ করলে পাঁচটায় সাফল্য তো আসবেই।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে আপনাকে বৃহত্তর কর্মযজ্ঞে প্রবেশ করার প্রস্তুতি নিতে হবে। তখন আপনার অবস্থাটা এ সপ্তাহের ধনু রাশির জাতক-জাতিকার মতোই হবে অনেকটা। নির্ভয়ে এগিয়ে চলুন, জয় আপনার হবেই।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ-এর সৌন্দর্যপিপাসু মন এ সপ্তাহে খুব বিকশিত হয়ে উঠবে। সুন্দরকে খুঁজে নেওয়ার জন্য তার চোখ নতুন নতুন দিকে ভেসে যাবে। সব মিলিয়েই একটা পরিপূর্ণ সৌন্দর্যের আবহ। এই আবহ কে না চায়!
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনার চিন্তা পরিচালিত হোক বন্ধুর দিকে, প্রতিদ্বন্দ্বীর দিকে নয়। বন্ধুকে অনুসরণ করলে আপনি এখন সাফল্য ও আনন্দ খুঁজে পাবেন। আপনজনের সান্নিধ্যে থাকুন, আনন্দের ধ্যানে থাকুন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।