আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >একটি শিশুর জন্ম কিংবা নামকরণ—কোনোটার পেছনেই তার নিজের ইচ্ছা-অনিচ্ছার ভূমিকা নেই। তার বেড়ে ওঠা এবং সুরক্ষার দায়ও তাহলে বর্তায় তার মা-বাবার ওপর, প্রাথমিকভাবে। এর পেছনে চাই সামাজিক ও রাষ্ট্রীয় সমর্থন। শিশু অধিকার রক্ষার সংঘবদ্ধ প্রচেষ্টায় আমরাও কিছু না-কিছু করতে পারি। বলতে পারি এ দেশের সব শিশুই ‘আমাদের সন্তান’। মেষ জাতক-জাতিকার মাধ্যমে সব পাঠককে কথাগুলো মনে করিয়ে দিলাম। এ সপ্তাহে মেষ-এর পরিকল্পনা তৈরি এবং ভ্রমণ—দুটোই আছে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ রাশির চিত্রনির্মাতা সত্যজিৎ রায় তাঁর একটি নিবন্ধ শুরু করেছিলেন এইভাবে—‘গোড়াতেই টাকা-আনা-পাই-এর প্রসঙ্গ তুলতে লজ্জা বোধ করছি।’ এরপর তিনি ব্যাখ্যা করেছিলেন—ব্যয়ের বাহুল্যই কীভাবে শিল্প হিসেবে চলচ্চিত্রের অগ্রগতির অন্তরায়। প্রিয় বৃষ, কম পয়সায় পৃথিবীতে কোন বড় কাজটাই বা করা যায়? আর সেই জন্যই আপনার উচিত উপার্জন বাড়ানোর কাজে নামা। এ সপ্তাহে এ বিষয়ে একটা শক্ত সিদ্ধান্ত নিন। নিশ্চয়ই আপনি সফল হবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কলকাতা কেন্দ্রিক বিশেষত ছোটগল্পগুলোতে ছড়িয়ে রয়েছে রোগব্যাধির সানুপুঙ্খ বর্ণনা। হতে পারে—বাস্তবের রূপায়ণ ছাড়া শিল্প হয় না। তবুও বাস্তবের এই পুনরাবৃত্তি পাঠককে ক্লান্ত করে তোলে না কি? শরৎচন্দ্রের নায়কেরা ঘনঘন অসুখে পড়ে নায়িকার অশ্রু-প্রেম-সহানুভূতি আকর্ষণ করতেন। ফিরে পেতেন তাঁদের হারানো শান্তি। সেই থেকেই ওখানে বহাল রয়েছে ওই বন্দোবস্ত। পক্ষান্তরে, বাংলাদেশের গল্পগুলোতে রোগীর কঁকানো কদাচ শোনা যায়। সে যা-ই হোক, মিথুনের চলতি সপ্তাহটা কাটবে সুস্বাস্থ্য নিয়ে। এই মুহূর্তে কেউ অসুস্থ থেকে থাকলে তাঁদেরও ভাবনার কিছু নেই। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >একটি শিক্ষিত বেকার তরুণ কিংবা তরুণীর মুখের চেয়ে বিষণ্ন মুখ আর বোধহয় নেই। এতদিন তাকে তাগিদ দেওয়া হয়েছে—শিক্ষিত হও, যোগ্যতা অর্জন কর। আজ যখন সর্বস্ব উজাড় করে দিয়ে সে তার শিক্ষা সমাপ্ত করেছে—তখন তার সামনে সারি-সারি বিরক্ত মুখ আর বন্ধ দরোজা। ঘরে মুখ চেয়ে-থাকা বাপ-মা, ভাইবোন, আর বাইরে এই অন্যায় অপমান। প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনি যেকোনো বিষয়েই হোক—আশাপ্রদ খবর পাবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>তিনি ছিলেন না কোনো রাজা। তাঁর মৃত্যুতে ফুল নিয়ে ছুটে আসার নির্দেশ কেউ কাউকে দেয়নি। অথচ কী দেখলাম!—লক্ষ লক্ষ শিশু-কিশোর-বৃদ্ধের সমাগমে ভরে উঠল রাজপথ। তরুণ প্রজন্ম সেদিন নতুন করে একটা রায় তুলে ধরলো—তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। দুর্বৃত্তকে যেন এই কথাটাই তারা বুঝিয়ে দিল প্রকারান্তরে। তাহলে আর আমাদের এত ভাবনা কেন বন্ধু?...প্রিয় সিংহ, এ সপ্তাহে আপনার নতুন গুরুত্বপূর্ণ কাজ এবং স্বীকৃতি—দুটোই আসার কথা। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সত্যকে উপেক্ষা করলেই যে সত্য বাতাসে উবে যায় না—এই কথা আমাদের জানিয়েছেন আলডুস হাক্সলি। কথাটা আমরাও জানি। শুধু মাঝে মাঝে আমাদের ধন্দ লাগে—কোনটা দেখতে সত্যের মতো লাগে, তবে আসলেই হয়তো সত্য নয়। সত্যকে স্বীকার কিংবা অস্বীকার করা তো এর পরের কথা। যা-ই হোক কন্যা, চলতি সপ্তাহে আপনাকে একটি অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে মনে হয়। সপ্তাহের শেষ অংশ শুভ হবে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ন্যায়ের প্রতি আপনার একটা গভীর আকর্ষণ রয়েছে। নিজের ভুল কিংবা নিজের অন্যায়ও আপনাকে অনুতপ্ত করে। আপনি তাই অনেক সময় প্রকাশ্যে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। এখানেই আপনি শত্রুমিত্র সব পক্ষের কাছে জিতে যান। এ সপ্তাহে নিজের চিন্তা, সিদ্ধান্ত এবং কাজকর্মকে বিশ্লেষণ করুন। মতামত ব্যক্ত করতে সময় নিন। ঠিক সময় মতো আপনার মনই বলে দেবে—বৃহত্তর লক্ষ্যগুলো এখন কোন পথে রয়েছে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭>বৃশ্চিক হুমায়ূন আহমেদ। বছর দশেক আগে তাঁর ধানমন্ডির দখিন হাওয়ায় সস্ত্রীক যোগ দিয়েছিলাম এক সান্ধ্য আসরে। সেখানে আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, মাহফুজ এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। মৃত্যুহীন জীবন নিয়ে একটা বিতর্ক হয়েছিল। আমি বলেছিলাম, অনন্ত জীবন হবে ভয়াবহ ক্লান্তিকর। নূর বলেছিলেন, অমরত্বই কাম্য। এতে একজন মানুষ পৃথিবীতে আরও অনেক বেশি কাজ করতে পারবে। সেটা অলস তর্কই, তবুও অনেকে সেদিন কথা বলেছিলেন এ নিয়ে—একমাত্র হুমায়ূন আহমেদ ছাড়া। মনে হয় সাধারণের মতো Wistful thinking-কে তিনি তেমন আমল দিতেন না। লেখক হলেও তিনি বিজ্ঞানী এবং বাস্তববাদী ছিলেন। তাঁকে স্মরণ করে আজ বলতে পারি, সীমিত আয়ুর সবটুকু কাজে লাগিয়েই মানুষ অমরত্ব লাভের আশা করতে পারে। ...চলতি সপ্তাহে বৃশ্চিক নানা ধরনের মানুষ দ্বারা নানাভাবে উপকৃত হবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> আমার তো মনে হয় মানুষের উদ্দেশ্যবিহীন কাজের পেছনেও একটা উদ্দেশ্য থাকে, অর্থ থাকে। জীবনটা কষ্টেরই। অনিরাপত্তা আছে, দুঃখ-দুশ্চিন্তা আছে। নামমাত্র বিশ্রামের পর আবার ঘুরতে-থাকা পরিশ্রমের চাকা আছে। তবু তো একেকটা সময় আসে—মানুষ যখন সব কিছুর গুরুত্বকে ছুড়ে ফেলে আরামের মধ্যে, আলস্যের মধ্যে গা এলিয়ে দিতে ভালোবাসে। এইভাবে বাস্তবের রূঢ়তাকে সাময়িক অস্বীকার করে সতেজ মনে আবার সে ফিরে আসে বাস্তবে।... চলতি সপ্তাহে ধনুর জীবনে আসবে কিছু নির্মল আনন্দের ক্ষণ। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩>ভেবে দেখুন, একজন নারী অথবা পুরুষ হিসেবে জীবনে আপনাকে একই সঙ্গে কত বিভিন্ন ভূমিকায় নিয়োজিত থাকতে হচ্ছে। আপনি একজনের মা, আরেকজনের কন্যা। যিনি পিতা, তিনি আরেকজনের ভাই। কর্মজীবনেও তেমনি ভূমিকার এই বহুমাত্রিকতা। প্রিয় মকর, এ সপ্তাহে আপনার এইসব সম্পর্কের সূত্রকে আপনার সমন্বয় করতে হবে। এমনিতে সপ্তাহ ভালো যাবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯>একজন হূদয়হীন বুদ্ধিজীবী সহজেই নষ্ট করে দিতে পারেন পৃথিবীর সৌন্দর্য। বুদ্ধি মেধা প্রতিভার সঙ্গে তাই আন্তরিকতা ও ভালোবাসার যোগ থাকা চাই, যা আপনার আছে। এ সপ্তাহে আপনি টাকা ও সম্মান পাবেন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >কুমিল্লার ময়নামতী-লালমাই এলাকা আমার খুব প্রিয়। প্রিয় ওখানকার বৌদ্ধবিহার আর স্তূপগুলো। বর্তমানের মধ্যে, সবুজ প্রকৃতির মধ্যে চুপ করে থেমে আছে অতীত। প্রিয় মীন, আপনাকে প্ররোচিত করছি না, তবে সুযোগ পেলে বেড়িয়ে আসুন—অন্য কোথা, অন্য কোনোখানে।