আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
নিজের মনকে প্রশ্ন করুন, ‘মন, তুমি আমার, না আমি তোমার?’ অর্থাৎ, মন কি আমার কথায় চলবে, না আমি মনের কথায় চলব। যদি দেখা যায় যে আপনি আপনার মনের মালিক, তাহলে আপনার কথায়ই মনকে চলতে হবে। আপনি কেন মনের হুকুম মেনে চলবেন? চলতি সপ্তাহে মনকে বশে আনুন। যে কাজে মন লাগতে চায় না, সে কাজে জোর করে মন লাগান। দেখবেন, সব ঠিক হয়ে গেছে।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
সংখ্যার বিচারে আপনি আছেন বেশ ভালো একটা অবস্থায়। এ সপ্তাহে আপনার অনেকগুলো না হওয়া কাজ পরিপূর্ণতা পাবে। সে কাজটা প্রেম-রোমান্স-বিষয়কও হতে পারে। আবার চাকরি-ব্যবসা ইত্যাদি ক্ষেত্রেও হতে পারে। গোড়ার দিকে মনের মধ্যে একটু অনুপ্রেরণার অভাব মনে হতে পারে। ওতে দমে যাওয়ার কিছু নেই। সব ভালো যার শেষ ভালো। লোকের কথার স্পষ্ট জবাব দেবেন, তবে রূঢ় উত্তর দেবেন না। খামোখা কাজিয়া বাধিয়ে লাভ কী, এমনিতেই তো এ সপ্তাহে আপনি সফল হবেন।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
নারী হোন, পুরুষ হোন, যেকোনো বয়সেরই হোন, আপনার মনটা এ সপ্তাহে থাকবে ফুরফুরে। শীতের জড়তাও আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। মোটকথা বেশ আনন্দময় একটা সপ্তাহ কাটবে আপনার। যা বললাম, তাতে চলবে তো?
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
খাবার টেবিলে ইংরেজিতে অতিথিকে বলা হলো ‘প্লিজ হেল্প ইয়োরসেলফ’। অতিথি ঠিক বুঝতে পারলেন না যে তাঁকে নিজের হাতে নিয়ে খেতে বলা হলো। এটা হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ। বিশেষত, ভাষার ফারাকের জন্য এ রকম হতেই পারে। প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার ভাষাজ্ঞানটাকে আরেকটু ঝালিয়ে নিন। কাজে দেবে। তখন আমার বক্তব্য আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
গান যখন শুনবেন বা গাইবেন, তখন গানের একেবারে অন্তস্তলে চলে যাবেন। দেখবেন, সংগীতের মতো এত বড় ওষুধ আর নেই। কোনো চিকিৎসক আপনাকে এর চেয়ে ভালো চিকিত্সা দিতে পারবেন না। আপনার মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে, ভালো থাকলে আরও ভালো হবে। মোটকথা, আপনি আনন্দের অন্য এক জগতে চলে যাবেন। চলতি সপ্তাহে এ কথাগুলো ভাবুন এবং চর্চা করুন। অবশ্য কথাটা সব সপ্তাহের জন্যই প্রযোজ্য।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা এখন ভাসবেন নতুন জীবনের জোয়ারে। ভাবলেন আপনাকে খুশি করার জন্য বললাম, তাই না? কাউকে খুশি করার দায়িত্ব কেউ আমাকে দেয়নি। রাশি এবং সংখ্যার বিচারে যা আসে—আমি শুধু সেটুকুই বলে দিই। সপ্তাহ যাক, আপনি তো সব দেখতেই পাবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
সমস্যা নিয়ে এত মাথা ঘামানোর কী আছে? যতটুকু দরকার তার বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। এ সপ্তাহে আপনি আপনার সব সমস্যা একবারে সামলাতে না পরলেও অনেকখানিই সামলে নেবেন। আর কিছু সমস্যায় চুপ করে থাকবেন, ওগুলো আপনার মাথার ওপর দিয়ে চলে যাবে। জীবনে প্রতিটি সমস্যা সমাধানের জন্য উঠেপড়ে লাগাটা বোকামি।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
টপ টেন বোঝেন তো? চলতি সপ্তাহে আপনি ওই সেরা দশের মধ্যে থাকবেন। ভালো করে তাকিয়ে দেখুন, এই সেরা দশে যাওয়ার অনেককটা অপশন আপনার আছে। এ সপ্তাহে আপনার অর্থিক ও সামাজিক প্রতিপত্তি বাড়বে। লোকের কাছ থেকে আপনি প্রচুর মনোযোগ পাবেন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
জীবনের সব ক্ষেত্রে ধনু অনেকটা যেন যুদ্ধক্ষেত্রের সৈনিক। যেখানে যুদ্ধের প্রয়োজন নেই সেখানেও তিনি যুদ্ধংদেহী ভাব নিয়ে থাকেন। ব্যাপারটা তার আশপাশের সবার চোখে পড়ে। চলতি সপ্তাহে ধনুকে কমপক্ষে একটি বড় বাধা পার হতে হবে।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
বাতাসে কান পাতলে সর্বত্র আমি একটা মা-মা ডাক শুনতে পাই। এ আমার শোনার ভুল নয়, অডিও হেলুসিনেশনও নয়। এমনকি পশু শাবকও যে মা-মা ডাকে, কান পাতলে তা আপনি শুনতে পাবেন। এ সপ্তাহে মায়ের দিকে মনটাকে এগিয়ে নিয়ে যান। এতে আপনার মা ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এই মুহূর্তে কারও কোনো ক্ষতি ঘটলে তাকে বুঝতে হবে, পরমুহূর্তেই তার ভাগ্যে রয়েছে লাভ। এই লাভ ইংরেজি লাভও হতে পারে। কুম্ভ ব্যবসায়ী এ সপ্তাহে একটু নড়েচড়ে বসতে পারেন। কিশোর-কিশোরী, তরুণ-তরুণীও হৃদয়ঘটিত ফায়দা পেতে পারেন। কাজেই হা-হুতাশ করবেন না। সপ্তাহ আপনার ভালো কাটবে।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
সামনে কঠিন কয়েকটি দিন থাকলেও আপনি উতরে যেতে পারবেন। কঠিন কটি দিন থাকবে বলায় কি আপনার মন খারাপ হলো? না, মন খারাপ করার কিছু নেই। সপ্তাহ শেষে আপনি একখানা হাইভোল্টেজ হাসি দিতে পারবেন। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।