আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
টিভিতে আমি মানব চ্যানেলের চেয়ে পশু চ্যানেল দেখতে বেশি ভালোবাসি। আপনার রাশি যা-ই হোক, প্রকৃতির বৈচিত্র্য আপনাকে নিশ্চয় আকৃষ্ট করবে। চলতি সপ্তাহে শুধু মানুষ নয়, পশুপাখির জীবনও একটু দেখুন। আমি জানি, আপনার ভালো লাগবে এবং জীবের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করে অনেক অভিজ্ঞতা আপনি নিতে পারবেন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
বৃষ রাশির জাতক-জাতিকার কণ্ঠ সাধারণত মিষ্টি হয়—এটা শাস্ত্রে আছে। আমি ধরে নিচ্ছি, বৃষ হিসেবে আপনার কণ্ঠের আওয়াজ খুব ভালো এবং ভবিষ্যদ্বাণী করছি যে এ সপ্তাহে আপনি আপনার ওই কণ্ঠস্বর দিয়েই বাজিমাত করবেন, সেটা যেকোনো কাজেই হোক।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
মিথুন রাশির যাঁরা শিল্পী-সাহিত্যিক—আমি চলতি সপ্তাহটি তাঁদের জন্য উৎসর্গ করছি। খুব উৎসাহ নিয়ে কাজ করে যান, সামনেই আছে আপনার পুরস্কার। জনৈক কবিভাবাপন্ন ব্যক্তি দূর বরিশাল থেকে মাঝেমধ্যে আমাকে এসএমএস করেন। সম্প্রতি তিনি সুন্দর দুটি লাইন লিখে পাঠিয়েছেন: অন্ধকার রাত দেখব বলে আমি গভীর অরণ্যের মাঝখানে এসে দাঁড়ালাম। অবাক হয়ে অাবিষ্কার করলাম, এখানেও আলো। যাঁরা কবিতা বোঝেন, তাঁরা এই লাইন দুটির ব্যাখ্যা খুঁজে নেবেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
উড়ন্ত বস্তুর প্রতি মানুষের দুরন্ত আকর্ষণটা চিরন্তন। পাখি, উড়োজাহাজ, ঘুড়ি, তথাকথিত ফ্লাইং সসার ইত্যাদি মানুষকে আলাদাভাবে আকর্ষণ করে। কিছু একটা উড়ে গেলে আমরা খুব স্বাভাবিকভাবেই তাকিয়ে দেখি। চলতি সপ্তাহে একটা উড়ন্ত তথ্য আপনাকে বেশ ভাবাবে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
সিংহ, চলুন বনে-জঙ্গলে যাওয়া যাক। পুরুষ সিংহ খুব স্বার্থপর ও কাপুরুষ হয়। বসে বসে বউয়ের ওপর খায়। অন্যপক্ষে, সিংহী শিকার করে, বাচ্চা মানুষ করে। এখন সিংহ সত্যিকার অর্থে পশুর রাজা কি না, তা আমাদের নতুন করে ভেবে দেখতে হবে। আর সিংহীকে অনায়াসে বনের রানি আখ্যা দেওয়া যায়। এই কথাগুলো কিন্তু আমি সিংহ রাশির মানুষকে লক্ষ করে বলছি না। সাধারণভাবে বলছি। চলতি সপ্তাহে সিংহ তাঁর পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
টিভি চ্যানেলে দেখলাম, একটা মা-হাতি একটা পান্ডা শিশুকে বারবার শুঁড় দিয়ে আদর করে খেলা দিচ্ছে। হিংসুটে মা পান্ডা সেটা সইতে না পেরে মা-হাতির কাছ থেকে তার বাচ্চাকে সরিয়ে নিল। এটা জীবজগতে বেশ একটা কৌতূহল জাগানো ঘটনা। প্রিয় কন্যা, চলতি সপ্তাহে কোনো কারণেই নিজের মনে ঈর্ষাকে স্থান দেবেন না।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
বানরজাতীয় প্রাণী পিঠে ও বুকে বাচ্চা নিয়ে বাচ্চাকে নিরাপদ রেখে চলে। বাচ্চাকে বাঁচাতে শত্রুর সঙ্গে লড়াই করে। প্রাণিজগতে সব মা-ই তার শিশুকে সুরক্ষা দেয়। এটা গবেষণার বিষয় যতটা নয়, তার চেয়ে অনেক বেশি মুগ্ধ হওয়ার মতো ঘটনা। প্রিয় তুলা, চলতি সপ্তাহে আপনার ভালোবাসা উপযুক্ত মর্যাদা পাবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি আছেন সংখ্যা ১-এর ঘরে। অর্থাৎ টপটেন-এর মধ্যে প্রথম। সে হিসাবে বৃশ্চিক একটি চমৎকার সফল সপ্তাহ উপভোগ করবেন। দু-একটি ক্ষেত্রে যদি এর ব্যত্যয়ও ঘটে, তাহলে ভাবনার কিছু নেই। সাত দিনের সব দিক বিবেচনা করলে সাফল্যের অংশই বেশি পাওয়া যাবে।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
এ সপ্তাহে আপনার খানিকটা সমস্যা আছে বটে, তবে একেবারে থমকে যাওয়ার মতো কিছু নয়। সমস্যা যেটা দেখা দেবে, সাহস নিয়ে তার মোকাবিলা করবেন, সমস্যা আর সমস্যা থাকবে না। আর যদি বেশি ঘাবড়ে যান, তবে সে অন্য কথা। যা বললাম, মন দিয়ে পড়ুন এবং সামনে চলুন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে আপনার অনেকগুলো দুশ্চিন্তা কেটে যাবে। যেটুকু দুশ্চিন্তা থাকবে, আপনার রাশি শক্তি দিয়েই তার সুরাহা আপনি করতে পারবেন। আরে, কাকে কী বলছি, মকরকে লড়াই শেখানোর মানে ক্যাঙারুকে লাফ শেখানোর মতো ব্যাপার আরকি! প্রিয় মকর, যেমন আছেন তেমনি থাকুন। সামনে চলুন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
অনেক সময় অন্যের একটা ছোট্ট কথাও আমাদের জন্য বিশাল শক্তি নিয়ে আসে। আবার ছোট্ট একটা নিরুৎসাহজনক কথাও আমাদের মনের ব্যাটারি ডাউন করে দিতে পারে। প্রিয় কুম্ভ, হাজার কথার মধ্যে আপনি শুধু পজিটিভ কথাগুলোকেই আমলে নেবেন। বাদবাকি বাকওয়াজ কানে না তুললেও চলবে।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
শুভ সময়ের মধ্যেই আছেন। কোনো কিছু বাঁকা দেখলে একটু চেষ্টার মাধ্যমে তাকে সোজা করে নিন। তাহলেই চলবে। চলতি সপ্তাহে আপনার ভ্রমণ থাকতে পারে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।