আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
কোনো নতুন কাজ শুরু করার আগে একটা ভয় ভয় ভাব থাকে। কাজটা একবার করতে আরম্ভ করলে ওই নার্ভাসনেস কেটে যায়। প্রকারান্তরে আমি বোঝাতে চাইছি, সামনেই আপনি নতুন ধরনের কাজ হাতে নেবেন। সক্রিয় অবস্থায় মানুষের মধ্যে টেনশন কম থাকে। অতএব, আপনার ভাবনার কিছু নেই। মনে মনে গেয়ে উঠুন, ‘নাই নাই ভয়, হবে হবে জয়…’।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৮ + ১ = ৯-এর ঘরে। এই ৯ অত্যন্ত শক্তিশালী একটি সংখ্যা। তাই বলা যায়, এ সপ্তাহে নানান কাজে আপনি আশানুরূপ সাফল্য পাবেন। তবে কোনো বিষয়ে কারও সঙ্গে তুমুল তর্কে লিপ্ত হবেন না।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে মিথুন হিসেবে আপনি আছেন ৮ + ৬ = ১৪ = ১ + ৪ = ৫-এর ঘরে। এই সংখ্যা আপনাকে যেকোনো ক্ষেত্রে সফল নেতৃত্বের অবস্থানে নিয়ে যাবে। আপনি শুধু কারও প্রতারণার শিকার হওয়া থেকে বিরত থাকবেন। তবে আপনার তেমন ক্ষতি কেউ করতে পারবে না। আর জোর করে হলেও নিজের মনটাকে আনন্দের মধ্যে রাখতে চেষ্টা করবেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনি সাংসারিক ব্যাপারে বেশ খানিকটা উদাসীন হয়ে উঠতে পারেন, যেন একটা ঘোরের মধ্যে আপনার সপ্তাহটা কেটে যাবে। এই সময় দৈহিক ও মানসিক বিশ্রামের কাজে ব্যবহার করবেন।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
সিংহ হিসেবে আপনি এখন আছেন মোট সংখ্যা ৯-এর ঘরে। সংখ্যা ৯ যেকোনো রাশির শক্তিকে প্রবলভাবে বাড়িয়ে দেয়। এখন আপনার জীবনে কিছু রদবদল ঘটবে। ঝড়বৃষ্টি আছে, তার ওপারে প্রশান্তিও থাকতে পারে। এ সপ্তাহে আপনি নিজেকে একটু উন্মোচন করবেন। এর ফলে আপনার আশপাশের লোকের পক্ষে আপনাকে বোঝা যথেষ্ট সহজ হবে।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার সাপ্তাহিক জীবনটা এখন সংখ্যা ১-এর ঘরে। ১ মানেই শীর্ষস্থান। তাহলেও আপনি জীবনের পথে সাবধানে পা ফেলবেন। তবেই আপনি আপনার শীর্ষ অবস্থান টিকিয়ে রাখতে পারবেন। বর্তমান সময়ে আপনি না চাইতেই অনেক আনন্দজনক অভিজ্ঞতার ভেতর দিয়ে পার হবেন। আপনার রোমান্টিক কায়কারবার এখন তুঙ্গে থাকবে।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
২০১৫ মানে হচ্ছে ২ + ০ + ১ + ৫ = ৮। ওদিকে তুলা রাশির ভর হচ্ছে ২। কাজেই ৮ + ২ = ১০, অর্থাৎ শূন্য বাদ দিয়ে আপনি আছেন সংখ্যা ১-এর ঘরে। ১ মানেই টপ অব দ্য টেন। শীর্ষে যিনি অবস্থান করেন, তাঁকে চোখ-কান খোলা রেখে সামনে এগোতে হয়। আপনি তা-ই করবেন, তাহলেই হলো।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
যেকোনো ধরনের প্রতিনিধিত্বমূলক কাজ এ সপ্তাহে আপনার ওপর বর্তাতে পারে। অন্যের হয়ে দর-কষাকষিতেও নামতে হতে পারে। দুটি কাজেই আপনি সমান সাফল্য দেখাবেন। আপনার মধ্যে যে শিল্পী ও দার্শনিক মন রয়েছে, সেই মনের সামগ্রিক প্রতিফলন ঘটবে চলতি সাত দিনে। এখন দেখতে থাকুন, আগামী শুক্রবার পর্যন্ত আপনার জীবনে কী ঘটে।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
দেখুন, টেনশন না থাকলে কোনো কাজে অগ্রগতি আসে না। টেনশন যার নেই, সে তো জড় পদার্থের সমান। কাজেই, এ সপ্তাহে যদি মনের মধ্যে অস্থিরতা দেখেন, তাহলে বুঝবেন, ওটাই আপনার সামনে চলার লক্ষণ। ছোট ছোট আনন্দের মধ্য দিয়ে কাটবে আপনার আজ এবং আগামী দিনগুলো।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে মকর আছেন সংখ্যা ২-এর ঘরে। প্রচুর মকর এখন ভ্রমণের সুযোগ পাবেন। অনেক হালকা বিনোদনের সুযোগও আপনার আসবে। এই সুযোগে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করুন। এ সপ্তাহে আপনার নিঃস্বার্থ মনের পরিচয় সবার কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার মধ্যে রয়েছে সততা ও মহত্বের শুদ্ধ সমাহার। সংখ্যা ৮-এর মধ্যে থেকে আপনি বহু কাজেই সাফল্য পাবেন। তবে এই সাফল্যের কৃতিত্ব অন্যেরা অনেকখানি কেড়ে নিতে পারে। তাতে আপনার মন খারাপ করার কিছু নেই। কেননা, শেষ বিচারে সবার কাছে আপনি স্বীকৃতি পাবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
আপনি রাশিতে মীন এবং এ সপ্তাহে আপনি আছেন মোট ২-এর ঘরে। এখন আপনার জাগতিক লাভ ও মানসিক আনন্দ একাকার হয়ে যাবে। এর চেয়ে সৌভাগ্য তো আর কিছু হতে পারে না। তার পরও স্নেহ-ভালোবাসার ক্ষেত্রে আপনি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।