আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সাহস এবং দুঃসাহসের মাঝখানে আরও একটি কথা আছে: সৎ সাহস, নৈতিক সাহস। চলতি সপ্তাহে আপনার রাশিগত সাহসটাকে আরও কিছুটা বাড়ানোর দরকার হবে। এইটুকু মনে রাখলেই চলবে।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
এ সপ্তাহে দু-একজন বন্ধু আপনার সঙ্গে শত্রুর মতো আচরণ করতে পারেন। তবে, এতে আপনাকে বিচলিত হলে চলবে না। জীবনে কী না হয়। সব অবস্থাকে সাহস ও বুদ্ধি দিয়ে মোকাবিলা না করলে চলবে কেনো? মাথা ঠান্ডা রাখুন, তাহলে আর আপনার ক্ষতি কেউ করতে পারবে না।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
সুস্থ অবস্থায় থাকলেও মাঝেমধ্যে স্বাস্থ্যপরীক্ষা যে জরুরি আমরা তা জানি না বললেই চলে। আপনি সুস্থ আছেন জানি। তবুও একবার সাধারণ স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেবেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
অচেনা এক কর্কট রাশির জাতক আমাকে একটি বার্তা পাঠিয়েছেন: হাতে লিখতে না পারলে মুখে বলুন, তবুও রাশিফল চাই। অন্যান্য লেখাও চাই। লেখক তো পাঠকের চাহিদা অনুযায়ীই কাজ করেন। আমার নাম নাহিদ চৌধুরী। আমাকে না চিনতে পারেন, আমার কথাগুলো ফেলে দেবেন না। … প্রিয় পাঠক, চলতি সপ্তাহে প্রযোজ্য সকলের জন্য আমারও ওই একই কথা।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
শুধু এ সপ্তাহ নয়, এ মাসই নয়, এই পুরো বছরটাই সিংহের জন্য শুভ এবং গুরুত্বপূর্ণ। এই কথাগুলো মনে রেখে নতুন দিনে পা রাখুন। আপনার কোনো ভয় নেই।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
বিপদে পড়লেই কি সাহায্যের জন্য বাইরে হাত বাড়াতে হবে? আগে নিজের অন্তর্গত শক্তিটাকে বাড়ান। রবীন্দ্রনাথের সঙ্গে বলুন: আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা…। এই ভাবে এগিয়ে চলুন, সংকট কেটে যাবে।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
তুলার জন্য বিজয়ের মালা তোলাই আছে। তাহলে আর ভাবনা কী? তবে, জয় অর্জনের জন্য কাজ তো করে যেতেই হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক কাজ পছন্দ করেন, তাই কাজ বৃশ্চিককে ভালোবাসে এবং সাফল্য এনে দেয়। চলতি সপ্তাহেই বৃশ্চিক এর প্রমাণ পাবেন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
জীবনে চলতে গিয়ে শুধু যদি সতর্কতা-সাবধানতার মধ্য দিয়ে চলতে হয়-তাহলে তো মুশকিল। মনটাকে সামান্য সজাগ এবং সজীব রাখাই হবে আপনার চলতি সপ্তাহের করণীয়।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
নতুনত্ব আসবে আপনার জীবনে। নতুন কাজ, নতুন সঙ্গী, নতুন পরিবেশ। এতগুলো ‘নতুন’ নিয়ে আপনি তো ভালোই থাকবেন মনে হচ্ছে।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মানুষকে বিশ্বাস করা ভালো, তবে ক্ষেত্রবিশেষে মনের সন্দেহ ভাবটা একটু জাগিয়ে রাখাটা এ সপ্তাহে আপনার জন্য উচিত হবে। ভালো কাটবে চলতি সাত দিন।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
মীন রাশির অনেক পুরুষ ও নারীর জীবনে একটা মিশন বা মহৎ লক্ষ্য থাকতে দেখা যায়। চলতি সপ্তাহে মীন তার লক্ষ্যের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবেন। শুভ হোক।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।