আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার বাবা ছিলেন একজন মেষ জাতক। কৈশোর থেকেই তিনি ছিলেন নামজাদা ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়। আপনি মেষ, আপনি ক্রীড়ামোদী তো হবেনই। ক্রীড়াবিদও হতে পারেন বটে। চলতি সাত দিন আপনি আনন্দের মধ্য দিয়ে অতিক্রম করবেন। জয় হোক আপনার!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার রাশিটি একটি মহান রাশি। তবে, ‘বৃষ’ অর্থ যে ‘ষাঁড়’—এই কথাটা ভুলে যাবেন না। এ সপ্তাহে কাউকে আপনার একটু গুঁতিয়ে দিতে ইচ্ছা করবে। বেশ তো দিন না, আমার কোনো আপত্তি নেই।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
বিশেষ করে পুরুষেরা কেউ কেউ পোশাকের কোথাও ‘চোরাপকেট’ ব্যবহার করেন। তাহলে আমার একটা কবিতা শুনুন: পোশাকের কোথাও একটা চোরাপকেট থাকা ভালো পুরুষের, মহিলারাও কথাটা বিবেচনা করবেন, শিশুরা না করলেও চলে।/ ‘চোরাপকেট’, রাত-বিরেতে কাজে দেবে খুব, আর, মুখোশ পার্টিতেও ভারি জুতসই হবে,/ যদি পাওয়া যায়, ধরুন, মাটিতে পড়ে-থাকা এক টুকরো হিরে।/ চোরাপকেট, শুনতে যদিও নয় তেমন ভালো,/ বরঞ্চ খানিকটা গেঁয়োই বটে: তবু কার না লুকিয়ে রাখার ব্রত কিছু-না-কিছু থাকে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কই বাত নেহি, কর্কট ব্যবসায়ীসহ অন্য পেশাজীবীরা চলতি সাত দিন এক্সিলেন্ট ‘কাটায়গা’।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
নিজেকে আজ প্রশ্ন করুন: ‘কুয়ো ভাদিস?’, অর্থাৎ ‘তোমার গন্তব্য কোথায়?’ কিংবা, ‘সিংহ তুমি কোথায় যাচ্ছ?’ এ সপ্তাহে আপনি নিজের গতিবেগটা একটু কমান এবং নিজের দিকে তাকান। কোথায় গিয়ে পৌঁছাবেন, না ভেবেই যাত্রা শুরু করবেন না।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এই সাত দিনের মধ্যে অন্তত এক দিন বনে-জঙ্গলে ঘুরে আসুন, মনের জমে-ওঠা শ্রান্তি সব নিঃশেষে মুছে যাবে। ওই যে কোন কালে কলকাতার এক কবির কবিতায় পড়েছিলাম—বনে বনে সুস্থ থাকে মন, অশোকে-পলাশে...
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আমাদের স্বাভাবিক কিছু, অর্থাৎ সহজাত কিছু আচরণ আছে, যেমন আমরা চেয়ারে বসার সময় একবার পিছু ফিরে দেখে নিই, ঠিক জায়গায় বসছি কি না। ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া (১৮১৯-১৯০১) ছিলেন ব্যতিক্রম; তিনি আসনে উপবেশনের কালে পেছনে তাকাতেন না। প্রিয় তুলা, আপনারও ঠিক সেই রকমই সহজ আত্মবিশ্বাস—আপনার নিজের এবং অন্যের ওপর একই ধরনের আস্থা এবং রক্তে মেশা সাহস। শুধু এ সপ্তাহ কেন, সারা জীবনই আপনি এই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সামনে এগিয়ে যাবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
প্রতি বাংলা মাসের পয়লা তারিখে আমাকে অচেনা একজন বার্তা পাঠান, হয়তো আপনাকেও পাঠান—বন শাহাদত এই নামে। যেমন, সেদিন তাঁর বার্তা—‘হলুদ সরিষা খেতে হারিয়ে যাব এই হেমেন্তে... আজ ১লা কার্তিক।’ ওই সেবাটুকুর জন্যই আমি ধরে নিয়েছি, তিনি বাঙালির জন্য এক অপরিহার্য ব্যক্তি। অন্তত আমার কাছে তো তাই।...শুভ সপ্তাহ বৃশ্চিকের।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
তখন আমি থাকি আমার সেজো বোনের সঙ্গে, পড়ি প্রথম-দ্বিতীয় শ্রেণিতে। আমার প্রথম পূর্ণাঙ্গ বই বিষাদ-সিন্ধু। দ্বিতীয়, মহাভারত। ফজরের আজান দিতে শিখি চাঁদপুরের হাজিগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেবের কাছে (হাদিসও পড়ি—মকসুদুল মোমেনিন)। সাঁতার শিখি ডাকাতিয়া নদীতে। সর্বকনিষ্ঠ হিসেবে দলে-বলে করি যাবতীয় বদমায়েশি। এই তো গেল আমার ইঁচড়ে পাকা হয়ে ওঠার ইতিবৃত্ত। আপনার অতীত যেমনই হোক, চলতি সপ্তাহটা আপনার জন্য দারুণ শুভ হবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
সাপ্তাহিক বকর-বকরটা একটু কমিয়ে দিয়ে চিন্তার গভীর প্রবাহ খুলে দিন, শুভ হবে আপনার।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সম্প্রতি এক তরুণের সঙ্গে ভারতীয়-ইরাকি-ইরানি মেডিটেশন বা ধ্যান বিষয়ে আমার আনুষ্ঠানিক/প্রাতিষ্ঠানিক অধিবেশন শুরু হয়েছে। আপনি জানেন, মেডিটেশন হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির এক সুপ্রাচীন মোক্ষম পন্থা। আসুন, আমরা ধ্যানচর্চার এই বৈজ্ঞানিক পদ্ধতিটি বেছে নিই।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সাধারণভাবে চলতি সাত দিন আপনার শুভ। তবে, এ সময়ের মধ্যে কারও সঙ্গে হয়তো আপনাকে প্রবল ‘ঝগড়ায়িত’ হইতে হইবে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।