আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ হচ্ছে রাশিচক্রের সর্বপ্রথম রাশি। মেষ সর্বদাই আমাদের অগ্রপথিক, পথপ্রদর্শক। মেষ নিশান তুলে ধরে সামনে এগিয়ে যান। আমরা তাঁকে অনুসরণ করে লক্ষ্যের দিকে চলতে থাকি। একসময়ে সেই লক্ষ্যে এসে পৌঁছাই। এককথায়, মেষ নারী-পুরুষ নেতার আসনে থাকেন। তাঁরা ভুল পথে গেলে তাঁদের অনুগামীদের অবস্থা কী হবে, তা তো না বললেও চলে। তাহলে প্রিয় মেষ, এ সপ্তাহে আপনি সতর্ক পদক্ষেপে পথ চলুন—জীবনের সর্বক্ষেত্রে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
অনেকে উচ্চারণ করেন—মেষ, ‘বৃষ’। আসলে তো আপনি জানেন, ‘বৃষ’ হচ্ছে বৃ+অ-বৃষ (কিছুটা ‘বৃশো’ ধরনের উচ্চারণ)। যাউকগা, চলতি হপ্তাটা বৃষ বিড়বিড় করে কাটাবেন; মাঝেমধ্যে অবশ্য দু-চারটা ‘হাউ’ করতে পারেন—বিশেষত স্ত্রী স্বামীর প্রতি এই হাউ বর্ষণ করবেন হয়তো। বৃষ সাধারণত তাঁর সুকণ্ঠের জন্য অন্যদের কাছে আদরণীয়। কাজেই সাংসাং, অর্থাৎ সাধু সাবধান! হাঁক মারতে গিয়ে গলা যেন বসে না যায়।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সাধারণভাবে বলতে গেলে, আমরা নিজেরা যখন জেগে থাকি, অন্যের ঘুম তখন আমাদের অসহ্য মনে হয়। আমরা গাড়িতে থাকলে রিকশার এলোমেলো চলা দেখলে বিরক্ত হই, আবার যদি রিকশায় উপবিষ্ট থাকি, তখন মোটরগাড়িচালকের ওপর ক্ষুব্ধ হই। প্রিয় মিথুন, এই সাত দিনে কারণে-অকারণে আপনার মেজাজ খিঁচড়ে যাবে। এতে আপনার যদি আরাম হয়, তো আমার কী!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
দুনিয়ায় আমরা যা কিছু করি, আনন্দ লাভের জন্য করি। ব্যাপারটা আপনি একটু চিন্তা করলে বুঝবেন। এই যে সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি আমরা করে যাচ্ছি, সে তো পেট ভরে দুটি খাওয়া এবং খাওয়ানোর আনন্দটাকে পাওয়ার জন্য। ঠিক বললাম তো, মহান কর্কট? চলতি সাত দিনে আপনি নানা প্রসঙ্গে নানা ধরনের আনন্দ পাবেন বলে আমার মনে হয়।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
লুকোচুরি ছবিতে কিশোর কুমারের গাওয়া সেই হিট গানটা মনে আছে তো? ‘শিং নেই, নাম তার তবু সিংহ...।’ প্রিয় সিংহ, চলতি সপ্তাহটা আপনার খানিকটা ভ্যাবাচেকা অবস্থার মধ্য দিয়ে কাটবে। কী, শুনেই ভড়কে গেলেন তো? কেন ভড়কাবেন, আপনি না প্রবল পরাক্রমশালী পশুরাজ সিংহ। এই সাত দিনে মাঝেমধ্যে মৃদু গর্জন করতে থাকবেন। ওতেই কাজ হবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা এখন আছেন সংখ্যা ৬-এর ঘরে। এ অবস্থায় তিনি কিছুটা ঘোরের মাঝখান দিয়ে পথ চলবেন। চারপাশের সবকিছুই যেন তাঁর চোখে আগের চেয়েও বেশি রহস্যময় হয়ে উঠবে। প্রিয় কন্যা, এই ঘোর লাগাকে আমরা ‘তন্দ্রাচ্ছন্ন’ অবস্থাও বলতে পারি। গেল সপ্তাহে কন্যাকে আমি একটু সবুজ প্রকৃতির কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছিলাম। অনেক কন্যা ইচ্ছা থাকা সত্ত্বেও কূলে উঠতে পারেনি। এ সপ্তাহে দেখুন তো, ওই প্রক্রিয়া অনুসরণ করে শুদ্ধ হওয়া যায় কি না।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
এ সপ্তাহে আপনার একটু হাই টেনশন দেখতে পাই। টেনশন না থাকলে কাজকর্মে অগ্রগতিও নেই। যে সৈনিকের টেনশন নেই, সে কখনো ভালো সৈনিক হতে পারবে না। আপনার বর্তমান এই টেনশন আপনাকে আরও সাহসী করে তুলবে। তবে, থোরা সাম্হালকে বোন ও ভাইয়েরা আমার!... প্রেম-ভালোবাসার যুদ্ধক্ষেত্রে তুলা নারী-পুরুষ এ সপ্তাহে দুর্দান্ত প্রো-অ্যাকটিভ থাকবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
‘বৃশ্চিক’ শব্দটিকে প্রচুর লোকে ‘বৃচ্ছিক’ উচ্চারণ করেন। সে যা-ই হোক, এ সপ্তাহে প্রিয় বৃশ্চিক আপনি, চিকচিক করে দৌড় মারবেন। সামনে গেলে তো ঠিক আছে, পেছন দিকে দৌড়ালে যদি অঘটন কিছু ঘটে, তাহলে আমার কিন্তু দোষ নেই। অবশ্য শক্তিমান বৃশ্চিকের ওপর বিশ্বাস রাখা যায়, তিনি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
পিথাগোরাসের নিউমারলজি অনুযায়ী ৯ একটি প্রচণ্ড শক্তিশালী সংখ্যা। ১, ৩, ৭, ৯—এসব সংখ্যা যে রাশিতে থাকে, সেই রাশির ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। ধনু, চলতি সপ্তাহে আমরা আছি ওই ৯-এরই ঘরে। ধনু তো বটেই। অনেক আনন্দময় নাটকীয়তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সৌভাগ্য ঘটবে এ সপ্তাহে ধনুর। সেসব নাটকীয়তা হয়তো ধনুর ক্ষেত্রে একই রকম হবে না। তাহলেও তো আনন্দ আনন্দই।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনি জানেন, বাংলায় একটি বিখ্যাত উক্তি আছে: ওঠো! জাগ্রত হও! সিদ্ধি লাভের পূর্ব অবধি ক্ষান্ত হয়ো না। চলতি সপ্তাহে মকর, ওপরের ওই বাক্য তিনটি জপ করতে থাকুন। সিদ্ধি লাভ অবশ্যই হবে। কেন হবে না, বাহ্!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ-এর কপালে এ সপ্তাহে যে কী আছে তা বলা ভারি মুশকিল। হয়তো ভালো-মন্দের মাঝপথ দিয়ে কাটাবে তাঁর এই সাত দিন। শুভ হোক!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনাদের মধ্যে যারা বয়সে এখনো তরুণ, তাঁদের জন্য অপেক্ষা করছে এক উচ্ছলতা-চঞ্চলতার ‘জয়রাইড’। এমনকি প্রবীণরাও বোধ হয় এ সপ্তাহে একদফা বগল বাজিয়ে নিতে পারবেন।...জানি, আমার কথা শুনে পাঠক মুচকি মুচকি হাসছেন। আরে, মানুষকে কাঁদানোর চাকরি তো আমি নিইনি। আসুন, যতটা পারি আমরা হেসে-খেলে দিন কাটাই।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।