আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
এক নিয়মিত বার্তা প্রেরকের সেদিনের একটি ‘বার্তাংশ’(!): সম্ভবত ২০১৩-এর একটি ‘স্বপ্নাংশ’(!): আমার পাল তোলা জাহাজ নদীতে বাঁক নিচ্ছে। প্রায় উল্টে পড়ার মতো অবস্থা, তবে ওলটাচ্ছে না—জোর বাতাসেও বারবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। এই স্বপ্নটা কাল রাতে আবার দেখলাম, পুরোনো না হলেও অনেকটাই সেই প্রথম স্বপ্নের মতো। এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কীভাবে দেবেন?...উত্তর একই সঙ্গে খুব কঠিন, আবার খুব সোজা। মেষ-এর জীবন এখন এক ক্রান্তিলগ্ন পার হচ্ছে—সামনেই ‘অত্যন্ত’ শুভ একটি সময়—সব দিক থেকে। ‘পাল তুলে দাও, ঝান্ডা ওড়াও সিন্দাবাদ! এই ঝঞ্ঝায় হবে এ কিশতি দিগ্বিজয়ী।’
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সপ্তাহজুড়ে একটু আস্তে কথা বলুন। এমনিতেই হিম পড়তে শুরু করেছে; বেশি চিৎকার করলে ‘কণ্ঠ বসিয়া যাইবে, উঠিতে দেরি হইবে।’ আর কে না জানে, বৃষ চলেন তাঁর অন্যতম শক্তি কণ্ঠের জোরে—শিল্পী হন-না-ই হন। চলতি সাত দিন একটু বন্ধুদের সঙ্গে সময় কাটান। খুব ভালো লাগবে। শহরের বৃষ গ্রামে যান, গ্রামের বৃষ শহরে আসুন। তীব্র আনন্দে ভরে থাকবে মন। পরীক্ষা করে দেখার চেষ্টা করুন। তবে এর মধ্যে একজন কেউ আপনাকে আপনার মনে আঘাত দিয়ে কথা বলতে পারে। এসব কথা...অন্য কান দিয়ে একদম বের করে দিন। এই তো।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন জাতক কাজী নজরুল ইসলামের একটি গান, কে না শুনেছে; আমি চিরতরে দূরে চলে যাব/ তবু আমারে দেব না ভুলিতে (সুর-চিত্ত ঘোষ, প্রথম শিল্পী-সতীনাথ মুখোপাধ্যায়)—এ সপ্তাহে কোনো কোনো মিথুনের মনের কথা হতে পারে, সবার নয়। এভাবে মানুষ তার চিহ্ন রেখে যেতে চায় পৃথিবীর বুকে—তার সৃষ্টির মধ্য দিয়ে। নজরুল তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে গানটি লিখলেও বক্তব্যটিকে আপনি মানুষের অমর হয়ে থাকার অবচেতন হয়ে থাকার আকাঙ্ক্ষা হিসেবেও দেখতে পারেন। যা-ই হোক মিথুন, শিল্প ব্যবসা চাকরি ইত্যাদি পেশায় চলতি সপ্তাহে আপনি দারুণ সৃজনীশক্তির বহিঃপ্রকাশ দেখাবেন। শুভ হোক!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
বেশি করে গান শুনুন। সংগীতের মধ্যে থাকুন, দিনে তিনবার করে সপ্তাহে সাত দিন। শিল্প রচনা কিংবা শিল্প উপভোগ করার মধ্যে থাকুন—শুধু চলতি সপ্তাহ নয়—সারা জীবন। ‘বনে বনে সুস্থ থাকে মন। অশোকে পলাশে’—বলেন এক কবি। আর আমি বলি: গানে গানে শুদ্ধ থাকে মন...। আপনি জানেন, ভারতে একটা দামি চিকিৎসা পাওয়া যায়—শুধু সংগীত শুনিয়ে (সনিক ট্রিটমেন্ট)। লক্ষ করবেন শিল্পচর্চায় নিয়োজিত ব্যক্তিরা সুদীর্ঘজীবী হয়ে থাকেন, সাধারণত। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবেন বিজ্ঞানী। আমি শুধু এক স্বশিক্ষিত, অর্ধশিক্ষিত দরিদ্র ‘জইতিশি’, আমি কেমন করে এত কঠিন বিষয় আপনাকে বোঝাব!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ভয় লাগে আপনাকে ঠাট্টা করে প্রায়ই এটা-ওটা বলে ফেলি, হঠাৎ গর্জে না ওঠেন আমার ওপর। ডিসকভারি চ্যানেলের ‘অ্যানিমেল প্ল্যানেট’ থেকে জেনেছি—পূর্ণবয়স্ক সিংহের গর্জন নাকি পাঁচ মাইল দূর থেকে শোনা যায়। কী ভয়ংকর কথা রে বাবা, সিংহের গর্জন শুনলেই তো মরে যাব, সিংহের সামনে পড়লে—যাক গে, বেশি না বলাই ভালো।...ও প্রিয়, অপ্রিয় সিংহ, ক্ষমা চাই রাগিও না বেশি। অতিরিক্ত রাগারাগি করলে শরীর খারাপ হয়, সে সিংহেরই হোক, আর মানুষেরই হোক। চলতি সপ্তাহে আপনার শুভ-অশুভের অনুপাত ৭০:৩০। ৭০ ভাগই যদি শুভ হয়, তাহলে তো প্রায় এক শ ভাগই হলো, তাই না?
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
বেশি চোটপাট করবেন না কারও ওপর। খামোখা চটাচটি করে সপ্তাহটা মাটি করবেন কেন! মন ভালো রাখার একটা বৈজ্ঞানিক পদ্ধতি শিখিয়ে দিই: কারণ থাক বা না থাক, আয়নার সামনে গিয়ে মুচকি অথবা ফ্যালফ্যাল করে হাসতে থাকুন। অল্পক্ষণ পর দেখবেন প্রচণ্ড হাসি পাচ্ছে। এমনকি হাসিটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মন ভালো হবে না মানে! মন আপনার সম্পত্তি নাকি আপনি মনের?—এটি প্রায়োগিক মনস্তত্ত্বের একটি উপাদান (অ্যাকশন ফলোজ মাইন্ড, মাইন্ড ফলোজ অ্যাকশন) ট্রাই অ্যান্ড সি, ইফ ইউ লাইক, চেষ্টা করে দেখুন কাজ হয় কি না। বিফলে মূল্য পেরৎ (ফেরত)!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক পৃথিবীতে আর কিছু নেই। ভেবে দেখুন কথাটা ঠিক কি না। বন্ধুত্ব বলতে আমি প্রকৃত বন্ধুত্বই বোঝাতে চাই। না, বাবা-মা ভাইবোনের প্রসঙ্গ এখানে আসে না। আবার আসেও। এদের সঙ্গে আমরা ‘সব কিছুই’ কি শেয়ার করতে পারি? তা তো পারি না। বন্ধুর সঙ্গে পারি। বন্ধু, তরুণ বন্ধু, একজন আরেকজনের জন্য হাসিমুখে প্রাণ দিতেও তৈরি হয়ে যায়। প্রিয় তুলা, চলতি সপ্তাহে পরীক্ষিত বন্ধুর ওপর বিশ্বাস স্থাপন করুন। আপনি যে লাভবান হবেন—এতে কোনো সন্দেহ নেই শু. হো.!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
একটা কোনো গান সকালবেলা মাথার ভেতর ভর করে তো বাজতেই থাকে দিনভর। হাজার চেষ্টায়ও তাড়ানো যায় না। আজ ভোর থেকে আমার মস্তিষ্কের অভ্যন্তরে বাজছে সুখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত পান্নালাল ঘোষের স্বল্পজ্ঞাত, স্বল্পখ্যাত, তত্রাচ মহান কনিষ্ঠ ভ্রাতার বড় সুন্দর সেই গানটি—ছোটবেলায় যা প্রায়ই বাজত, ও আমার কাজল পাখি/ চৈত্র দিনের সাঁঝে,/ আমায় কেন ডাকলে তোমার/ কাজ ভোলানোর কাজে।...ঠিক জানি না, ১৯৫০-এর দশকের গায়ক হতে পারে। গানটির গীতিকার-সুরকার কে—তা জানার ‘কী দরকার’ তাই না?—তাই আম্মো (আমিও) জানি না। মিয়া, অত খ্যাত খ্যাত করেন ক্যা; বাদ দ্যান প্যাঁচাল পাড়া। ভালো ভালো গান শোন মন দিয়া।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
শাস্ত্রমতে মেষ ধনু মীন রহস্যময় চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। হতে পারে। ব্যক্তি হিসেবে যেকোনো রাশির জাতকও তো রহস্যময়তায় আবছা হয়ে থাকতে পারেন, যেমন অমুক কিংবা তমুক। সে যা-ই হোক, চলতি সপ্তাহে ধনু নারী-পুরুষের রহস্যময়তা তুঙ্গে অবস্থান করছে। ধনু রাশির প্রতীক চিহ্নটি দেখুন অর্ধেক ঘোড়া অর্ধেক তিরন্দাজের অবয়ব। অন্যান্য রাশিচক্রের চেয়ে সম্পূর্ণ আলাদা। ধনুর এক ভাগ বহির্মুখী, অন্যভাগ অন্তর্মুখী। এও এক গভীর রহস্যময়তার নিশানা। প্রিয়, অপ্রিয়, অজনপ্রিয় ধনু, চলতি সপ্তাহে কিন্তু আপনার পরিচয় অনেকখানি স্পষ্ট হয়ে উঠবে তুমি গভীর, গভীর এক ছবির মতো।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনার অন্তরের গভীরে রয়েছে প্রচণ্ড এক শক্তি, তা না হলে আপনি চলতে পারতেন না। পারিপার্শ্বিক বাস্তবতাকে এ সপ্তাহে আপনি আপনার ওই শক্তি দিয়েই জয় করতে পারবেন—এই আমার বিশ্বাস। স্থির থাকুন। অবিচল থাকুন মহান মকর। সামনে অনেক কাজ পড়ে আছে। বন্ধনমুক্ত হয়ে কাজে নামুন। শান্তি এমনিতেই আসবে। অশান্তি টুটে গিয়ে, প্রশান্তি নামবে আপনার সমস্ত অস্তিত্বজুড়ে। কী তোমার কষ্ট মকর, আমাকে বলো। আমি তোমার কষ্টের বোঝা বহন করে কিছুটা পথ তোমাকে এগিয়ে দেব, যদিও কারও সাহায্য ওরকম তোমার প্রয়োজন নেই। তবু কথাটা বললাম, যদি একসঙ্গে দুজন মিলে পথ হাঁটলে পথের দৈর্ঘ্য কমে আসে। শান্ত হও, মকর!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভর সামনে এখন এক অগ্নি নয়, জল পরীক্ষা। মানেটা বোঝেননি? মানে হচ্ছে—আপনার সামনে আছে মাঝারি হালকা-পাতলা অথবা সহজ একটা আন্তপরীক্ষা। হাসতে হাসতে দিতে পারেন এই ‘একজামখানা’। অতএব অন্তরে একখানা খুশি খুশি ভাব বজায় রাখুন—আজ শনিবার থেকে অন্ততপক্ষে আগামী শুক্রবার পর্যন্ত।...শুনুন, এই পরীক্ষায় কিন্তু নির্বিচারে নকল চলবে। কেউ বাধা দেওয়ার নেই। যত নকল করবেন ততই আসলের চেয়ে ভালো পরীক্ষা হবে।—এসব পড়ে মাথা ঘুরছে বলবেন না। ছি, কুম্ভ এত অঘা। লোকে শুনলে কী বলবে!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আই মিন দিস, আই মিন দ্যাট করে করেই অর্থাৎ আমতা আমতা করেই পার করে দেবেন সপ্তাহটা। স্পষ্ট, সুনির্দিষ্ট কিছু ঐচ্ছিকভাবেই আর বলা হবে না আপনার, যা খুব খারাপ কথা। ছি, অমন করে না মাই মীন কিশোর-কিশোরী, তরুণ-তরুণী প্রৌঢ়-প্রৌঢ়া, আই মিন নবীন প্রবীণ—সবাই। ঘ্যান ঘ্যান; প্যান প্যান—এ সপ্তাহে আপনার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। কিছু বুঝলেন? না বুঝলেও আমার অত ভেঙে বোঝানোর ঠেকা নেই। অ্যাপ্লাই ইউর ওন কমন সেন্স। নিজের ইয়ে প্রয়োগ করুন। খুব দরকার হলে অভিধান দেখে নিন। আমাকে ডিসটার্ব করবেন না। আমি অনেক ঝামেলা নিয়ে আছি। অক্কে?

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।