আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী লিখেছেন: বিকেল চারটা বাজলেই বাঙালির মন চা চা করে। ভেবে দেখবেন, কথাটা একদম কেন—দুইদম ঠিক। আপনি জানেন, চা মূলত একটি চীনা শব্দ। চা হচ্ছে একধরনের পাতার কষ, অর্থাৎ হারবাল মেডিসিন। ছয় হাজার বছর আগে এই চা দিয়ে চীনা সম্রাটদের নানা রোগের চিকিৎসা করা হতো। তবে সেই চায়ে দুধ মেশানো হতো না। চা ক্ষুধা বাড়ায়, হজমশক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, দেহ-মন চাঙা করে এবং এতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চা ক্যানসার ঠেকাতে সাহায্য করে। আধুনিক বিজ্ঞান এর কার্যকরণ খুঁজে বের করে চা-কে একটি মোক্ষম ভেষজ পানীয়ের মর্যাদা দিয়েছে। তবে অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত গরম চা খেতে বারণ করা হয়েছে। প্রিয় পাঠক আসুন, এখন থেকে আমরা চায়ের কাপের দিকে নতুন দৃষ্টি নিয়ে হাত বাড়াই।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
ফরমালিন কি এতই সস্তা যে সবকিছুতেই ওরা ফরমালিন মিশিয়ে দিতে পারবে? ফরমালিনের ভয়ে আমরা কি তাহলে ফলমূল-সবজি না খেয়ে মারা পড়ব! একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি-ফরমালিন এবং কীটনাশকের দূষণও এতে দূর হবে। প্রথমে ফল: বাজার থেকে এনে সেগুলো পানিতে ধুয়ে নেবেন। এরপর এক গামলা বিশুদ্ধ পানিতে এক টেবিল চামচ ভিনেগার, এক চা-চামচ চিনি এবং সামান্য একটু লবণ মেশাবেন। ফলগুলো তাতে ডুবিয়ে রাখবেন অন্তত দুই ঘণ্টা। ব্যাস্ হয়ে গেল। সবজি দূষণমুক্ত করার বেলায় চিনিটা শুধু বাদ দেবেন, তার বদলে অল্প একটু আদাবাটা মিশিয়ে নিতে পারেন। প্রসঙ্গত বলি, সাদা চিনি না খাওয়াই ভালো। তার চেয়ে ব্রাউন সুগার ব্যবহার করবেন। অফকোর্স, ভাগ্যের ওপর খাদ্যের প্রভাব রয়েছে। আমি এখানে অযথা বকবক করতে বসিনি।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কে আমাকে কী যে বলে/ ভোলাও ভোলাও ভোলাও/ আমার হৃদয়/ তোমার আপন হাতের দোলায়/ দোলাও দোলাও দোলাও/ আমার হৃদয়..রবীন্দ্রনাথের এই গানটি আপনি নিশ্চয় শুনেছেন। না শুনে থাকলে এখন শুনবেন, কেননা, এই গানে লুকিয়ে আছে আপনার মনের অনেক কথা। সেটা শুধু চলতি সপ্তাহ কেন, সারা মাস, সারা বছর কিংবা সারা জীবনেরই মনের কথা হতে পারে। সত্যিই তো, কে আপনাকে কী বলল—তা জেনে আপনার কী লাভ? গানটির অন্য অংশ: মনে পড়ে কত-না দিন রাতি, তুমি ছিলে আমার খেলার সাথি....মিলিয়ে দেখুন। নিজের বর্তমান অবস্থায় এই কথাগুলো কত প্রাসঙ্গিক হয়ে উঠছে। রবীন্দ্রনাথের অন্তর্দৃষ্টিতে আমরা সবাই সম্মোহিত। আমাদের মনের প্রতিটি কথাই যেন ফুটে ওঠে তার লেখা প্রতিটি শব্দে।...প্রিয় মিথুন, চলতি সাত দিন ধরে ওই গানের সুর ও কথাগুলোর মধ্যে ডুবে থাকতে অনুরোধ করি আপনাকে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
ট্যাবলেট নয়, তাজা ফলমূলের মাধ্যমে গৃহীত ভিটামিন সি-এর রয়েছে বিশাল গুণাগুণ। সবই বিজ্ঞান-স্বীকৃত। এই ভিটামিন রয়েছে প্রধানত নানা টক ফলের মধ্যে। এসব ফল ও সবজির নাম আজকাল আমরা সবাই জানি—আমলকী, লেবু, পেয়ারা, টমেটো, কাঁচা মরিচ; ওদিকে কমলা, মাল্টা, আনারস ইত্যাদি বহু কিছুতেই ভিটামিন সি প্রবলভাবে উপস্থিত। এসব ফল নিয়মিত খেলে কেউ সহজে বৃদ্ধ হয় না। তা ছাড়া, ভিটামিন সিতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকার ফলে এই ভিটামিন গ্রহীতাদের ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জন্মায়। এগুলো পুষ্টি তথা চিকিৎসাবিজ্ঞানেরই কথা। আর আমি বলি, ‘ভাগ্যের ওপর খাদ্যের প্রভাব’। কর্কট বা যেকোনো রাশির কারও মন যদি বিষণ্ন থাকে তো এক গ্লাস লেবুর শরবত খেয়ে দেখতে অনুরোধ করি। বিষণ্নতা কেটে গিয়ে প্রসন্ন হয়ে উঠবে মন—কয়েক মিনিটেই। বাজি রেখে বলছি। তা-ই যদি হয় তো চলুন, সবাই ভিটামিন সি-যুক্ত ফল ও সবজি খেতে শুরু করে দিই। তারপর দেখা যাক কী হয়।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
হিংসা হচ্ছে প্রাণিজগতের এক আদিম বৈশিষ্ট্য। হিংসা থেকে এসেছে হিংস্রতা। আমার দিল্লি প্রবাসী বাঙালি বন্ধু অরুণ চক্রবর্তী বলে: তোদের ভাষায় ‘সহিংসতা’ শব্দটি এসে কীভাবে ঢুকল?! আমি বোঝানোর চেষ্টা করি না, যেহেতু আমি নিজেও তা বুঝি না। যা-ই হোক হিংসাকে আমরা হিংসেও বলি। ‘ঈর্ষা’ অর্থেও শব্দটিকে ব্যবহার করি—পরশ্রীকাতরতা বোঝাতেও বলি। চলতি সপ্তাহে সিংহের হিংস্রতা না বাড়লেও ঈর্ষা বাড়বে বলে মোর মনে লয়। অন্যের উন্নতি দেখে তিনি কিছুটা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারেন বৈকি। সিংহকে বলি, অন্যের দিকে না তাকিয়ে আপনি নিজের চশমায় ডান্ডি লাগান, অর্থাৎ নিজের উন্নতি সাধনে মন দিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমার লেখা একটা গান আছে: দেয়ালঘড়িতে এগারোটা বেজে কুড়ি/ জানালার কাছে রাত জাগে একা উর্মিলা চৌধুরী/ উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি/ তখন আমার বয়স হয়তো উনিশ কিংবা কুড়ি। গানটি নানা কারণে বেশি প্রচার পায়নি। সবার মন ছঁুয়ে থাকতে পারেনি। গান তো শুধু লিখে ফেললেই হয় না, ভালো সুর এবং ভালো শিল্পী দ্বারা গীত হওয়াটাও জরুরি। লেখার চাইতেও জরুরি। এ সপ্তাহে কন্যার বুকের ভেতর একটা কান্না, একটা হাহাকার জেগে থাকবে। থাকুক। জোর করে স্বাভাবিকের বেশি বাইরে যাওয়ার দরকারটা কী? অশ্রু ধুয়ে নিক আপনার মনের যত জঞ্জাল। শুভ হোক!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা রাশির দুই তরুণ-তরুণী সেদিন আমার কাছে এসেছিল। তরুণটি বলে তার রাশি নাকি ‘তুইলো’। আমি খুব একটা অবাক হই না। নানা রাশির নানা জাতের মানুষ আমার কাছে নানা রকম উচ্চারণ ও অ্যাকসেন্ট নিয়ে আসেন। এই নিয়ে আমি আর ঝুট-ঝামেলা করতে যাই না আজকাল। আজ শুধু আপনাকেই কানে কানে কথাটা বললাম। তা আপনি তুলা রাশির জাতক হন আর ‘তুইলো’ রাশির জাতকই হন। এ সপ্তাহটা আপনি হনহন করে হেঁটে পার করবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এক ২৫ বছর বয়সের বৃদ্ধ যুবক মাঝেমধ্যে আমাকে অনেক জ্ঞান দেয়। এই অর্বাচীন যুবকটির সঙ্গে আমার সম্পর্ক সম্প্রতি আদায়-কাঁচকলায় অবধি গড়িয়েছে। হ্যাঁ, আমারও দোষ আছে বৈকি। আমি কনিষ্ঠদের সমান স্তরে গিয়ে মিশি। খুব রেগে গেলে ও আমার বাসা থেকে খেয়েদেয়ে উঠে বাইরে গিয়েই আমাকে অকথ্য ‘এসেমেস’ পাঠায়। পাঠক সে–সব বার্তা পড়লে মরা বিড়ালও জিন্দা হয়ে ফ্যাঁচ করে উঠবে। বার্তাগুলো প্রেম (ফ্রেম) করিয়া বান্দাইয়া দেওয়ালে টাঙ্গাইয়া রাখিবার মতোই বটেক! প্রিয় বৃশ্চিক, এর বেশি আর না-ই বললাম। যদি ভুল বোঝাবুঝি হয় সেই ভয়ে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
কলকাতার প্রয়াত শিল্পী সুবীর সেন-এর গাওয়া একটি গান তরুণ বয়সে আমার খুব পছন্দ: হয়তো তোমার অনেক ক্ষতি করেছি কাছে এসে/ ভালোবেসে/ তবু জেনো ওগো তোমার ক্ষতি তো চাইনি...(কথা ও সুর: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়)। এ যেন এক ধনু পুরুষের সরল বিষণ্ন স্বীকারোক্তি। আজও এই গান মনে পড়লে আমি উদাস হয়ে যাই। অবিকল চিত্রকল্পটা ভেসে ওঠে মস্তিষ্কের প্রেক্ষাপটে। ভাবিনি, আমার জীবনে এই গান একদিন চরম সত্য হয়ে উঠবে। কাঁদতে যদিও পারি না, তবু মন কাঁদে। গানটার কথা সুর গাওয়া শুনে। বেড়ে যায় আমার উত্তর-দক্ষিণ কোণে জমে থাকা অপরাধবোধ। প্রিয় ধনু, চলতি সাত দিন, সবার নয়, আপনার মন খানিকটা উদাসই বোধ হয় থাকবে। তা না হয় থাকলোই, ক্ষতি কী?
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
অপমান নামে আমার একটা কবিতা আছে। শোনাই?—অবশীর্ষ কেটে গেছে গেছে অনেক বছর, / অনুত্তর থেকেছি আমি ভিড়ে ও জলসায়; / কুকুরের চোখেও চোখ তুলে তাকাতে পারিনি। / সূর্য তো আস্তাচলে এখন—যে আমাকে একদিন করেছিল অপমান / অপমানে এখনো সে হয় নাই আমার সমান। চলতি সপ্তাহে এই কবিতাটা মনে রাখবেন, সত্যি মনে হবে এর প্রতিটি কথা একেবারে সঠিক। এ অবস্থা আর থাকবে না। সে কিংবা তারা অপমানে আপনার চেয়েও নিচে চলে যাবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আগেও বলেছি, বন্ধুত্বের চেয়ে বড় বন্ধন আর নেই। চলতি সপ্তাহটি আপনার বন্ধুদের সান্নিধ্যে কেটে যাবে। আর কে না জানে মনের মতো বন্ধু পেয়ে গেলে আমাদের চেয়ে সুখী কেউ হয় না। সপ্তাহের শুরুতেই তাহলে বগল বাজাতে থাকুন। প্রতিধ্বনিময় হোক আপনার খণ্ড খণ্ড আনন্দ।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আমার অতি সম্প্রতি লেখা একটি গানের প্রথম চার লাইন: প্রতিশোধ নিতে গিয়ে আজ/ দুটি চোখ জলে ভেসে যায়/ ভেঙে পড়ে মন/ পেয়ে হারানোর বেদনায়। সব মীন জাতকের হয়তোবা নয়, তবে কোনো কোনো মীন নারী-পুরুষের সাপ্তাহিক জীবনে এই গানটি সত্যি হয়ে উঠবে। প্রিয় মীন, আমার ওপর মন খারাপ করবেন না। আমি কথা বানিয়ে কাউকে কষ্ট দিতে শিখিনি। বরং চেষ্টা থাকে আনন্দ উপহার দেওয়ার। শুভ হোক আপনার।


আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।