আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার মতো আপনাদের অনেকেরই নিশ্চয় এই অভিমত যে বাঙালিকে খেয়েছে তার জাতির এক বৃহৎ অংশের লোভে। আর জানাই তো আছে: লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা সব বুঝি, আবার অনিয়ন্ত্রিত লোভের চোরাবালিতে পা রাখি। ফলাফল, যা হওয়ার তা-ই। আমি বাঙালি এবং বাংলাদেশি। আমিও হয়তো এই নিয়মের বাইরে নই। আয়নায় নিজের চেহারা কখনো দেখলেও তা ঝাপসা। আসুন, একটু থামি, একটুখানি ভাবি। আজ আমার গাঢ় ভাবনার দিন। নিজের দিকে ফিরে তাকানোর দিন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে আপনি কারও ভুল বোঝার শিকার হতে পারেন। কাজেই সপ্তাহের গোড়া থেকেই মনটাকে প্রস্তুত রাখুন। প্রত্যাশিত আঘাতের ভার কমবে। অপ্রত্যাশিত হলে আলাদা কথা। তবে ভাববেন না যে বিশাল কোনো আঘাতের সামনে আপনি পড়ে যাচ্ছেন। মনের হালকা ভাবটা বজায় রাখুন। সপ্তাহ শেষে আপনার হাসিমুখ দেখতে পাব—এই আমার বিশ্বাস।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে আপনি আপনার প্রতি কারও মনোভাব পাল্টাতে সক্ষম হবেন। নানা কারণেই একজন আরেকজনের প্রতি ভুল মনোভাব গ্রহণ করে। এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মিথুন পরিবর্তনের অনুঘটক। তাই এ সপ্তাহে তার পক্ষে নিজের এবং অন্যের পরিবর্তন আনাটা সহজ হবে। তাই বলে আপনাকে আমি শিক্ষকের ভূমিকা নিতে বলছি না। যা স্বাভাবিকভাবে হয়, তা-ই তো ভালো। শুভ হোক আপনার এই সাত দিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কটের সৃজনশীলতা এবং একই সঙ্গে বিষণ্নতা এ সপ্তাহে তুঙ্গে পৌঁছবে। প্রথমে ব্যর্থতা এসে তাঁকে বসিয়ে দেবে, এরপরই জুটবে তাঁর প্রসন্নতার উপলক্ষ। তাহলে প্রিয় কর্কট, এ সপ্তাহে সিটবেল্টটা একটু শক্ত করে বেঁধে নিন। সামনে অনেক কাজ। চিৎ হয়ে শুয়ে থাকলেই চলবে না। প্রো-অ্যাকটিভ হতে হবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে সিংহের একটু কাতুকুতু খাওয়ার যোগ রয়েছে। তাই বলে আমি এখানে লাগাতার কাতুকুতু খাওয়ার কথা বলছি না। মাঝেমধ্যে ‘ছোটিসি ব্রেক’ থাকবে। সিংহ একবার বিপর্যস্ত, একবার স্বস্তি—এই দুরকম অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাবেন। সব অঙ্কের হিসাব। রাশিশাস্ত্রের হিসাব। কারও কিছু বলার নেই, করার নেই। মনে পড়ে যায় রবীন্দ্রনাথের গান: ‘কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা...’।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
গোড়াতেই বলি, সপ্তাহটি আপনি তীব্র আনন্দ এবং তীব্র ব্যথার মধ্য দিয়ে পার করবেন। এটুকু জানা থাকলে ওই তীব্র ব্যথাটাও আর তেমন তীব্র মনে হবে না। অতএব, আমাকে আগাম একটা ধন্যবাদ দিন, আপনাকে যে সতর্ক করে দিলাম—সেই কারণে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলার তুলনা নেই। তাঁর যেকোনো কাজে রয়েছে অল্প একটু হলেও তুলির স্পর্শ। তুলা সৌন্দর্যের পূজারি। এতে নারী-পুরুষ ভেদ নেই। চলতি সপ্তাহে তুলার হাতে তুলি থাকুক বা না—তিনি পুরস্কৃত হবেন। এটুকু শুনেই সবগুলো দাঁত বের করে নিঃশব্দে হাসার কোনো কারণ নেই। ভ্রমণসহ মজার কাণ্ডগুলো ঘুরতে থাকুক, তখন দেখবেন আমি ঠিক কথাই বলেছি।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
জমিমজার ব্যবসায় জড়িত এক ভদ্রলোক বলেন, মানুষ তার পিতার হত্যাকারীকে ক্ষমা করে দেয়, কিন্তু তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে উৎখাত করলে সেই অপরাধকে কোনো দিনও ক্ষমা করে না। একটা জমির মামলা নিষ্পত্তি হওয়ার অপেক্ষা চলতে থাকে বছরের পর বছর। আপনি জানেন, বন্য পশুও তার শিকারের সীমানা চিহ্নিত করে রাখে। তার অধিকৃত জমিতে অন্য কেউ অনুপ্রবেশ করলে লেগে যায় রক্তক্ষয়ী যুদ্ধ। চলতি সপ্তাহটা ধৈর্যসহকারে পার করুন, প্রিয় বৃশ্চিক।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এ সপ্তাহে ধনুর কানে বাজতে থাকবে: ‘আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন—/ সে কি অমনি হবে।...আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন—’ এর কার্যকারণ আমার অজানা। মনে পড়ল, আমার জন্ম ১৬ ডিসেম্বর। গানটি তাহলে আমার জন্যও প্রযোজ্য হবে। এখন বক্তব্য সবটাই ব্যাখ্যা করে দেব এমন, সব সময় হয় না। কিছু ছেড়ে দিই পাঠকের ভাবনার ওপর। এ সপ্তাহেও তা-ই করলাম। শুভ হোক আপনার।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকর মানেই বকর বকর—এমন ভাবা উচিত নয়। আমাদের চারপাশে কম-কথা-বলা প্রচুর মকর আমরা দেখি। এঁদের মনের গঠন ভিন্ন ভিন্ন হলেও রাশির ফিতে এঁদের একসূত্রে বেঁধে রেখেছে। চলতি সপ্তাহে মকরের পেশাগত জীবনে শুভ পরিবর্তন ঘটবে। মকরকে বলি, ভালো একটা কিছু কাজ খুঁজতে থাকুন। পেয়ে যাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মিথুনের মতো কুম্ভও পরিবর্তন ঘটানোর রাজা। এ সপ্তাহে আমরা দেখতে চাই, কুম্ভ তাঁর নিজের ভেতর কী পরিবর্তন আনতে পারেন। শুভকামনা রইল কুম্ভ–র জন্য।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
শুভ: অশুভ ৫০: ৫০। যাঁরা আশাবাদী, তাঁরা প্রথম ৫০-এর দিকে তাকাবেন। হতাশাবাদী হলে উল্টো। আমরা কেউ হতাশাবাদী হতে চাই না। চেষ্টা করলে অশুভকেও টেনেহিঁচড়ে শুভ করে তোলা যায়। শুভ হোক সকলের।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।