আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
কথাটা হয়তো কিছুটা ঠিক যে বিধাতা প্রত্যেককে এক-একটা কাজ দিয়ে পৃথিবীতে পাঠান। তবে আমি বলি, যে কাজে আপনি আনন্দ না পান সে কাজ আপনার নয়। কাজে আনন্দ খুঁজুন। আনন্দ না পেলে কাজ বদল করুন। আনন্দের কাজে মানুষ সাফল্য লাভ করে। প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার প্রতি এ আমার বক্তব্য।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
ছোটবেলায় মানুষ প্রভাবিত হয়ে অনেক বাজে বই পড়ে। আমিও তেমনই অত্যন্ত সিরিয়াস মন নিয়ে ডেল কার্নেগি মহোদয়ের হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস বইটা পড়েছিলাম। ওই বইয়ের প্রেসক্রিপশন বাস্তবজীবনে আমার কোনো কাজেই আসেনি। প্রিয় কিশোর বয়সী বৃষ, এ বিষয়ে বড়দের একটু পরামর্শ নেওয়া ভালো। বই নির্বাচন জীবনের গতি নির্ধারণ করে দিতে পারে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আমরা সাধারণত নিজের চিন্তায় বিভোর থাকি। কিন্তু না, পরিপূর্ণ জীবনের স্বার্থে অন্যের চিন্তা পাঠ করা জরুরি। এখানে বহু বিচিত্র বই পড়ার প্রশ্ন আসে। বই পড়লে আমরা অন্যের চিন্তাকে বুঝতে পেরে নিজের চিন্তা সংগঠিত করতে পারি। গভীর আনন্দও পাই।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

আবেগ না থাকলে আর বাঙালি কিসের! বাঙালির হাসি যেমন দিলখোলা, তেমনই তার কান্নাও প্রাণঢালা—হাউমাউ না করে কাঁদতেই পারে না। কিন্তু সব বাড়াবাড়ি দৃষ্টিকটু। এ কথা তো মানতেই হবে, তাই না?

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সপ্তাহটা আপনার একটু চিপা-খাওয়া অবস্থার মধ্য দিয়ে কাটতে পারে। তবে, বড় কোনো ক্ষতি হবে না। কাজেই মনের শক্তি অটুট রাখুন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

নিজের উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখুন। কন্যা ওপরে ওঠার ক্ষমতা রাখে, আপনিও পারবেন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আমার প্রয়াত মেজো ভাই বিমানবাহিনীতে ছিলেন। একবার ছুটিতে বাড়িতে এসেছেন, আমি খুব স্মার্ট পোশাক পরে তাঁর সামনে দিয়ে যাচ্ছি। তিনি আমাকে ডেকে বললেন, ‘শোনো, তুমি কি নিজেকে খুব স্মার্ট মনে করো? এর জন্য কাপড়চোপড় যথেষ্ট নয়। জীবনের সকল অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে চলাই হচ্ছে স্মার্টনেস।’ স্কুলজীবনে পাওয়া এ উপদেশ আমার অনেক উপকার করেছে। আপনি তুলা, আপনি স্মার্ট। আপনাকে এসব বলার দরকার নেই। তবু বললাম।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

ভূমি ব্যবসায় জড়িত সদ্য প্রয়াত নাজিম নওয়াজ চৌধুরী ছিলেন এক মহান বৃশ্চিক নায়ক। আমাকে একবার বলেছিলেন, ‘মানুষ তার পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু তার পৈতৃক সম্পত্তি লুণ্ঠনকারীকে সারা জীবনেও ক্ষমা করে না। তাই জমি নিয়ে যুগের পর যুগ মামলা চলতে থাকে।’ ‍প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে পৈতৃক সম্পত্তি নিয়ে বেশি ভাববেন না।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

আমি সারা জীবন অচেনা মানুষকে লক্ষ্য করে রাশিফলে ‘চিঠি’ লিখে যাচ্ছি। এর অভিঘাত নিয়ে ভাবি না। পরে পাঠকদের প্রতিক্রিয়া জানতে পারি। প্রিয় ধনু জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয়, কাজেই অব্যর্থ নয়—এটুকু মনে রেখে আমার লেখা রাশিফল পড়বেন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

বিগত সপ্তাহ যেমনি কাটুক, চলতি সপ্তাহে আপনার হাসিমুখ দেখা যাবে। এটুকু শুনেই ফিক করে হেসে ফেলুন!

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

শতকরা ৫০ ভাগ সফল সপ্তাহ কাটবে। বিশ্বাস রাখুন, আপনার চলতি সপ্তাহটি ৫০ ভাগ সাফল্যে ‘অর্ধেক’ ভরে উঠবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

যতটা সাফল্য আশা করেছিলেন ততটা সাফল্য এ সপ্তাহে আপনি পাননি—স্বীকার করি। তবুও আশায় নয়, বিশ্বাসে বুক বাঁধুন। সাফল্য আসবে।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী