আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
একটু লক্ষ করলেই দেখবেন, আমরা যা আশঙ্কা করি, তার বেশির ভাগই কিন্তু ঘটে না। মার্চ মাস বাঙালির নির্ভয়ের মাস। প্রিয় মেষ, ভয়কে জয় করুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বাঙালি তার জীবনের ‘প্রায়োরিটি’ বা অগ্রাধিকার বোঝে না। কেউ বলে তার জীবনের প্রথম চাওয়া টাকাপয়সা, কেউ বলে এটা-ওটা। কিন্তু না, সেই চির পুরাতন বাক্যটাই নির্ভুল: স্বাস্থ্যই সকল সুখের মূল। রবিঠাকুর বলেছেন: চাই স্বাস্থ্য, চাই বল...আনন্দ উজ্জ্বল পরমায়ু...
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
যুদ্ধক্ষেত্রই সাহস প্রদর্শনের একমাত্র স্থান নয়। দৈহিক ও মানসিক প্রতিকূলতাকে জয় করতে অনেক সাহস লাগে। সাহস থাকলে জয় পাবেন। আসুন, আমরা নিত্য সাহসের চর্চা করি।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

অতীতকে মনে রাখুন, কিন্তু বর্তমানের ভেতর বাস করুন। আর ভবিষ্যতের করণীয় পরিকল্পনা করুন। তাহলেই আপনি সামনে অগ্রসর হতে পারবেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

ওস্তাদ ফজলুল হককে অনেকেই আজ হয়তো ভুলে গেছেন। শিল্পীর প্রতি শিল্পীর ঈর্ষা ছাড়িয়ে ভালোবাসা ও সহমর্মিতা কতটা গভীর হতে পারে দেখুন: একবার মহান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর গুজব শুনে ফজলুল হক নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছিলেন। আপনি যদি শিল্পী না-ও হন, তাহলেও এ ঘটনাটা আপনাকে নাড়া দেবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

সুচারু একজোড়া গোঁফ বোধ হয় কলকাতার বাবুদের একটি গুরুত্বপূর্ণ ভূষণ। আপনি বলতে পারেন সবকিছু ছেড়ে কেন আমি কলকাতার বাবুদের নিয়ে পড়লাম। আসলে সব বাড়াবাড়িই দৃষ্টিকটু। কথাটা এ সপ্তাহে মনে রাখবেন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

কলকাতার প্রয়াত শিল্পী সুবীর সেনের গানে আছে: তবু যদি চাও হতে পারে ছাড়াছাড়ি, তুমি সুখী হলে দূরে চলে যেতে পারি (হয়তো তোমার অনেক ক্ষতি করেছি কাছে এসে, ভালোবেসে)। দেখুন তো, এই গানখানি এ সপ্তাহে আপনার জন্য প্রযোজ্য হয় কি না।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আমার চলচ্চিত্রবিষয়ক এক শিক্ষক ছিলেন জনৈক মার্কিন বৃদ্ধা। বাংলাদেশে এসে চলচ্চিত্র সম্পর্কে পাঠ দিতেন তিনি। একবার ক্লাসে এসে দেখেন একজন তাঁর কম্পিউটারে হাত দিয়েছে। তিনি বললেন, ‘দ্যাখো, এই পিসিটা হচ্ছে আমার টুথব্রাশের মতো। তুমি এটা ব্যবহার করতে পারো না।’ এই ঘটনা থেকে আমাদের বহু কিছু শেখার আছে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

আনন্দ শংকর রায় ও তাঁর স্ত্রী লীলা রায়—দুজনেই ছিলেন এবং আছেন বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল তারকা। লীলা রায় মূলত ছিলেন ইউরোপীয়। তবুও সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা তাঁদের পুত্রসন্তানকে ১০ বছর বয়স হওয়ার পূর্ব অবধি ইংরেজি শেখাননি। তাই বলে কি তাঁদের সন্তান ইংরেজি শেখেনি? কথাটা মনে রাখার যোগ্য।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

এই তো আঁধার কেটে যাচ্ছে, তবে আর ভয় কেন? সাহসে বুক বাঁধুন, সফল হবেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহের শ্রেষ্ঠ রাশিফল আমরা দিতে পারি কুম্ভকে। আজ তাহলে আর আপনার সপ্তাহিক রাশিফল পড়ে কাজ নেই। পুরো সপ্তাহটাই শুভ।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

দেহের কষ্টকে ছাড়িয়ে যাবে মনের কষ্ট। এ বিষয়ে বলার এইটুকুই যে সপ্তাহ মাত্র সাত দিনের ব্যাপার। শুভ হোক।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী