আপনার রাশি

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আজ শনিবার মেষ হিসেবে আপনি আছেন আপনার অন্যতম শুভসংখ্যা #২-এর আওতাধীন। পিথাগোরাসের নিউমারলজি অনুযায়ী ২ একটি চমৎকার সংখ্যা। চলতি সপ্তাহে আপনি মেষ, এই সংখ্যার জাদু দেখতে পাবেন। সম্ভবত আপনাকে এ সপ্তাহে একটা প্রচণ্ড বাধা অতিক্রম করতে হবে। বিবদমান দুই পক্ষের মীমাংসা করার জন্য আপনার ডাক পড়বে। এর ফলে আপনার প্রশংসা ও খ্যাতি আরও দূর অবধি ছড়িয়ে পড়বে। ব্যস, আর কী চাই!
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে আপনার কিছু ঝড়ো সফরের প্রবল সম্ভাবনা দেখা যায়। এর অন্যতম কারণ হচ্ছে এই যে, চলতি সপ্তাহে আপনি থাকবেন বৃষ রাশির ভর #১ +২ = ৩ এর ঘরে। পিথাগোরাসের মতে, সংখ্যা ৩ এবং ৭ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এই সংখ্যা দুটির মধ্যে রয়েছে আধ্যাত্মিক ও ইহজাগতিক শক্তি। ফলে, সপ্তাহটি আপনার ভরে উঠবে সৌভাগ্য ও আনন্দে। জয় হোক আপনার!
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
আজ শনিবার থেকে যে সপ্তাহ শুরু হলো, সেই সাত দিনে প্রিয় মিথুন, আপনি থাকবেন সংখ্যা ২ +৪ = ৬ এর ঘরে। ওপরে তাকিয়ে দেখুন, মিথুনের ভর # হচ্ছে ৬। কথায় বলে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। শুভ হোক আপনার!
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
‘এই তো বেশ, এই নদীর তীরে বসে গান শোনার...।’ প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী তালাত মাহমুদের গাওয়া সেই অসাধারণ বাংলা গানটি যা ভুলে যাওয়া অসম্ভব। চলতি সপ্তাহটি শিল্পী ও শিল্পপতিদের জন্য সমান শুভ। শুনে আপনি হয়তো বলবেন, আমি তো শিল্পীও নই, শিল্পপতিও না, আমি হচ্ছি বরিস বেকার। এর উত্তরে আমি বলব, বেকার এবং চাকরিজীবীও এই সাত দিনে সাফল্যের ছোঁয়া পাবেন। শুভ হোক আপনার!
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আপনি সিংহ, গর্জালে যার হুংকার পাঁচ মাইল দূর থেকে শোনা যায়। অথচ, সপ্তাহজুড়ে আপনি তর্জনগর্জন করছেন, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। মিথুন রাশির খোপে একবার চোখ বুলিয়ে দেখুন, ওতে রাশিটির ভর # দেখা যাচ্ছে ৬। এই সংখ্যাটি বর্তমান সময়ে সাফল্যের অন্যতম শিখরে অবস্থান করবে। এই সাত দিন ধরে আপনার ঘরে সৌভাগ্যের উষ্ণ আলো জ্বলতে থাকবে।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কথায় বলে, ‘লাইফ বিগিনস অ্যাট ফরটি’ অর্থাৎ, বয়স চল্লিশ হলে মানুষের জীবন শুরু হয়। প্রিয় কন্যা, আপনি কোনো বিষয় নিয়েই আর ট্যাঁ-ফোঁ করবেন বলে মনে হয় না। কারণ? কারণটা খুব সহজ—আপনার পেট ভরে গেছে। ক্যায়া আওর বলে গা!
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
অভয় দিচ্ছি, এ সপ্তাহে আর আপনাকে ধোপার আছাড় খেতে হবে না, ইনশা আল্লাহ। প্রিয় তুলা, চলতি সপ্তাহে আপনি নিন্দা-অপবাদের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে যাবেন। আমি বলি কী—আসুন, সবকিছু ছেড়ে আমরা একযোগে গেয়ে ওঠি—তোমারই হোক জয়...।
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আমার ১৯৬৭ সালের ৯ আগস্টে লেখা ডায়েরির একটি অংশ ‘রঞ্জুদা (অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তীর) সঙ্গে দেখা হলো। অনেক কিছু আলাপ হলো। বেশির ভাগই সিলেটের খেলাধুলো ও সাংস্কৃতিক কার্যকলাপের ক্ষেত্রে যে বন্ধ্যত্ব এবং নোংরামি চলছে, তাই নিয়ে আলাপ হলো। ইতিমধ্যে এলেন বাবুল ভট্টাচার্য। কথা হলো বিকেলে ইসমত, বাবুল বাবু ও আমি—তিনজনে আতিক মামার গাড়ি নিয়ে বের হব।...আশা হচ্ছে এখন মনে—আমার কক্ষচ্যুত রেডিও নাটকটি নিশ্চয়ই কক্ষচ্যুত হবে না।...’ মহান বৃশ্চিক, মিলিয়ে দেখুন—চলতি সপ্তাহে আপনার ঘটতে থাকা ঘটনাবলির আমার ডায়েরির কোনো মিল খুঁজে পান কি না।
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
১৯৭২ আমার লেখা একটি কবিতা পড়ে দেখুন, ‘ঋত্বিকের সঙ্গে কলকাতা যাত্রা’।
‘সাড়ে চারশো মাইল ধরে সাঁই সাঁই ছুটে/ লাল ফোকসয়াগন ঢাকা থেকে রাজশাহী হয়ে/ অসনাতন রুটে, ফারাক্কা বাঁধ লক্ষ্য করে/ আরো দূর কলকাতার দিকে/ ...বীরভূম আসে, পিছনে বাজে/ ঋত্বিকের...স্বরঃ ওই দ্যাখ, হারামজাদা/ ক্যামন/ তীব্র পাল্টে যাচ্ছে মাটির রঙ, হয়ে আসছে লাল!...’ প্রিয় ও অপ্রিয় ধনু, চলতি সপ্তাহে হয়তো আপনি প্রচণ্ড ঘোরাঘুরি করবেন।
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
সোনা ও রুপার মধ্যে কাছাকাছি ব্যবধান থাকতে দেখা যায়। এই ব্যবধানকে কেন্দ্র করে মকর অবিরাম বকর-বকর করে চলে। আপনার সাপ্তাহিক জীবনে হে মোর মকর, তরতর করে চলে যাবে নতুন সাফল্যের দিকে। নাই নাই ভয়, হবে হবে জয়...
কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভর সাপ্তাহিক জীবনে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটবে—এই আমার হিসাবের ফল। নাটকীয় শুনে বাঙালি ভয়ে চিৎপাত হয়ে যায়। হাস্যকর ব্যাপার। নাটকীয় কথাটার মানে হচ্ছে, সাড়া জাগানো অভিজ্ঞতার সমাহার। কাজেই শান্ত হয়ে বসুন, কুম্ভ। জায়গা থেকে এক ইঞ্চিও নড়বেন না, আনটিল ফারদার অর্ডার!
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সপ্তাহটা আপনার একটু চিপা খাওয়া অবস্থার মধ্য দিয়ে কাটতে পারে। কী, শুনেই, গাল ফুলিয়ে ছলছল চোখে আমার দিকে তাকাচ্ছেন? কাউকে ভয় দেখানোর চাকরি আমি নেইনি। অতএব, আপনি ভয়ে মুষড়ে পড়বেন না। এই আপনার প্রতি আমার ঐকান্তিক অনুরোধ। শুভ হোক রাশিচক্রের প্রত্যেক সদস্যের।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী