আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মানবিক একটা মনস্তত্ত্ব এই যে মানুষ নিরাপদ দূরত্বে থেকে একটা কোনো বিপর্যয় চেয়ে দেখতে ভালোবাসে। চলতি সপ্তাহে আপনি এ রকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন। আনন্দময় হবে আপনার চলতি সপ্তাহ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
জীবনের মোক্ষ হচ্ছে আনন্দকে খোঁজা। যে কাজে আনন্দ নেই সে কাজ আমরা ভালোভাবে করতে পারি না। চলতি সপ্তাহে আপনি যা করবেন—সবকিছুতেই যে আনন্দ পাবেন এমন নয়। সফল হতে চাইলে আনন্দ খুঁজুন। আনন্দের খোঁজ পেলেই আপনার কাজ সফল হবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে আপনার সাফল্য আছে, তবে এই সাফল্য অর্জন করতে আপনাকে বিশেষ চেষ্টা চালাতে হবে। তাহলে প্রস্তুত হয়ে যান। নিজ শ্রম দিয়ে সাফল্য কেড়ে আনুন। শুভ হবে আপনার এই চেষ্টা।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মেজাজটা এ সপ্তাহে আপনার একটু চিড়বিড়িয়ে উঠতে পারে। মেজাজ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। কাজ হবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
মনটা এখন একটু উদাস হয়ে উঠতে পারে। রবীন্দ্রনাথের গান মনে করুন—স্মৃতিচারণার গান—এ পথে আমি যে গেছি বারবার/ ভুলিনি তো এক দিনও। লক্ষ করবেন, চলতি সপ্তাহে সাত দিন এ গানটির কথা আপনার মনে গুঞ্জন করবে। শুভ হোক।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা রাশির ছেলেদের চেয়ে মেয়েদের ভাগ্য এ সপ্তাহে খানিকটা এগিয়ে থাকবে। এতে ছেলেদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের জন্যও থাকবে নানা বৈচিত্র্য।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা রাশির জাতিকা ও জাতক চলতি সপ্তাহে ভ্রমণের মাধ্যমে একটা কোনো নতুন সাফল্য হাতে পাবেন। জয় হোক আপনার!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের সামনে বিপর্যয় থাকলেও তিনি এ বিপর্যয় নির্বিঘ্নে পার হয়ে যাবেন। সামনে তাকান। দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু সংগ্রামী। সংগ্রাম করেই চলতি সপ্তাহের সাত দিন তাকে সাফল্য পেতে হবে। ধনুর ভাগ্যে সাফল্য আছে। আনন্দিত মন নিয়ে কাজকর্ম করতে থাকুন। মনে রাখবেন, ব্যস্ততাই সাফল্যের চাবিকাঠি।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
একটা গান কানে বাজে, ভালো থাকা খুব কঠিন তো নয়। এটি একটি বিজ্ঞাপনী গান হলেও আপনার ভালো লাগবে। নিজের জীবনে কষ্ট থাকুক বা না—সর্ব অবস্থায় আপনি সুখ অনুভব করবেন। এ কথাটি জেনে নিয়ে সামনে চলুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে আপনার বন্ধুভাগ্য ভালো। তবে, বন্ধু ও শত্রু চিনতে শিখুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীন রাশির এ সপ্তাহে জয়-জয়কার। এর বিশদ ব্যাখ্যা নিষ্প্রয়োজন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী