আপনি কি প্রস্তুত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি হোক এখন থেকেই। ছবিটি ঢাকার জাতীয় গণগ্রন্থাগার থেকে তোলা lছবি: মনিরুল আলম
বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি হোক এখন থেকেই। ছবিটি ঢাকার জাতীয় গণগ্রন্থাগার থেকে তোলা lছবি: মনিরুল আলম

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ৬ ফেব্রুয়ারি। ২০০ নম্বরের এই প্রাথমিক বাছাই পরীক্ষার প্রস্তুতি পরামর্শ বিষয়ে আমাদের তিন পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। এই পর্বে বাংলা ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ) নিয়ে আসমাউল হুসনা ২৮তম বিসিএস (কর) এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মো. আরাফাত রহমান, সহকারী কমিশনার (ভূমি), বগুড়া সদর, বগুড়া পরামর্শ দিয়েছেন।
বাংলা: বাংলা বিসিএস-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ভাষা ও সাহিত্য অংশে ৩৫ নম্বর রাখা হয়েছে। ব্যাকরণ অংশে যেসব নতুন বিষয় যুক্ত হয়েছে, সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। বাংলা সাহিত্য অংশের প্রাচীন যুগ, মধ্য যুগ ও আধুনিক যুগের কবি-সাহিত্যিক, তাদের সাহিত্যকর্মসহ বিভিন্ন উক্তি, সাল এবং পত্র-পত্রিকার নাম ও সম্পাদকের নাম ভালোভাবে আত্তীকরণ করতে হবে। বাজারে প্রচলিত গাইড বইয়ে অনেক সময় ভুল তথ্য থাকতে পারে। সে ক্ষেত্রে একাধিক বই মিলিয়ে পড়তে হবে এবং মৌলিক কিছু বইয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়ে ৩০ নম্বর থাকবে। এ বিষয়ের প্রস্তুতিতে পুস্তকভিত্তিক জ্ঞানের পাশাপাশি পত্রিকা, রেডিও, টেলিভিশন সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রতিদিন একাধিক পত্রিকা পড়ার অভ্যাস ও দলগত আলোচনা ফলপ্রসূ হতে পারে। বাংলাদেশের জাতীয় বিষয়, কৃষি, অর্থনীতি শিল্প ও বাণিজ্য—এই বিষয়গুলো নতুন সিলেবাসে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা ও সরকারব্যবস্থা ভালোভাবে আয়ত্ত করতে হবে।
সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
আন্তর্জাতিক বিষয়াবলির সিলেবাস মাত্র পাঁচটি ভাগে ভাগ করা থাকলেও এর মধ্যেই কিন্তু সব বিষয় চলে এসেছে। উপমহাদেশ ও আন্তর্জাতিক ইতিহাসের জন্য ইতিহাসের মূল বই পড়া যেতে পারে। বিভিন্ন দেশ ও মহাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেখান থেকে পড়া হচ্ছে, সেটা হালনাগাদ তথ্য কি না। বিশ্বের কিছু কিছু সমস্যা অনেকটা স্থায়ী। যেমন কাশ্মীর সমস্যা, ফিলিস্তিন সমস্যা। এসব বিষয় একটু গভীরভাবে জানতে হবে। সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, সেদিকে নজর রাখতে হবে। এই সময়টাই সবচেয়ে উপযুক্ত। সংবাদপত্র পড়া এবং সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে প্রকাশিত যেকোনো মাসিক পত্রিকা নিয়মিত পড়তে হবে। সাম্প্রতিক সময়ের যুদ্ধ, সম্মেলন, নির্বাচন, পুরস্কার, খেলাধুলা, রাজনীতি, আবিষ্কার ইত্যাদি বিষয়ের ওপর নজর রাখা যেতে পারে। পরিবশেগত সম্মেলন কবে কোথায় শুরু হয় এবং এ পর্যন্ত কোথায় কোথায় এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেটা নোট করে রাখতে হবে। এ ক্ষেত্রে সম্মেলনের স্থান, সময়, প্রতিপাদ্য বিষয় এবং বিশেষ বিশেষ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা থাকা দরকার। আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি থেকে প্রায় প্রতি পরীক্ষায় প্রশ্ন এসেছে। জাতিসংঘ, আইএলও, ডব্লিউএইচও, ইউনেসকো, FAO, World Bank, IAEA, UNHCR, UNEP, UNFPA, IPCC, Common Wealth, সার্ক, ওআইসি, NAM, আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, CIRDAP, ADB, APEC, বিমসটেক, ওপেক, জি৮, রেডক্রস, আইডিবি, জি৭৭ ইত্যাদি সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যেমন- সংগঠনগুলো কী ধরনের, কবে প্রতিষ্ঠিত হয়েছে, সদস্যসংখ্যা, সদর দপ্তর, সর্বশেষ সদস্য, সর্বশেষ সম্মেলন—এসব সম্পর্কে হালনাগাদ তথ্য ওয়েবসাইট থেকে নেওয়া যেতে পারে।