আপনিও হতে পারেন ভিডিও সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির পেছনে ছুটছেন? একের পর এক সাক্ষাত্কার দিয়ে চলেছেন, কিন্তু চাকরি নিশ্চিত হচ্ছে না। আপনি যদি কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকেন বা স্নাতক পড়ছেন, তাহলে আপনি চাইলেই হতে পারেন একজন ভিডিও এডিটর বা ভিডিও সম্পাদক। ভালো দক্ষতা অর্জন করতে পারলে নিশ্চিত আয় করতে পারবেন আপনি।ভিডিও সম্পাদনা কীটিভি চ্যানেলে যেসব অনুষ্ঠান প্রচারিত হয়, তা আগে সম্পাদনা করে তবেই প্রচারিত হয়। পরিচালকের নির্দেশনা মেনে এই সম্পাদনার কাজ সম্পন্ন করেন একজন ভিডিও সম্পাদক। ধরা যাক, টিভি চ্যানেলের জন্য একটি সংবাদ বা নাটকের জন্য চিত্রগ্রাহক কোনো একটি দৃশ্য ক্যামেরায় ধারণ করলেন। সেই দৃশ্যটি ভিডিও সম্পাদনা প্যানেলের কম্পিউটারের হার্ডডিস্কে তুলে নেওয়া হয়। এখান থেকে প্রয়োজনীয় অংশটুকু নিয়ে প্রতিবেদক তাঁর প্রতিবেদন তৈরি করবেন অথবা পরিচালক তাঁর নাটকে ব্যবহার করবেন। সেখানে ভিডিওচিত্রের পাশাপাশি শব্দ সংযোজনের কাজও করতে হয়। দুই রকম সম্পাদনা হয়। অনলাইন সম্পাদনা ও অফলাইন সম্পাদনা। অনলাইন সম্পাদনা হচ্ছে, শুটিংয়ের সময়ই সেখানে প্যানেল নিয়ে ভিডিও সম্পাদক পরিচালকের নির্দেশনা মেনে এডিট করেন। আর অফলাইন সম্পাদনা হচ্ছে, ক্যামেরায় দৃশ্য ধারণ করে পরে সম্পাদনার টেবিলে বসে সম্পাদনা করা।কেন দরকার ভিডিও সম্পাদকদেশে এখন ১০টি সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। আরও ১০টি টিভি চ্যানেল আসার অপেক্ষায়। প্রতিদিন টিভি চ্যানেলগুলোতে শত শত অনুষ্ঠান (নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান) প্রচারিত হয়। এসব অনুষ্ঠান টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকেও নির্মাণ করা হয়। এ জন্য দেশেই গড়ে উঠেছে শতাধিক অনুষ্ঠান নির্মাণের কারিগরি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ভিডিও সম্পাদকের প্রয়োজনীয়তা এত বেশি যে এখন তারা নিজেরাই নতুন নতুন ছেলেমেয়ে এনে প্রশিক্ষণ দিয়ে তাদের কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে। আর একজন ভিডিও সম্পাদক ইচ্ছা করলে একাধিক কারিগরি প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। তিনি চাইলে টিভি চ্যানেলে কাজ করার পাশাপাশি তাঁর সুবিধামতো সময়ে অনুষ্ঠান নির্মাণের কারিগরি প্রতিষ্ঠানে কাজ করতে পারেন।জ্যেষ্ঠ ভিডিও সম্পাদক তাহের শিপন জানালেন, এখন ভিডিও সম্পাদকের প্রচুর চাহিদা। দেশে চ্যানেল বাড়ার কারণেই অনুষ্ঠান নির্মাণের সংখ্যা বেড়ে গেছে। এ কারণে বাড়ছে নির্মাণের কারিগরি প্রতিষ্ঠান। ভালো ভালো ভিডিও সম্পাদক উচ্চবেতনে চলে যাচ্ছেন টিভি চ্যানেলে। ফলে বেসরকারিভাবে যে অনুষ্ঠান নির্মাণের কারিগরি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে পদ শূন্য হচ্ছে। এ জন্য সম্পাদনা জানা ছেলেমেয়েরা খুব সহজেই এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যাচ্ছে।তাহের শিপন জানালেন, তিনি নিজেও একসময় শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন। এরপর চাকরি করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। ‘একসময় চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের কারিগরি প্রতিষ্ঠানে ভিডিও সম্পাদনা করেছি। তারপর একদিন নিজেই নাটক নির্মাণ শুরু করি। এখন নিজেই নিজের নাটক পরিচালনা করি এবং নিজেই তা সম্পাদনা করি। আমি মনে করি, এখন এ পেশায় এসে বেকার তরুণ-তরুণীরা খুব সহজেই বেকারত্ব দূর করতে পারে’—বলছিলেন তাহের শিপন।কী কী যোগ্যতার প্রয়োজন?জ্যেষ্ঠ অনলাইন ভিডিও সম্পাদক খালিদ মাহমুদ সেজান জানালেন, কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করা ছেলেমেয়েরা এ পেশায় এলে ভালো করতে পারবে। কম্পিউটার জানতে হবে। ফাইল সেভ করা, ফাইল খুঁজে বের করা, কম্পোজ জানা—এটুকু জ্ঞান থাকলেই চলবে। প্রয়োজন ধৈর্য আর বিচক্ষণতা। ‘এ পেশায় আসতে হলে অবশ্যই তাকে বুদ্ধিমান হতে হবে। কোন দৃশ্যটি ভালো লাগছে আর কোনটি খারাপ—এটুকু তাকে বুঝতে হবে। ঢাকা শহরেই সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে দুই, তিন ও ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়’—বলছিলেন মাহমুদ সেজান।এসব প্রতিষ্ঠান থেকে কাজ শিখে ছেলেমেয়েরা ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা বেতনে চাকরি জুটিয়ে নিতে পারবেন অবলীয়ায়। এর বাইরেও অবসরে অন্য প্রতিষ্ঠানে তাঁরা কাজ করতে পারবেন।কোথায় দেওয়া হয় প্রশিক্ষণবেসরকারিভাবে অনুষ্ঠান নির্মাণের কারিগরি প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ নিজেদের সুবিধার জন্য পরিচিত ছেলেমেয়েদের অভিজ্ঞ ভিডিও সম্পাদকের পাশে বসে কাজ শেখার সুযোগ করে দিয়ে থাকে। আর পেশাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে, সরকারি প্রতিষ্ঠান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)। এর বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড, লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় ও প্রশিকা। মেকারস (makers-mediaschool.com)—এই ওয়েবসাইট থেকে আরও প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে। এ ছাড়া ফার্মগেট, ধানমন্ডি, মগবাজারে রয়েছে আরও কয়েকটি ভিডিও সম্পাদনার প্রশিক্ষণকেন্দ্র। তার মধ্যে একটি হচ্ছে—ফার্মগেট, তেজতুরীবাজারে নিউ স্টার ফিল্ম করপোরেশন; মগবাজারে আছে ওয়ানফ্রেম। www.bdmediajobs.com—এই ওয়েবসাইটে ঢুকেও আরও তথ্য জেনে নেওয়া যায়। প্রশিক্ষণ নিতে কত টাকার প্রয়োজন?বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য বিভিন্ন অঙ্কের টাকা প্রয়োজন হয়। কোথাও লাগবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। প্রশিক্ষণ দেওয়া হয় ৩২টি ক্লাসের মাধ্যমে। আবার কোথাও দেওয়া হয় সাত হাজার থেকে ১০ হাজার টাকায়। এখানে দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়ানফ্রেমের কর্ণধার শরিফউল্লাহ বললেন, ‘প্রতি মাসে ১০ জন করে ছেলেমেয়ে আমরা নিই। প্রতি মাসের ১৫ তারিখে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। এরপর প্রশিক্ষণ শেষে অনেক কারিগরি প্রতিষ্ঠান সম্পাদক চেয়ে রাখে। এখানে যারা ভালো করে, আমরা তাদের তখন সেখানে পাঠিয়ে দিই। যেমন—কিছু দিন আগেই মনির খান শিমুল আমাদের কাছে একজন ভালো সম্পাদকের খোঁজ করছিলেন তাঁর প্রতিষ্ঠানের জন্য। আসলে সম্পাদনার কাজ জানার পর আর এখন কাউকে বসে থাকতে হয় না।’তাঁদের একজনের কথালিটন বরিশাল থেকে এসেছিলেন ঢাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে। তাঁর চাচাতো ভাই মাইনুল হাসান খোকনের রয়েছে নিউ স্টার ফিল্ম করপোরেশন নামে অনুষ্ঠান নির্মাণের কারিগরি প্রতিষ্ঠান। লিটন সেখানেই ভিডিও সম্পাদক মিঠুর কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করলেন। মাত্র তিন মাসের মধ্যেই লিটন এখন একটি বেসরকারি টিভি চ্যানেলের ভিডিও সম্পাদক এবং নিউ স্টার ফিল্ম করপোরেশনেও ভিডিও সম্পাদনার কাজ করছেন। বললেন, ‘এখন আমি অনেকটা নিশ্চিতভাবেই জীবনযাপন করছি। বেকারত্ব নিয়ে অনেক চিন্তিত ছিলাম। এখন আর সে রকম কোনো চিন্তা করি না। দিন দিন আরও শেখার চেষ্টা করছি। বলব, যেহেতু আমি এ কাজ করতে পারছি, তাহলে সবাই চেষ্টা করলেই এ কাজ করতে পারবেন।’সর্বশেষ কথাভিডিও সম্পাদনা এমন একটি পেশা, যা নিয়ে সব সময়ই সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করে নিতে এ মাধ্যমের ওপর পড়াশোনা করতে হবে। তবেই আপনি এ পেশার সঙ্গে জড়িয়ে থাকতে পারবেন সব সময়। আবার ইচ্ছা করলে আপনি হতে পারেন একজন অনুষ্ঠান নির্মাতা। যেমনটি হয়েছেন তাহের শিপন, মেজবাউর রহমান শিপন ও সাফিউদ্দিন। তাঁরা এখন পরিচালকও।