গণতন্ত্র প্রতিষ্ঠার অক্লান্ত আন্দোলন দেশের জনগণের কাছে তাঁকে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। দেশের জন্য আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনেও তাঁকে মর্যাদার আসনে বসিয়েছে। পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। কিন্তু মিয়ানমারের অং সান সু চি দৃশ্যত ধীরে ধীরে তাঁর সেই মর্যাদার আসনটি হারাতে চলেছেন। এখন তিনি যেন আত্মপ্রকাশ করছেন নিছক এক রাজনৈতিক খেলোয়াড় হিসেবে। গত সপ্তাহে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) চেয়ারপারসন পদে পুনর্নির্বাচিত হন সু চি। দলের বয়োজ্যেষ্ঠ সদস্যদের মতে, সু চি ছাড়া এনএলডি অর্থহীন। তিনি দলের মধ্যমণি। এখনো কোথাও গেলে তাঁর চারপাশে লোকজনের ভিড় জমে যায়। তবে মিয়ানমারের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুব বেশি দিন হয়তো সু চি তাঁর এই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন না। দীর্ঘদিন দেশের ক্ষমতা আঁকড়ে থাকা সামরিক বাহিনীর স্তুতি গেয়ে এবং কাচিন বিদ্রোহী ও রোহিঙ্গাদের ওপর সরকারের দমন-পীড়নের ব্যাপারে নীরব থেকে গত কয়েক মাসে তিনি জনগণের একটি বড় অংশের সমর্থন হারিয়েছেন। সম্প্রতি মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে মনিওয়া এলাকায় একটি তামার খনি চালুর পক্ষে কথা বলে সু চি স্থানীয় অধিবাসীদের ক্ষুব্ধ করেছেন। লেতপাদংতং নামে ওই তামার খনিটি যৌথভাবে পরিচালনা করছে মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান ও চীনের একটি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, তামার খনিটি পরিবেশদূষণের পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে। কৃষকদের অভিযোগ, এই তামার খনির জন্য তাদের বহু জমি অবৈধভাবে দখল করা হয়েছে। খনি বন্ধ করে দেওয়া ও ক্ষতিপূরণের দাবিতে কৃষকেরা কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছেন। বিক্ষোভকারী কৃষকদের ওপর পুলিশের হামলায় বহু লোক আহত হয়েছে। প্রেসিডেন্ট থেইন সেইন এ ঘটনার তদন্ত করার ভার তুলে দেন অং সান সু চির হাতে। তদন্ত প্রতিবেদনে দাঙ্গা দমনের জন্য পুলিশকে আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের উন্নয়নের জন্য তামা খনিটি খনন হওয়া উচিত বলে মত দেওয়া হয়। এই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর খনি এলাকার মানুষ সু চির ওপর আরও খেপে যায়। তারই বহিঃপ্রকাশ ঘটে সু চি ওই এলাকায় গেলে। সু চি বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানালে কৃষকেরা তাঁর দিকে তেড়ে আসেন। একজন কৃষক ক্ষোভের সঙ্গে বলেন, ‘স্রেফ দুমুঠো ভাত খেয়ে থাকলেও আপনার দলকে ভোট দিতাম। কিন্তু সেই আপনিই আর আমাদের পক্ষে নন। আপনি এখন সেই সামরিক বাহিনীর পক্ষে, যারা কিনা আপনাকেই ১৫ বছর গৃহবন্দী করে রেখেছিল।’মনিওয়া এলাকা ছাড়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সু চি বলেন, ‘কখনো কখনো রাজনীতিকদের এমন কাজও করতে হয়, যা জনগণ পছন্দ করে না। এই খনি চালু করলে দেশের লাভ হবে। তাই একটি এলাকার ভালোমন্দ না দেখে গোটা দেশের কল্যাণ দেখা উচিত। খনিটি বন্ধ করে দিলে প্রভাবশালী প্রতিবেশী দেশ চীন অসন্তুষ্ট হবে।’ মিয়ানমারের বহুল পঠিত অনলাইন সংবাদ সাময়িকী ইরাবতীর সম্পাদক অং জ লিখেছেন, সু চি সব সময় বলে এসেছেন, তিনি যা করেন তা জনগণের মঙ্গলের জন্য করেন। কিন্তু জনগণ এখন আর বোধ হয় তাঁর ওপর আস্থা রাখতে পারবে না।তবে কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, সু চি আসলে উভয়সংকটে আছেন। একদিকে দেশের জনগণ, অন্যদিকে সামরিক বাহিনী। তামা খনিটির একাংশের মালিকানা সামরিক বাহিনীর। খনির বিরুদ্ধে কথা বললে তা সামরিক বাহিনীর বিপক্ষে যায়। আর তাদের খেপিয়ে দিলে ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে সু চির আশা ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। রোকেয়া রহমান