আপাতত এক মঞ্চে বিএনপি নেতারা
কেন্দ্র ঘোষিত কর্মসূচির কারণে নগর বিএনপিতে আপাতত ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। গত রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচিতে বিএনপির বিবদমান তিন নেতা—আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন একসঙ্গেই ছিলেন। তাঁরা ঐক্যবদ্ধ থাকতে মঞ্চে উঠে হাত তুলে প্রতিশ্রুতি দিয়েছেন। দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের ফুটপাতে বিএনপির এই মঞ্চ তৈরি করা হয়।আগামী মাসে অনুষ্ঠেয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচি পর্যন্ত এই ঐক্য অটুট দেখতে আগ্রহী কর্মী-সমর্থকেরা। দলীয় সূত্র জানায়, রোববার সকাল আটটা থেকে দিনভর কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বক্তৃতাপর্ব ছিল। গতকাল সোমবার সকাল থেকে কর্মসূচি আবার শুরু হয়। দুপুর পর্যন্ত চলে এ কর্মসূচি। এতে নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা অংশ নেন। গতকালের কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন। তবে অসুস্থতার কারণে গতকালের কর্মসূচিতে মীর নাছির অনুপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মীর মোহাম্মদ নাছির উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। শরীর ভালো নয় বলে কর্মসূচিতে যেতে পারছি না। তবে কর্মসূচি সফল করার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছি।’গত রোববার তিন নেতার একসঙ্গে অবস্থান সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তোমরা এত দিন আমাদের বিভক্তির কথা লিখেছ। এবার আমরা সবাই একসঙ্গে কর্মসূচি পালন করছি। এই ঐক্যের কথাও কাগজে লিখে দিয়ো।’আবদুল্লাহ আল নোমান বলেন, ‘কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে পালন করছি। কারণ, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সরকারকে হঠাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’এদিকে, দলীয় কার্যালয়ের কর্মসূচিতে গতকালও বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন। রোডমার্চ পর্যন্ত এই ঐক্য ধরে রাখতে কর্মী-সমর্থকদেরও চাপ রয়েছে বলে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘শনিবার রাতে কেন্দ্র যে কর্মসূচি দেওয়া হয়, তা জেলার শীর্ষ পর্যায়ের নেতা ছাড়া আর কেউ জানতেন না। রাতে নেতাদের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রামের বিবদমান তিন নেতা—নোমান, খসরু ও মীর নাছিরও কেন্দ্রের মনোভাব বুঝে একমঞ্চে এসেছেন। এতে নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, যা আমরা ধরে রাখতে চাই।’সরকারের নানা ব্যর্থতা ও গুপ্তহত্যার প্রতিবাদে বিএনপি হঠাৎ এ কর্মসূচি পালন করে বলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার জানিয়েছেন।