আপাতত জাহাজে যাচ্ছেন না ২৫ নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির ২৫ নাবিকের কেউ আর জাহাজের চাকরিতে ফিরে যাওয়ার চিন্তা এ মুহূর্তে করছেন না। মৃত্যুর কাছ থেকে ফিরে আসার দুঃসহ স্মৃতি তাঁদের এখনো তাড়া করছে। আপাতত দু-তিন মাস স্বজনদের কাছে থেকে তাঁরা জীবনের স্বাভাবিকতায় ফিরে আসতে চান। এরপর কী করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।মুক্ত নাবিকেরা ওমানের সালালাহ বন্দরে এবং দেশে ফিরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা জানান। নাবিকদের অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন আপনজনের সঙ্গে সময় কাটাতে। তার পরও পুরোপুরি স্বাভাবিক হতে পারছেন না অনেকে। এঁদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমেদ অন্যতম। জাহাজের শীর্ষ কর্মকর্তা হিসেবে জিম্মিদশায় তাঁর ওপরই ধকল গেছে বেশি। এ ধকল সামলে উঠতে ক্যাপ্টেন ফরিদের আরও বেশ কয়েক মাস লাগবে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। নাবিকদের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত জাহান মণির মালিক প্রতিষ্ঠান মেসার্স এসআর শিপিংয়ের কর্মকর্তা ক্যাপ্টেন গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘কোনো নাবিকের জাহাজে ওঠার মতো মানসিক অবস্থা এখন নেই। তাই আমরা কাউকে এ মুহূর্তে আবার জাহাজে উঠতে বলছি না।’ জাহান মণির সাবেক প্রকৌশলী মতিউল মাওলা প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত আর জাহাজে ফেরা হবে না। এমনিতেও ৩০-৩৫ বছর হয়ে গেছে জাহাজের চাকরিজীবন। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে আসার যন্ত্রণা জাহাজে চড়ার মানসিকতাই নষ্ট করে দিয়েছে।’ মতিউল মাওলার সঙ্গে তাঁর স্ত্রী রোখশানা গুলজারও ওই জাহাজে জিম্মি ছিলেন।নাবিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমালিয়া উপকূলের কারাকাত এলাকায় আটক অবস্থা থেকে একদিন জলদস্যুরা হঠাৎ জাহাজটি দক্ষিণে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্য জলদস্যুরা প্রধান প্রকৌশলীকে ব্রিজ রুমে ডেকে আনেন। দ্রুত জেনারেটর চালাতে বলেন তাঁকে। জাহাজে জ্বালানি নেই, জেনারেটর চলবে না—প্রধান প্রকৌশলীর এ জবাবের পর ক্ষিপ্ত হয়ে ওঠে জলদস্যুনেতা মেরি নূর। প্রধান প্রকৌশলীর বুক বরাবর একে-৪৭ রাইফেল তাক করে মেরি ইংরেজিতে বলে ‘হয় তুমি জেনারেটর চালু করবে নয়তো মরবে।’ এরপর জলদস্যুরা তাঁকে বন্দুকের মুখে কক্ষ থেকে বের করে নিচের ইঞ্জিন রুমে নিয়ে যায়। ব্রিজ রুমে বন্দী নাবিকদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তাঁরা রুদ্ধশ্বাসে অপেক্ষায় ছিলেন এই বুঝি গুলির শব্দ শোনা গেল। আধঘণ্টা পরে জলদস্যুরা প্রধান প্রকৌশলীকে অক্ষত অবস্থায় ফেরত আনে। কিন্তু জিম্মিদের মধ্যে স্বস্তি আসছিল না কিছুতেই। তাঁদের আশঙ্কা ছিল এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। একইভাবে জাহান মণিকে সোমালিয়ায় তীরে নিয়ে যাওয়ার ১০-১২ দিন পর ব্রিজ রুমের বেতারযন্ত্রের কাছে সশস্ত্র পাহারায় বসিয়ে রাখা হয়েছিল দ্বিতীয় কর্মকর্তা জি এম নূরে আলমকে। তিনি চেয়ারে পা তুলে বসে যন্ত্রের বোতাম টিপে দেখছিলেন সব ঠিক আছে কি না। এটা দেখে এক জলদস্যু মনে করছিল আলম বুঝি কোথাও বার্তা পাঠাচ্ছেন। হঠাৎ একজন এসে প্রচণ্ড লাথি মারেন তাঁকে। এতে তিনি চেয়ার থেকে পড়ে যান। অবশ্য জলদস্যুদের অন্য একজন এসে আলমকে রক্ষা করেন এবং যে লাথি মেরেছিল তাকে প্রচণ্ড বকাঝকা করে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এ ঘটনায় ব্রিজ রুমে বন্দী সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।নাবিকেরা জানান, জিম্মিদশায় এ রকম দম আটকে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বেশ কয়েকবার। এসব পরিস্থিতিতে স্বাভাবিক হয়ে উঠতে কয়েকমাস সময় লাগবে।জাহান মণির সাবেক তৃতীয় কর্মকর্তা মো. কামরুল হোসাইন বলেন, আপাতত চাকরির চিন্তা করছি না, জীবনের স্বাভাবিকতায় ফিরতে চাই। জাহাজে যাব কি না সেই সিদ্ধান্ত নেব আগামী ঈদের পর। কামরুলের মতো প্রায় সব নাবিকের মনের অবস্থা এ রকমই বলে জানা গেছে।