আপাতত শান্ত দীঘিনালা
শান্ত হয়ে এসেছে খাগড়াছড়ির দীঘিনালার পরিস্থিতি। গত বুধবারের সহিংসতার রেশ অনেকটাই কেটে গেছে। উপজেলার কবাখালী বাজার ছাড়া অন্যান্য বাজারে আদিবাসীরা বাঙালিদের পাশাপাশি স্বাভাবিকভাবে বেচাকেনা করছে। তবে দীঘিনালার সঙ্গে বাঘাইহাট ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ গতকাল শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধ ছিল। গত বুধবার বাঘাইছড়িতে মোটরসাইকেলের চালক আবদুস সাত্তারের (২৭) মৃতদেহ পাওয়ার পর দীঘিনালার কবাখালীতে বাঙালিদের হামলায় আদিবাসী নারী চিগোনমিলে চাকমা নিহত হন এবং আহত হন আরও ১৫ জন আদিবাসী। সহিংসতার পর আদিবাসীরা কবাখালী বাজারে আসছে না। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, কবাখালীতে এখন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এদিকে কাল সোমবার দীঘিনালা ও বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনের দীঘিনালা উপজেলার আহ্বায়ক দেবদত্ত ত্রিপুরা জানান, ‘সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।’এদিকে দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ির সড়ক যোগাযোগ গতকাল পর্যন্ত স্বাভাবিক হয়নি। এই রুটে দু-একটি মোটরসাইকেল চললেও চলেনি বাস ও পণ্যবাহী যানবাহন। খাগড়াছড়ি যানবাহন মালিক সমিতির দীঘিনালা লাইন কন্ট্রোলার নাছির উদ্দিন জানান, ‘দীঘিনালা থেকে বাঘাইহাট ও বাঘাইছড়িতে কোনো যাত্রীবাহী গাড়ি চলাচল করছে না। বাঘাইছড়িতে আটকে পড়া গাড়িগুলো শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রহরায় দীঘিনালায় পৌঁছানো হয়েছে।’বুধবারের সংঘর্ষের পর দীঘিনালার সাধারণ পাহাড়ি-বাঙালিরা ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। শুক্রবার বিকেলে সদরের বোয়ালখালী নতুন বাজারে গিয়ে দেখা যায়, আদিবাসী-বাঙালি পাশাপাশি বসে সবজি বেচাকেনা করছে। বাজারে আসা কয়েকজন আদিবাসী ক্রেতা জানান, ঘটনার পর তাঁরা আতঙ্কিত ছিলেন। তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। কাঁঠালতলী পাড়ার গৃহিণী তুনবী চাকমা বলেন, ‘আগের মতো পরিস্থিতি এখন নেই। ঘরের পাশে বাঙালিরা এসে খোঁজখবর নিচ্ছে। আমরা এ গ্রামের সবাই আত্মীয়ের মতো।’দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক । হাটবাজারগুলোতে পাহাড়ি-বাঙালি উভয়ে আসছে। রাস্তাঘাটেও মানুষের চলাচল বাড়ছে।’