আপুর ফ্যাশন
তখন মোবাইল ফোনের নবযুগ। এখনকার মতো সবার হাতে তখন মোবাইল ফোন ছিল না। যেমন করেই হোক, ওই নবযুগেই বড় আপু একটা মোবাইল ফোন কিনে অসাধ্য সাধন করেছিল। মোবাইল ফোন হাতে নিয়ে কি শুধু শুধু বসে থাকা যায়? মানুষকে দেখাতে হবে না যে ওর মোবাইল ফোন আছে? খেলাধুলা বাদ রেখে তখন ও এই কাজটাই করতে লাগল। প্রতিদিন বিকেলে আপু রেলিংবিহীন ছাদে উঠে পায়চারি করতে লাগল আর কোনো মানুষ দেখলেই ফোনসেট কানে দিয়ে কথা বলার অভিনয় করতে লাগল। যে মোবাইল ফোন নামের সোনার হরিণটা একটু ছুঁয়ে দেখার জন্য আমরা পাগল ছিলাম, সেটা নিয়ে বড় আপুর ফ্যাশন দেখে পিত্ত জ্বলে যেত। কী আর করা, বসে বসে ফ্যাশন শো দেখতাম আর অভিশাপ দিতাম। শকুনের দোয়ায় শেষমেশ গরু মরল। একদিন রাস্তার সামনে দাঁড়িয়ে বড় আপু মোবাইল ফোনে কথা বলার ভান করছিল আর ঢং করছিল। এমন সময় মোবাইল ফোনে রিং হলো। বড় আপু কিছুক্ষণের জন্য থমকে গেল। আসল ব্যাপার বোধগম্য হতেই ও দৌড়ে ঘরে চলে এল। আমরা সবাই হাসিতে ফেটে পড়লাম। এরপর আর কোনো দিন বড় আপু মোবাইল ফোনের ফ্যাশন শো করেনি। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।