আপেল
ছেলের সঙ্গে কানাডায় যাচ্ছি। প্লেনে উঠে বসলাম মাত্র। প্লেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। সবাইকে মোবাইল ফোন বন্ধ করার অনুরোধ জানানো হচ্ছে। ভাবলাম, শেষ একটা ফোন করে নিই। ফোন করলাম বড় মেয়েকে। বললাম, ভালো থেকো, সাবধানে থেকো। আরও নানা উপদেশ। পাশ থেকে ছেলে বলে উঠল, ‘মা, আপুকে বলো, কেউ ফল নিয়ে এলে যেন দরজা খুলে না দেয়।’ মন খারাপ। তবু এ সময় ছেলের কথা শুনে হাসি পেল। অনেক বছর আগের একটি ঘটনা মনে পড়ে গেল। প্রায় ১৫ বছর আগের ঘটনা। আমার বড় মেয়েটা একটু সহজ-সরল টাইপের। তখন মণি বোধ হয় সিক্স কিংবা সেভেনে পড়ে। এক বিকেলবেলা, আমি ছেলেকে নিয়ে মার্কেটে যাব। মণিকে নিয়ে যাব না। কারণ পরদিন মণির পরীক্ষা। বাসায় একা কী করে রেখে যাই। কাজের মেয়েসহ মণিকে ঘরে রেখে বাইরে তালা দিয়ে দিলাম। চাবিটা আবার দরজার নিচ দিয়ে মণির কাছে দিয়ে দিলাম। কারণ ওদের আব্বা এলে যাতে দাঁড়িয়ে থাকতে না হয়। আর মণিকে বলে রাখলাম, যেন তার আব্বা ছাড়া আর কাউকে দরজার নিচ দিয়ে চাবি না দেয়। আমি যাওয়ার কিছুক্ষণ পর এক মহিলা এল। ওই মহিলা আমার পূর্ব পরিচিত, কিন্তু সে রকম কোনো ঘনিষ্ঠতা নেই। সে বাসায় তালা থাকা সত্ত্বেও কলবেল চাপল। একবার, দুবার, তিনবার। মণি বুঝতে না পেরে বলল, কে? ওই মহিলা বলল, ‘আমি সুরভির মা।’মণি: মা তো মার্কেটে গেছেন।সুরভির মা: আচ্ছা, তাহলে আমি আসি। তোমার মা এলে বোলো যে আমি এসেছিলাম।মণি: জি, আচ্ছা।হঠাৎ ওই মহিলা বলল, আচ্ছা, তোমার মা কি তোমার কাছে চাবি দিয়ে গেছে?মণি: না তো।সুরভির মা: ও, আমি তোমাদের জন্য এক কেজি আপেল এনেছিলাম তো, এই জন্য।মণি বোকাসোকা। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আন্টি, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। আমি দরজার নিচ দিয়ে আপনাকে দিচ্ছি।মণি চাবি দিল। সুরভির মা দরজা খুলে ঘরে ঢুকে আপেল দিল। কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করে আবার বাইরে তালা লাগিয়ে চলে গেল। সন্ধ্যার সময় বাসায় ফিরলাম। রাতে খেয়ে-দেয়ে ঘুমাতে যাওয়ার সময় দেখি, ফলের ঝুড়িতে আপেল। ঘরে তো আপেল ছিল না। মণিকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বা কি আজকে আপেল এনেছে? মণি বলল, না মা, আজ সুরভির মা এসেছিলেন। তিনিই আপেল নিয়ে এসেছেন। আমি বললাম, ঘরে তো তালা দেওয়া ছিল, সে কী করে জানল যে ঘরে লোক আছে?মণি: জানি না তো, মা। তিনি কলবেল চাপলেন, আমি বললাম চাবি নেই, মা বাইরে গেছেন। আন্টি বললেন, আপেল নিয়ে এসেছেন আমাদের জন্য। তাই বুদ্ধি করে আমি বলেছি, মা আমার কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে গেছেন। সেটা দিয়ে আন্টি ঘুরে ঢুকলেন।আমি হাসব, না কাঁদব। মেয়েকে দিলাম গালে এক থাপড়। ওই মহিলার তো বদ-মতলবও থাকতে পারত। এই ঘটনার পর থেকেই আমার ছেলে যখন বাইরে যায়, মণিকে খেপায়।শিরিন হকশেখসাহেব বাজার, লালবাগ, ঢাকা।