আপেল বাগানে একবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা যাওয়ার ১০ দিন পর নিজেকে নির্ভার মনে হলো। তত দিনে সেমিনারসহ যাবতীয় ছুটোছুটি শেষ। এবার আয়েশ করে ঘোরা যাবে। এ কয় দিন ম্যাগডোনালস আর হাবিজাবি খাদ্য খেয়ে জিহ্বায় চরা পড়েছে। এবার নিদেনপক্ষে ডাল-ভাত চাই! কাছাকাছি অবস্থানে বাঙালি অধ্যুষিত ব্রুকলিনে থাকেন রোমান মামা। সরাসরি তাঁর বাসায় উঠলাম। উঠলাম মানে একেবারে জেএফকে এয়ারপোর্ট থেকে পাকড়াও। তিনি যথেষ্ট আন্তরিক মানুষ। আমেরিকা যাওয়ার কথা শুনে বলেছিলেন, আগে আমার বাসায় উঠবেন। ব্রুকলিন যাওয়ার দু-এক দিনের মধ্যেই ভ্রমণসূচি ঠিক করে নিলাম। সর্বাগ্রে অবশ্যই আপেল বাগান। অনেক ধরনের বাগান দেখার সৌভাগ্য হয়েছে। বাগান না হলেও নিদেনপক্ষে গাছে ফল ধরে আছে এমন অনেক ভিনদেশি ফলগাছও দেখেছি। অথচ যে ফলটি এত দিন ধরে পাল্লা পাল্লা কিনে খাচ্ছি, সেই আপেল বাগান কখনো দেখা হয়নি। শুধু গাছ দেখলেই হবে না, গাছে গাছে টসটসে আপেল ঝুলছে এমন একটি দুর্লভ (আমার জন্য) দৃশ্য দেখা চাই। প্রস্তাব শুনে রোমান মামা মনে মনে ঢোক গিললেন কি না বুঝতে পারলাম না। তবে যাওয়ার জন্য সম্মত হলেন। কিন্তু সমস্যা একটাই, একেবারে হাতের কাছে কোনো আপেল বাগান নেই। আমাদের যেতে হবে লং আইল্যান্ডে। ব্রুকলিন থেকে দূরত্ব একেবারে কম না। যেদিন আকাশের মন ভালো ছিল। এমন একটি আলো-ঝলমল দিনে আমরা বেরিয়ে পড়ি। আমরা মানে আমি, রোমান মামা আর বাহার মামা। অসংখ্য শহুরে রাস্তা পাড়ি দিয়ে আমরা মূল সড়কে প্রবেশ করলাম। এবার শুধু ছুটতে থাকা। কিন্তু সঠিক এক্সিট নম্বরটা মনে রাখতে হবে। মূলত এক্সিট নম্বর অনুসরণ করেই সবাই এক্সপ্রেসওয়ে থেকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। একবার পথ ভুল করলে দু-এক ঘণ্টা গোলকধাঁধায় কেটে যাওয়া বিচিত্র কিছু নয়। এ কারণে এখানে সবাই চোখ-কান খোলা রেখে গাড়ি চালায়। পথের দুই পাশে বেশ পরিপাটি করে গাছ লাগানো। গাছপালার ঘনত্ব দেখে তাৎক্ষণিকভাবে মনে হতে পারে, আমরা কোনো বনের ভেতর দিয়ে যাচ্ছি। আসলে তা নয়, নির্দিষ্ট একটি স্থানের পর দেখা যাবে লোকালয় বা ফসলের মাঠ। গাছে গাছে বিচিত্র রঙের পাতা যেন ফুলের দৈন্য ঘুচিয়ে দিচ্ছে। এখানে শীতের আগে আগে পাতা ঝরার মৌসুম। ঝরে পড়ার আগে পাতাগুলো বিচিত্র রং ধারণ করে। লাল, হলুদ, বাদামি—এ তিন রঙের মধ্যেও আবার একটু এদিক-সেদিক আছে। রঙিন পাতার এই দৃশ্যপট অনেক দূর অবধি বিস্তৃত। দারুণ উপভোগ্যও বটে। দেখেই বোঝা যায়, পাতার সৌন্দর্য উপভোগ করার জন্য এমন বিচিত্রতা তৈরি করা হয়েছে। পরিকল্পক তাঁর স্বপ্নকে তুলে ধরতে পেরেছেন যথার্থভাবে। রোমান মামা বললেন, এতক্ষণ গাড়ি ছোটানোর পর একটু চা-কফি হলে মন্দ হয় না। অতএব চা কিংবা কফি বিরতি! একটা খাবারের দোকানে থামলাম আমরা। তারপর আবার একই দৃশ্য; মাথার ওপর ঝকঝকে নীলাকাশ, মাঝেমধ্যে অচেনা গ্রাম কিংবা বনের পথে হাতছানি। দেখতে দেখতে ফুরিয়ে এল সময়। মূল সড়ক থেকে সরে এসে আমরা লোকালয়ে ঢুকে পড়লাম। হালকা বসতি, লোকজন খুব বেশি নেই। কিছু দূর গিয়ে চোখে পড়ল একটা খামারবাড়ি। ভাবলাম, এখান থেকে হয়তো আপেল বাগানের সঠিক অবস্থানটা জানা যাবে। ভেতরে উঁকি দিয়ে দেখি, কুমড়োর খেত। কুমড়োগুলো আমাদের দেশি কুমড়োর মতো না, লালচে বাদামি এবং আকারে বেশ বড় বড়। ক্রেতাও মন্দ না। সামনে হ্যালুইন ডে। কুমড়োর খোলসটায় রংচং মাখিয়ে ওরা বাড়ির সামনে সাজিয়ে রাখবে। আর শিশুরা দল বেধে প্রতিবেশীদের বাড়ি বেড়াতে যাবে। ওদের জন্য সব বাড়িতেই ক্যান্ডি মজুদ থাকবে। এটাই হ্যালুইনের দীর্ঘদিনের রেওয়াজ।খামারবাড়ি থেকে আপেল বাগানের অবস্থান বুঝে নিয়ে আবার ছুটছে আমাদের গাড়ি। এই পথ, ওই পথ, লোকালয় পেরিয়ে অনেক দূর চলে এসেছি। পথে পড়ল একটি মাঝারি গোছের বন। বনের এ মাথা-ও মাথায় তাকিয়ে দেখি, মানুষের কোনো চিহ্ন নেই। এই নির্জনতাটুকু দারুণ উপভোগ করি আমরা। বন পেরিয়ে পথের দুই পাশে অনেক ছিমছাম খামারবাড়ি। দীর্ঘ সবুজ মাঠ। ঝকঝকে কাঠের ঘর। আকাশের নীলচে আলোয় ঝলমল করছে প্রকৃতি। কিন্তু এদিকে কোথাও আপেল বাগান নেই। লং আইল্যান্ড তো আর ছোট্ট জায়গা না। তা ছাড়া নির্দিষ্ট কোনো বাগানের নামও জানি না। সুতরাং তরতাজা আপেল দেখতে হলে আরেকটু খোঁজাখুঁজি করতে হবে আমাদের। আমরা একটা গ্যাস স্টেশনে থামলাম। ওরা জানাল, এখানে আপেলের মৌসুম মোটামুটি শেষ। প্রায় সব বাগানই বন্ধ। আমাদের মাথায় হাত। তীরে এসে তরী ডুবল বলে! আমরা মরিয়া হয়ে জানতে চাই, বাগানগুলো কোন দিকে, দয়া করে সেটা অন্তত আমাদের বলো। স্প্যানিশ লোকটা কপাল কুঁচকে আমাদের দিকে তাকাল। মনে হয়, এমন আজব লোক সে জীবনে দেখেনি, যারা কিনা শুধু আপেল বাগান দেখার জন্য এমন মরিয়া হয়ে উঠেছে। ওর হিসাবটা হয়তো ঠিক আছে। আমাদের কাছে গাছে ঝুলে থাকা পেয়ারা যেমন সহজ, ওদের কাছে আপেলটা তেমনি সহজ। আপেল বাগানগুলো কোন দিকে পাওয়া যাবে, ভালো করে বুঝিয়ে বলল সে। রোমান মামা বললেন, এবার মনে হয় পেয়ে যাব।অবশেষে পেয়েও গেলাম একটা বড়সড় বাগান। পথের দিকে দায়সারা গোছের একটা রেলিং দিয়ে ঘেরা। কিন্তু ভেতরে কাউকেই দেখা গেল না। প্রথম দিকে কিছুটা ইতস্তত করলেও পরে ভেতরে ঢুুকে পড়লাম এই আশায় যে ভেতরে নিশ্চয় কাউকে না কাউকে পাওয়া যাবে। দেখেই বোঝা যায়, ডালপালা ছেঁটে গাছগুলো ছোট করে রাখা হয়েছে। নিচে আপেলের স্তূপ জমে আছে। সম্ভবত এ বাগানেও বিক্রি শেষ। রাশি রাশি আপেল এভাবে নষ্ট হয়ে যাবে, কেউ খাবে না। কিন্তু পাতায় পাতায় চোখ লাগিয়েও একটা আপেল পেলাম না। গাছে একটা আপেলও নেই? তা কী করে হয়! এ গাছ থেকে ও গাছে ছুটে যাচ্ছি। অবশেষে একটা গাছে দুটো নিষপ্রাণ আপেল দেখে হাতে যেন স্বর্গ পেলাম। তারপর একসময় আবিষ্কার করলাম, আমাদের সামনে একটা দীর্ঘ বীথিজুড়ে শুধু আপেল আর আপেল। চোখের তৃপ্তি মিটিয়ে দেখলাম আর রাশি রাশি ছবি তুললাম। ছবি তোলা শেষ হতে চায় না। সবুজ আপেলের পর একটি লাল আপেলের বীথিও আবিষ্কার করি। হাত দিয়ে গাছ, পাতা ও ফল ছুঁয়ে দেখি। আবারও ছবি তোলার হিড়িক। রোমান মামা ভিডিও করায় মন দিলেন। এখানেও গাছতলায় কয়েক স্তর আপেল জমেছে।এই আপেল বাগানটি ধারণাতীত বড়। এ মাথা-ও মাথা কিছুই দেখা যায় না। বাগানের ভেতর আরও খানিকটা ঘুরে দেখলাম, কাউকে পাওয়া গেল না। রোমান মামা কিছু তাজা আপেল কিনতে চেয়েছিলেন। সেই সঙ্গে আমারও ক্ষীণ আশা ছিল, একটি তাজা আপেল পরখ করে দেখতে। স্বাদটা কেমন। কারণ আমরা তো দেশে তাজা আপেল খেতে পাই না। যা-ই হোক, কিছু কিছু সাধ তো অপূর্ণই থাকে! আমরা বাগান ছেড়ে বেরিয়ে এলাম। এবার পথের দুই পাশে বিশাল শস্যের মাঠ। সবুজ শস্যশিশুরা কেবল পৃথিবীর স্বাদ পেতে শুরু করেছে। এগুলো নাকি সোডার খেত। সময়ের অভাবে বাকি রহস্য উদ্ঘাটন করা সম্ভব হলো না।