আপ্পি,
কেমন আছিস? আচ্ছা, তুই আমার চেয়ে বয়সে এত্ত বড়! তা-ও তোকে আমি ‘তুই’ বলে ডাকি কেন? ‘তুই’ বলে ডাকব না তো কী? বেস্ট ফ্রেন্ডকে তো ‘তুই’-ই ডাকতে হয়, তাই না? বেস্ট ফ্রেন্ড না ছাই! আমি যদি সত্যিই তোর বেস্ট ফ্রেন্ড হতাম, তাহলে তুই আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারতি? ছয়টা বছর হয়ে গেল। জানিস? তোকে ছাড়া একা একা ঘুমাতে আমার এখনো বড্ড ভয় করে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ক্লান্ত চোখে তারাভরা আকাশটার দিকে তাকিয়ে থাকি আর তোর স্মৃতিগুলো হাতড়ে বেড়াই।
স্মৃতি জিনিসটা বড্ড খারাপ। ভেতর থেকে আমাকে কুঁড়ে কুঁড়ে খায় আর কষ্ট দেয়। তোর মায়াভরা মুখটার চাপা লাজুক হাসি আর গভীর চোখ দুটো আমাকে কল্পনায় নিয়ে চলে কোনো এক স্বর্গরাজ্যে, যেখানে শুধু তুই আর আমি। কিন্তু বাস্তবতা আমাকে টেনে নিয়ে আসে নিষ্ঠুর দুনিয়ায়, যেখানে তুই নেই, শুধু আমি একা।
মনে আছে? ছোটবেলায় তোর সঙ্গে সারা দিন কত ঝগড়া করতাম! অভিমান করে কত দিন কথা পর্যন্ত বলিনি। আর এখন! বুকফাটা আর্তনাদ করলেও তোর কণ্ঠটা কেউ আমাকে একটাবারের জন্যও শোনাতে পারবে না। মনে করতাম, বড় বোন হয়েছিস বলে খুব ভাব মারিস। তোর কথা শুনতাম না। আমি খুব অবাধ্য একটা বোন ছিলাম, তাই না? তোকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা না করে দিয়েই তুই চলে গেলি? কথা দিচ্ছি, আর কখনো তোর অবাধ্য হব না, তোর সব কথা শুনব। তবু কি তুই ফিরে আসবি না? তোকে যে আমি এতটা ভালোবাসি, কখনো টের পাইনি। আর যখন টের পেলাম, তখন সেটা জানানোর সুযোগটা পর্যন্ত দিলি না। আমি খুব স্বার্থপর হয়ে গেছি, তাই না রে? রোজ ভাবি, তোকে চিঠি লিখব। কিন্তু সেই চিঠিটা কেবল মনের গহিন খাঁচায় বাক্সবন্দী হয়ে থাকে, সাদা কাগজের ওপর কলমের কালো গোটা অক্ষর আর হয়ে ওঠে না। সেই শত মাইল দূরে তোকে রেখে যেদিন ফিরে আসছিলাম, মনে হচ্ছিল পুরো পৃথিবীটা আমার চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছে। অলক্ষ্যে হয়তো চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল দুই গাল বেয়ে। মাঠের কচি ঘাসফুলগুলোই কেবল সে দৃশ্যটার সাক্ষী ছিল। আর ঘন গাছপালার আড়ালে গনগনে সূর্যটা বারবার উঁকি দিয়ে হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। বাস্তবের আয়নায় তুই আমার কাছে হয়তো অধরা, কিন্তু স্বপ্নে রোজ রাতে তুই ঠিকই ধরা দিস আমার কাছে। কিন্তু ঘুমটা ভেঙে গেলে নিষ্ঠুরের মতো আমায় একা ফেলে রেখে তুই হারিয়ে যাস। অনেক চেষ্টা করি কাঁদব না। চোখ ফেটে জল আসতে চায়, বাধা পেয়ে হয়তো গড়ায় না। কিন্তু মেঘের মতো ঘনীভূত হতে থাকে আমার বুকের মাঝে জমাটবাঁধা কষ্টগুলোর ওপর। আশায় আছি, হয়তো একসময় মুষলধারায় বৃষ্টি নামবে আর আমার সব কষ্ট ধুয়ে-মুছে যাবে। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা।