
ছোটখাটো যুদ্ধই বলা যায়। একদিকে অতিথি, অন্যদিকে নিমন্ত্রণকারী। যাঁরা নিমন্ত্রণ করেছেন, তাঁরা বিশ্বাসী অতিথি আপ্যায়নে। বেশি বেশি করে খাওয়াতে চাইছেন অতিথিকে। কিন্তু অতিথি সব খাবার খেতে নারাজ। খাবার টেবিলে শুরু হয়ে গেল খাওয়া না-খাওয়ার ‘যুদ্ধ’। একজন ভাবছেন, ঠিকমতো বুঝি খাওয়ানো হলো না। আর অতিথির তো পেটে জায়গাই নেই। বিশেষজ্ঞরা মনে করেন, অতিথি আপ্যায়নে অতিথির পছন্দ-অপছন্দকেই গুরুত্ব দিতে হবে। না হলে আপ্যায়নের স্রোতে আন্তরিকতা মোড় নেবে বিড়ম্বনায়।
অতিথি আপ্যায়নে একেকজন একেক নীতিতে বিশ্বাসী। নিমন্ত্রণকারী হিসেবে ভাবছেন, আপনিই ঠিক। হাসিমুখে স্বাগত জানানো থেকে শুরু করে আড্ডা—সবকিছুতেই পাস করে গেলেন। কিন্তু ঝামেলা বাধিয়ে ফেললেন খাবার টেবিলে বসে। থালায় খাবার উঠিয়ে দেওয়ার রেওয়াজে বেচারা হয়তো ঠিকমতো কোনোটাই খেতে পারলেন না। জাতীয় হোটেল ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটের খাদ্য ও পানীয় সেবার জ্যেষ্ঠ প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ বায়েজীদ আশরাফ বলেন, ‘অনেকে খুঁতখুঁতে হয়ে থাকেন। খাবার নিজে পছন্দ করে খেতে চান। তাঁদের জোর না করাই ভালো। টেবিলে খাবার থাকবে। আমরা অনুরোধ করব উঠিয়ে নিয়ে খাওয়ার জন্য।’
একই বিষয়ের কিন্তু উল্টো দিকও আছে। নিমন্ত্রণকারীর নিজ হাতে পরিবেশন অনেক অতিথি পছন্দ করে থাকেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান আফরুজা খানম বলেন, সবকিছুরই একটা শিল্প আছে। পরিবেশন করা উচিত সুন্দর করে। অনেকে পছন্দ করেন দামি খাবার, অনেকে করেন না। অতিথির পছন্দ-অপছন্দ চিন্তা করেই খাবার পরিবেশন করা উচিত। কিন্তু প্রথমবার আসছেন, এমন মানুষকে একটু জিজ্ঞেস না করলে আন্তরিকতা থাকে না। সবকিছু অবস্থা বুঝে করা উচিত। কোনো খাবারের প্রশংসা করলে তখন সেটা তুলে দেওয়া যায়।
খাবার পরিবেশনের সময় যা করবেন—
* স্বাস্থ্যগত কারণে অনেকে সব ধরনের খাবার খেতে পারেন না। তাঁদের সেসব খাবার খাওয়ার জন্য জোর করা উচিত নয়; বরং আন্তরিকতার সঙ্গে নিজের পছন্দমতো খাবার তুলে নিয়ে খেতে অনুরোধ করুন।
* একটি খাবার শেষ হয়ে যাওয়ার পর আরেকটি খাবার নেওয়ার জন্য অনুরোধ করুন। একই সঙ্গে থালায় দুই-তিন ধরনের খাবার নেওয়ার জন্য জোর করবেন না।
* অনেকেই চান তাঁদের প্লেটে খাবার তুলে দেওয়া হোক। তাঁদের ক্ষেত্রে পরিবেশন করুন।
* খাবার পরিবেশনের সময়টা খেয়াল রাখতে হবে। বিকেল বা সকালে খুব বেশি ভারী খাবার না দেওয়াই ভালো।
* পরিবেশনের সময় অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবেন। না হলে অরুচি বোধ করবেন আপনার অতিথি।
* শিশু ও বয়স্ক ব্যক্তিদের আগে খাবার পরিবেশন করা উচিত।
* খেয়াল রাখতে হবে যেন অতিথিদের শরীরে খাবার পড়ে না যায়।
* অতিথি অনুরোধ করলে একসঙ্গে বসে খেয়ে নিন।