
বাড়িতে অতিথি অাপ্যায়নে ট্রের জুড়ি মেলা ভার৷ পরিপাটি ট্রেতে খাবার পরিবেশনে বহিঃপ্রকাশ ঘটে বাড়ির লোকের আন্তরিকতা আর রুচির৷ আর তাই এখন খাবার নিয়ে শুধু নয়, পরিবেশনটা যাতে নান্দনিক হয়, সেটাও রাখতে হয় মাথায়।

পরিবেশনায় ইস্পাত বা অ্যালুমিনিয়ামের ট্রের ব্যবহার একসময় বেশ জনপ্রিয় ছিল৷ নানা ধরনের নকশার এসব ট্রেতে প্রকাশ পেত আভিজাত্য৷ মেলামাইন আর প্লাস্টিকও একসময় জায়গা করে নেয় ট্রে বাজারে৷ বাঁশ আর বেতের ব্যবহার শুধু গ্রাম এলাকায় দেখা যেত। নগরজীবনে এসব উপাদানে তৈরি ট্রে নিয়ে আসে আড়ং৷ নারকেলের মালার ব্যবহারও যোগ করে বৈচিত্র্য। কোনো কোনো ট্রে এমনভাবে তৈরি করা হয়, যেখানে আলাদা করে খাবার পরিবেশনের পাত্র লাগে না। বরং নকশা আর আকারের কারণে ট্রেটাই হয়ে ওঠে পরিবেশনের পাত্র৷

এদিকে দেশি পণ্যের দোকান যাত্রা ঘুরে দেখা গেল, এখানকার ট্রেতে আঁকা হয়েছে নানা রকম অঙ্কনচিত্র৷ রূপকথার লোকজ গল্প আর রিকশাচিত্রকে তুলে ধরা হয়েছে ট্রেতে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ‘অন্য কিছু’ দোকানটিতে কাঠে খোদাই করে নকশা এঁকে তৈরি করা হয়েছে ট্রে। কাচ, প্লাস্টিক এমনকি খেজুর পাতার ট্রেও পাওয়া যায় বারিধারার হোম অ্যান্ড ডেকোরে৷ গোলাকার, ত্রিভুজ, বৃত্ত আবার চতুর্ভুজ আকৃতির ট্রে মিলবে এসব দোকানে৷
ট্রেতে শুধু খাবার পরিবেশন করলেই চলবে না, পাশাপাশি কোন খাবারে কী ট্রে ব্যবহার করবেন, সেই বিষয়েও খেয়াল রাখার পরামর্শ দিলেন রন্ধনশিল্পী সিতারা ফিরদৌস৷ যেমন বিকেলের স্ন্যাকস বা নাশতার পরিবেশনায় বেত বা বাঁশের ট্রে বেশি ভালো লাগবে৷ ভারী খাবার পরিবেশনায় বেছে নিতে পারেন কাঠের

জমকালো নকশার ট্রে৷
যখন বাজারজুড়ে এত বৈচিত্র্যময় নকশার ট্রের সমাহার ছিল না, তখন কিন্তু পারিবারিক বনেদিয়ানা বোঝাতে ট্রের ওপর হাতের কাজের

কাপড় বিছিয়ে দিতেন অনেকে৷ আবার কারও বাড়িতে খাবার পাঠানোর সময় খাবারের ওপর দিয়ে দেওয়া হতো রঙিন নকশার কাপড়৷ এখন অবশ্য তেমনটা না দেখা গেলেও ট্রেতে খাবার পরিবেশনার সময় অনেকেই কিছু নান্দনিক অনুষঙ্গ যোগ করে থাকেন৷ মোম, পানিতে ফুল বা গাছ দিয়ে সাজিয়ে থাকেন ট্রে৷ রন্ধনশিল্পী আল্পনা হাবীব জানালেন, যদি টেবিলে ট্রে সাজানো থাকে, তবেই কেবল এই ধরনের অনুষঙ্গ যোগ করা যেতে পারে৷ খাবার পরিবেশনায় ট্রের আকারটাও একটা বড় বিষয় বলে জানালেন এই রন্ধনশিল্পী৷ যেমন যে খাবারটা পরিবেশন করছেন, তা যেন আরও সুন্দর দেখায়, এমনভাবেই ট্রে বেছে নেওয়ার পরামর্শ দিলেন তিনি।